শেষের আগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেডেল লইয়া কী করিব!একটা গ্র্যান্ড স্লাম জেতার মূল্য কতখানি সেটা তাঁর চেয়ে ভালো আর কেউ জানে না। ব্রিটিশদের এত এত বছরের অপেক্ষা প্রতিনিয়ত হোঁচট খাচ্ছে তাঁর কাঁধে চেপেই। সেই অ্যান্ডি মারে এবার অলিম্পিকে সোনা জিতেছেন। যেটিকে বলা হয় ফিফথ গ্র্যান্ড স্লাম। এই সোনা তাঁর কাছে যে গ্র্যান্ড স্লাম জেতার আনন্দের সমানই, সে কথা মারে নিজ মুখে স্বীকার করেছেন। অথচ সেই সোনার পদক তিনি কী করেছেন জানেন? ঝুলিয়ে দিয়েছেন কুকুরের গলায়!এমন ছবিই ছাপা হয়েছে সম্প্রতি। ছবিটা আমাদের দেশের প্রেক্ষাপটে অনেককেই আহত করবে। এ যে বাঁদরের গলায় মুক্তোর মালা দেওয়ার মতো অনাচার! কিন্তু ইউরোপীয় সংস্কৃতিতে নিজের পোষা কুকুরের মূল্য অনেক বেশি। আর যখন কেউ অলিম্পিকে জেতা মেডেল তাঁর পোষা কুকুরের গলায় ঝোলান, বুঝতে হবে, পদকটি তিনি কতই না ভালোবাসছেন!মারের মতো অনেকেই আছেন ঠিক বুঝে উঠতে পারছেন না, অলিম্পিকে জেতা পদকটি দিয়ে কী করবেন। ব্রাজিলিয়ান জুডোকা ফেলিপে কিতাদাই তাঁর ব্রোঞ্জ মেডেল নিয়ে গোসলও করতে গিয়েছিলেন। স্নানকক্ষে সেই মেডেল হাত থেকে ফস্কে মেঝেতে পড়ে ‘আহত’ হয়। পরে লন্ডন অলিম্পিক কর্তৃপক্ষ অবশ্য নতুন আরেকটি মেডেল দিয়েছে তাঁকে।ভেনেজুয়েলার ফেঞ্চার লিমার্দো গ্যাসকনকে সোনার পদক গলায় ঝুলিয়েই তামাম লন্ডন শহরে ঘুরতে দেখা গেছে। দক্ষিণ আফ্রিকান সাঁতারু ক্যামেরন ফন ডার বার্গ সারা দিন সোনার পদকটি চোখের আড়াল করতে দেন না। ব্রিটিশ রোয়ার হেলেন গ্লোভার বার্গের চেয়েও এক কাঠি সরেস। তিনি সারা দিন তো বটেই, সারা রাতও মেডেলটি নিজের কাছে রাখতে চান। বালিশের তলায় সেই পদক রেখেই ঘুমান! কার আছে চিৎকার?প্রতিটা শট ফেরানোর সময় মারিয়া শারাপোভা যেমন শব্দ করেন, আপনার কাছে মনে হতেই পারে, টেনিসের নয়, যেন তিনি লোহার ওজনদার একটা বল রিটার্ন করছেন! টেনিসে চিৎকার জিনিসটি অবশ্য রুশকন্যার একক সম্পত্তি নয়। আরও অনেকেই করেন হামেশাই। তবে শারাপোভার সঙ্গে সঙ্গে তাঁর চিৎকারটিও হয়ে উঠেছে বিখ্যাত।অলিম্পিকে এমন অনেক ক্রীড়াবিদের সন্ধান মিলেছে যাঁরা আনমনে সিটি বাজান। এবার তো চিৎকারের কারণে রীতিমতো বিখ্যাত হয়ে গেছেন চীনা ভারোত্তোলক ঝোউ লুলু। তাঁর চিৎকারের নাম ‘ফাং শং’! গত রোববার ঝোউ যখন নতুন বিশ্ব রেকর্ড গড়ার জন্য মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছিলেন, দর্শকেরা করতালি নয়; তাঁকে বরণ করে নিয়েছিল ভয়াবহ চিৎকার দিয়ে। ঝোউও এমনভাবে হাত নেড়ে সাড়া দিয়েছেন, বোঝা গেছে, এই অভিবাদনই তাঁর পছন্দ!