শেষের আগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইকেলের মুখোমুখি মাইকেলভূত দেখার মতো চমকে উঠলেন। যেন নিজের চোখ জোড়াকেই বিশ্বাস করতে পারছিলেন না। সেই শৈশব থেকে যাঁকে দেবতার মতো পূজা দিয়ে এসেছেন, ঘরময় ছিল যাঁর পোস্টার; সেই স্বপ্নের নায়ক যদি অপ্রত্যাশিতভাবে একেবারে সামনে এসে দাঁড়ান—চমকে ওঠাই স্বাভাবিক। মাইকেল ফেল্প্সও চমকেছেন। আর সর্বকালের সফলতম অলিম্পিয়ানকে এভাবে চমকে দিয়েছেন যিনি, না, সাঁতারের কেউ নন, বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডান।গত মঙ্গলবার রাতে দুই মাইকেলের দেখা হয়ে গেল যুক্তরাষ্ট্রের একটা টিভি অনুষ্ঠানে। অলিম্পিকের পর অবসর নিয়ে নেওয়া ফেল্প্স এসেছিলেন ‘ফেহার্টি লাইভ’ নামের এক অনুষ্ঠানে। গলফ-সংক্রান্ত এই অনুষ্ঠানের পরিকল্পকেরা জানতেন ফেল্প্স জর্ডানের মহা ভক্ত। কিন্তু দুজনে একই দেশের ক্রীড়াঙ্গনের দুই তারকা হওয়া পরও কোনো দিন সামনাসামনি দেখা হয়নি। সাঁতার কিংবদন্তিকে চমক উপহার দেওয়ার জন্যই জর্ডানকে হুট করে মঞ্চে ডেকে নিয়ে আসা হয়। আর তাতেই ফেল্প্স বাকরহিত।‘আমি বরফের মতো জমে গিয়েছিলাম। এই পৃথিবীতে তিনিই একমাত্র ব্যক্তি যিনি আমাকে এমনটা করতে পারেন। আক্ষরিক অর্থেই আমি তাঁকে সব সময় অনুকরণ করতাম। তিনি গ্রেটদেরও গ্রেট।’ জর্ডানকে একেবারে কাছে থেকে দেখার অনুভূতি এভাবেই ব্যাখ্যা করেছেন ফেল্প্স। জর্ডানের সঙ্গে অবশ্য এর আগে অনেকবারই কথা হয়েছে তাঁর; ফোনে। দুজনে খুদে বার্তার আদান-প্রদানও করেন নিয়মিত। অবশেষে অপ্রত্যাশিতভাবে দেখাটাও হয়ে গেল। এদিন জর্ডান নিজেই এগিয়ে গিয়ে তাঁর ভক্তের সঙ্গে হাত মিলিয়েছেন। পরম স্নেহে বুকেও টেনে নিয়েছেন।‘তিনি এসেছেন, আমার পাশে বসেছেন, হ্যালো বলেছেন—এসবই আমার জন্য বিশেষ কিছু। আমার এখনো বিশ্বাস হচ্ছে না। এটা সত্যিই অবিশ্বাস্য।’ ২২টি অলিম্পিক পদকজয়ীর কণ্ঠে ধরা পড়েছে শিশুতোষ উচ্ছ্বাস। সাঁতার ছাড়ার পর ফেল্প্স এখন গলফ নিয়ে মেতেছেন। জর্ডানেরও গলফের প্রতি ভালোবাসা অজানা নয়। দুজনে মিলে একসঙ্গে একদান গলফও খেলবেন বলে ঠিক করেছেন। ‘পুলে নামা ছাড়া সবকিছুই করতে রাজি আছি। আমি যে সাঁতরাতে পারি না’—মজা করে বলেছেন জর্ডান।২৪ ঘণ্টার ফুটবলখবর দেওয়াটাই তাদের কাজ। তবে বিবিসির রেডিও ফাইভ এবং বিবিসি রেডিও শেফিল্ড যে পরিকল্পনা করছে, তাতে খবরে উঠে আসবে তারাই। আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে টানা ২৪ ঘণ্টার একটা ফাইভ-এ-সাইড ফুটবল ম্যাচ আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। ১২ অক্টোবর স্থানীয় সময় বেলা দুইটায় শুরু হবে ম্যাচটি। চলবে পুরো এক দিন। অর্থাৎ শেষ হবে ১৩ অক্টোবর বেলা দুইটায়। আর এই ম্যাচে রেকর্ডসংখ্যক মানুষের অংশগ্রহণ দিয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়া হবে। গত বছর জানুয়ারিতে ফ্রান্সের প্যারিসে এমন এক ফুটবল ম্যাচ হয়েছিল। আয়োজক ছিল পানিনি কমিকস। ২৪ ঘণ্টার ফাইভ-এ-সাইড সেই ম্যাচে মোট ৪৪১ জন খেলোয়াড় মাঠে ঘাম ঝরিয়েছিলেন। একটি ম্যাচে সবচেয়ে বেশি খেলোয়াড়ের অংশ নেওয়ার বিশ্ব রেকর্ড এটাই। এই রেকর্ডই ভেঙে দিতে চায় বিবিসির রেডিও ফাইভ। রেডিও ফাইভের জনপ্রিয় উপস্থাপকেরা মাঠে নামবেন এদিন। থাকবেন ফাইটিং টকের কলিন মারে আর ‘সিক্স জিরো সিক্স’-এর রবি স্যাভেজ। এই দুই পক্ষের মধ্যে মজার একটা ‘শত্রুতা’ আছে। এই ম্যাচে এরই মধ্যে মারে আর স্যাভেজ দুজন দুজনকে ‘দেখে নেওয়া’র হুমকি দিয়েছেন।