শেষের আগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন ফেল্প্স!সাত নম্বর সোনাটা জেতার পর বলেছিলেন, ‘সেভেন, আই অ্যাম ইন হেভেন।’ তখনো জানতেন না, আট নম্বরটিও আসছে। প্যারালিম্পিকের সাঁতারে আট নম্বর সোনা জেতার পর কী বলেছেন কে জানে। ছন্দ না মিললেও বলতে পারতেন, ‘এইট, আই অ্যাম ইন দ্য হিস্ট্রি!’সত্যি সত্যিই ইতিহাসের পাতায় উঠে গেল জ্যাকুলিন ফ্রেনির নাম। অস্ট্রেলিয়ার হয়ে এক প্যারালিম্পিকে সবচেয়ে বেশি সোনা জেতার রেকর্ড এখন ২০ বছর বয়সী এই সাঁতারুর। এবার লন্ডন প্যারালিম্পিকের সবচেয়ে বেশি সোনাজয়ী অ্যাথলেটও তিনি।১২টি সোনা জিতে প্যারালিম্পিকের এক আসরে সর্বোচ্চ সোনা জয়ের রেকর্ডটি ট্রিসা জর্নের। ১০টি করে সোনা জেতারও কৃতিত্ব আছে তিনজনের। এক আসরে সবচেয়ে বেশি সোনা জেতার রেকর্ডের তালিকায় ফ্রেনির অবস্থান তিনে।জন্ম থেকে সেরেব্রাল প্যালসিতে আক্রান্ত ছিলেন। শারীরিকভাবে অক্ষম। কিন্তু সেই অক্ষমতাকে অন্যভাবে জয় করতে শৈশবেই নেমে পড়েন সাঁতারের পুলে। ভাগ্য ভালো, এমন একটা পরিবারে জন্মেছেন, যাঁরা প্রতিবন্ধী শিশুদের নিয়েই কাজ করে। অস্ট্রেলিয়ার পক্ষে এক আসরে সর্বোচ্চ সোনা জেতার আগের রেকর্ডটি ছিল যাঁর, সেই সিওবহান প্যাটন (২০০০ প্যারালিম্পিকে ৬টি সোনা) কিন্তু ফ্রেনির দাদা পিটার ফ্রেনির কাছেই প্রশিক্ষণ নিয়েছেন। তাঁর কোচ ছিলেন। ফ্রেনি অবশ্য কোচ হিসেবে পেয়েছেন বাবা মাইকেলকে।নিউ সাউথওয়েলসের এই মেয়ে ২০০৮ বেইজিং প্যারালিম্পিকেও অংশ নিয়েছিলেন। সেটি ছিল তাঁর প্রথম বড় কোনো আসরে অংশ নেওয়া। সেবার অবশ্য তিনটি ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। কিন্তু এবার আটটি ইভেন্টের সবগুলোয় জিতে নেন সোনা। এর মধ্যে দলীয় সোনা দুটি। বাকি ছয়টি ব্যক্তিগত। সিডনি মর্নিং হেরাল্ড তাঁর এই কৃতিত্বকে শিরোনাম করেছে এভাবে: ‘ফ্রেনিই নতুন ফেল্প্স!’পেরালেস পেরেছেনএবারের প্যারালিম্পিকে অংশ নেবেন কি না, এটা নিয়ে দ্বিধায় ছিলেন। সংশয়ের কারণ ছিল বয়স। কিন্তু শেষ পর্যন্ত সব দ্বিধা মুছে ফেলে ছুটে এসেছিলেন লন্ডনে। ৩৬ বছর বয়সেও ছয়টি পদক! একটি সোনা, তিনটি রুপা, দুটি ব্রোঞ্জ। সব মিলে ক্যারিয়ারে প্যারালিম্পিক পদকসংখ্যা হয়ে গেল ২২। এই অর্জন এতটাই আন্দোলিত করেছে যে, স্পেনের ৩৬ বছর বয়সী সাঁতারু তেরেসা পেরালেস ঠিক করেছেন, তিনি অংশ নেবেন রিওতেও। বয়স তখন ৪০ হয়ে যাবে? হোক না, ক্ষতি কী!মাইকেল ফেল্পেসর অলিম্পিক পদকসংখ্যাও ২২। অনেকে পেরালেসের এই কৃতিত্বও তুলনা করছেন ফেল্পেসর সঙ্গে। ‘টুইটারে চোখ বোলালে ফেল্প্স হয়তো চমকেই যাবে, ভাববে—“এই তেরেসা পেরালেসটা আবার কে? কী করেছে সে?” ও আসলে অন্যগ্রহের, পেশাদার এক অ্যাথলেট। আমি তো স্রেফ অপেশাদার’—জলদানবের সঙ্গে তুলনাটা নিজেই সযত্নে একপাশে সরিয়ে রাখছেন তিনি। তবে একদিক দিয়ে তিনি ফেল্পেসরও চেয়ে এগিয়ে। বক্তব্য দিয়ে তাঁর মতো অজস্র প্রতিবন্ধীদের করছেন অনুপ্রাণিত। এই কাজটি ভীষণ উপভোগও করেন, ‘মানুষকে তার দৃষ্টিভঙ্গি বদলানোর জন্য অনুপ্রাণিত করতে আমার খুব ভালো লাগে। একটা সময় ছিল, মাইক্রোফোনে কথা বলতে ভালো লাগত না। কিন্তু এখন আমি এটা খুব উপভোগ করি।’অ্যারাগন রাজ্য সংসদের সদস্যও ছিলেন ২০০৩ থেকে ২০০৬ পর্যন্ত। মনে-প্রাণে বিশ্বাস করেন, সমাজকে পাল্টে দিতে চাইলে সবার আগে বদলাতে হবে নিজেকে, ‘পরিবর্তন চাইলে সেই পরিবর্তনের অংশীদার আপনাকেও হতে হবে। নিজের ভেতর থেকেই শুরু করতে হবে পরিবর্তন।’ রাজীব হাসান