কিন্তু অ্যাথলেটরা কেন এমন শব্দ করেন কিংবা সিটি বাজান? এর কি কোনো ব্যাখ্যা আছে? আছে! ট্রাম্পোলিনে অনেক জিমন্যাস্ট যখন কসরতবাজি করেন, তখন তাঁদের সিটি বাজাতে দেখা যায়। এটা তাদের মনোযোগ ধরে রাখতে সাহায্য করে। অনেক সময় ভারসাম্য বজার রাখার কাজও করে। মানসিক পারফরম্যান্স পরামর্শক অ্যান্ডি বার্টন তাঁর গবেষণায় বলেছেন, এ ধরনের ‘নয়েজ’ ক্রীড়াবিদদের কাছে ‘ট্রিগারে’র কাজ করে। নিজের ভেতরের সেরাটা বের করে আনে। শারীরিক নড়ন-চড়নে এনে দেয় ভারসাম্য। কিন্তু যাঁরা চুপ করে থাকেন? বার্টন জানাচ্ছেন, চুপ করে থাকা মানেই চুপ করে থাকা নয়। তাঁরা প্রতিনিয়ত মনের ভেতর কথা বলে চলেন। রজার ফেদেরারকে ভালো করে লক্ষ করলে দেখবেন, প্রায়ই বিড়বিড় করে কী যেন বলছেন।ধন্যবাদ ইটিঅলিম্পিকে এবার নিজের ষষ্ঠ সোনার পদকটি জিতে ইতিহাসের অংশ হয়ে গেছেন ক্রিস হয়। হয়ের এই জয়ের পেছনে কার অবদান সবচেয়ে বেশি জানেন? এক এলিয়েন বা ভিনগ্রহের আগন্তুকের। আরও স্পষ্ট করে বললে ইটি বা দি এক্সট্রাটেরিস্ট্রিয়ালের! না, ঘাবড়ানোর কোনো কারণ সেই। উড়ুক্কু চাকতিতে চেপে কোনো ভিনগ্রহের আগন্তুক হয়কে কোনো কানমন্ত্র পড়িয়ে দিয়ে যায়নি। আবার গেছেও!ব্রিটিশ এই সাইক্লিস্ট ছেলেবেলায় স্টিভেন স্পিলবার্গের সেই বিখ্যাত বৈজ্ঞানিক কল্পকাহিনির ছবি ইটি দেখেছিলেন। সেই ছবিতে দেখা যায়, পৃথিবীতে আসা এলিয়েনদের একজন আটকা পড়ে যায় পৃথিবীতেই। ওই শহরের সবাই যখন সেই ইটিকে ধ্বংস করে দিতে যাচ্ছে শত্রু ভেবে, তখন কিছু শিশু তাকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। পুলিশের ধাওয়া থেকে ইটিকে বাঁচিয়ে নিতে সাইকেলে চেপে ছোটার একটি দুর্দান্ত দৃশ্যও আছে। ছোট্ট হয়ের মনে হয়েছিল, বাহ্ বেশ তো!সাইকেলে চেপে ভিনগ্রহের কোনো আগন্তুককে বাঁচানোর সেই প্রবল ইচ্ছাটাই তাঁকে সাইক্লিস্ট বানিয়েছে। আজ তিনি ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে সফল অলিম্পিয়ান। ‘একটা বিএমএক্স বাইক পাওয়ার কিছুদিন পরই আমি বিএমএক্স রেসিংয়ে নেমে পড়ি। সেটাই আজকে আমাকে এ পর্যন্ত এনেছে’—বলেছেন হয়।একটা শিশুর কল্পনারাজ্য তাঁকে অলিম্পিকে ছয়টি সোনা এনে দিতে পারে, এই তথ্য আমাদের দেশের সেসব অভিভাবকের জন্য খুব জরুরি, যাঁরা ঠিকমতো বোল ফোটার আগেই সন্তানের পিঠে গাদা গাদা বই চাপিয়ে দিয়ে তৃপ্তি পান। আফসোস, আমরা বড় বড় ডাক্তার-ইঞ্জিনিয়ার চাই, ভালো একজন ক্রীড়াবিদ চাই না! রাজীব হাসান