শুধু বিশ্ব রেকর্ড গড়াই এ আয়োজনের একমাত্র উদ্দেশ্য নয়। এই ম্যাচ আয়োজনের মাধ্যমে বিবিসি ‘চিলড্রেন ইন নিড’ নামের দাতব্য সংস্থাটির জন্য তহবিলও গড়ে তোলা হবে। বিভিন্ন অঙ্গনের তারকারা অংশ নেবেন এই ম্যাচে। কড়া নজরদারি রাখবেন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের বিচারকেরা। চাইলে এতে অংশ নিতে পারেন আপনিও। ২৪ ঘণ্টার এই ম্যাচের কোন সময় খেলতে চান, তা উল্লেখ করে নিবন্ধন করতে হবে বিবিসির সাইটে।হিলসবরো স্মরণকারও হাতে ধরা প্ল্যাকার্ডে লেখা দ্য ট্রুথ। কারও হাতে জাস্টিস। কারও হাতে ধরা প্ল্যাকার্ডে একটা সংখ্যা ৯৬।এই ‘৯৬’ শুধুই একটা সংখ্যা নয়। লিভারপুলের রক্তাক্ত এক ইতিহাস। ১৯৮৯ সালের হিলসবরো ট্রাজেডিতে মারা গিয়েছিলেন ইংলিশ ক্লাবটির ৯৬ জন সমর্থক। না, সেই মর্মান্তিক ঘটনার বর্ষপূর্তি ছিল না। সেটি পেরিয়ে গেছে গত এপ্রিলে। তার পরও গত সপ্তাহে লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচে দুই দলের সমর্থক, খেলোয়াড় আর কর্মকর্তারা হিলসবরো-স্মরণ করলেন। কারণ, সাম্প্রতিক একটি প্রতিবেদনে ২৩ বছর আগের সেই ঘটনার জন্য লিভারপুলের সমর্থকদেরই দায়ী করা হয়। ওই প্রতিবেদনের ভাষ্য, কিছু মদ্যপ সমর্থকের কারণেই এফএ কাপের সেমিফাইনালে লিভারপুল বনাম নটিংহাম ফরেস্টের ম্যাচটি দর্শকদের মধ্যে হুড়োহুড়ি লেগে যায়। পদপিষ্ট হয়ে মারা যান অনেকেই। কিন্তু লিভারপুল সমর্থকেরা এ প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন। নিরপেক্ষ তদন্তে এ ঘটনার জন্য পুলিশের ভূমিকার কঠোর সমালোচনা করা হয়েছে। পুলিশ আরও তৎপর হলে হতাহতের সংখ্যা অনেক কম হতো বলেও উঠে এসেছে তদন্তে।ইংলিশ ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচে হিলসবরো স্মরণের আরেকটি তাৎপর্য আছে। কিছুদিন ধরেই ইউনাইটেড সমর্থকেরা লিভারপুলের সমর্থকদের হেনস্তা করে আসছিল। কিন্তু এদিন দুই লাল শিবির মিলেমিশে একাকার। এমনকি অতীত ভুলে আন্তরিকভাবে এদিন করমর্দন করেছেন লুইস সুয়ারেজ আর প্যাট্রিস এভারা। মাঠে ঢোকার সময় ইউনাইটেডের প্রত্যেক খেলোয়াড়ের ট্র্যাকস্যুটের পেছনে লেখার ছিল ‘৯৬’। ইউনাইটেড কিংবদন্তি ববি চার্লটন একগাদা লাল গোলাপের তোড়া তুলে দিয়েছেন লিভাপুলের সাবেক তারকা ইয়ান রাশের হাতে। লিভারপুল অধিনায়ক স্টিভেন জেরার্ড আর ইউনাইটেড অধিনায়ক রায়ান গিগস অবমুক্ত করেছেন ৯৬টি লাল বেলুন। ২-১-এ ম্যাচ জিতে ফেলা অ্যালেক্স ফার্গুসন এদিন ম্যাচ শেষে জয়-পরাজয় নিয়ে কোনো মন্তব্যও করতে রাজি হননি। বলেছেন, ‘ফুটবল জয়-পরাজয়ের চেয়েও বেশি কিছু।’  রাজীব হাসান