শেষের আগে
আমি তোমাদেরই লোকঅনেকের চোখেই তিনি সর্বকালের সেরা। টানা তিনবারের ফিফা বর্ষসেরা পুরস্কারের অনন্য কীর্তি আছে। টানা তিনবার ব্যালন ডি’অরও জিতেছেন। আরও কত কত কীর্তি, কত রেকর্ড। গোল যেন তাঁর পোষ মানা বিড়াল, ঘুরঘুর করে পায়ে পায়ে। কিন্তু লিওনেল মেসি বলছেন, ফুটবলীয় কীর্তির জন্য যতটা না, তার চেয়েও যেন মানুষ তাঁকে বেশি করে মনে রাখে ‘মানুষ’ হিসেবে। মেসির কণ্ঠে সেই শাশ্বত উচ্চারণ: মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক!সম্প্রতি এক সাক্ষাৎকারে বার্সেলোনার আর্জেন্টাইন জাদুকর বলেছেন, ‘যখন সবকিছু শেষ হয়ে যাবে, তখন আপনার কাছে কী থাকবে? যখন অবসর নেব, আশা করি আমাকে ভালো একজন মানুষ হিসেবেই মনে রাখা হবে। যাদের সঙ্গে খেলেছি, আমি তাদের বন্ধুত্ব পেতে চাই।’একটা কথা তিনি অনেকবারই বলেছেন। আবারও বললেন, এত এত গোল তাঁর কাছে অর্থহীন। যদি সেই গোল শেষ পর্যন্ত দলকে কোনো শিরোপা না এনে দেয়। আবারও বললেন, ‘ব্যক্তিগত পুরস্কার বা অন্য সবার চেয়ে বেশি গোল করা নয়, আমি বেশি করে চাই দলের শিরোপা।’ নিজের লক্ষ্যের কথাও বললেন, ‘বিশ্বের সবচেয়ে ভালো ফুটবলার হওয়ার চেয়েও আমি বেশি উদ্বিগ্ন থাকি ভালো একজন মানুষ হতে পারলাম কি না এ নিয়ে।’মেসি সত্যিই অনন্য। মেসি সত্যিই অসাধারণ!মাইকের কীর্তিগ্র্যান্ড স্লাম এককের শিরোপা তো দূরের কথা, কোনো দিন চার শীর্ষ টুর্নামেন্টের কোনোটার ফাইনালই খেলা হয়নি। ১৯৯৭ সালে একবার উইম্বলডনের সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিলেন। টড উডব্রিজকে কেন মনে রাখবে টেনিস বিশ্ব? বিস্মৃতির অতলে হারিয়ে যাওয়া অস্ট্রেলিয়ার সেই সাবেক টেনিস খেলোয়াড়কেই মনে করিয়ে দিলেন মাইক ব্রায়ান।এককে ব্যর্থতার চাদরে ঢাকা একটা ক্যারিয়ার কাটালেও উডব্রিজ দ্বৈতে ছিলেন অবিশ্বাস্য। পুরো ক্যারিয়ারে সব পেশাদার টুর্নামেন্ট মিলিয়ে এককে যাঁর মাত্র দুটো শিরোপা, সেই তিনি ডাবলসের ট্রফি হাতে তুলেছিলেন ৮৩ বার! এর মধ্যে আছে ১৬টি গ্র্যান্ড স্লাম শিরোপাও। ঘাসের কোর্টেই বেশি স্বাচ্ছন্দ্য ছিলেন। উইলম্বলডনের নয়টি শিরোপা সে কথাই বলে। ১৯৯৩ থেকে টানা পাঁচবার উইম্বলডনের দ্বৈতে শিরোপা জিতেছিলেন। এটিপির সার্কিটে দ্বৈতে সবচেয়ে বেশি শিরোপা জেতার রেকর্ডটি ছিল তাঁরই।ছিল, এখন আর নেই। কদিন আগে চায়না ওপেনে শিরোপা জিতে সেই রেকর্ড ভেঙে দিয়েছেন মাইক ব্রায়ান। দ্বৈতে মাইকের মোট শিরোপা এখন ৮৪টি! ‘এই সম্মানজনক রেকর্ডটা নিজের করে নিতে পারা বিরাট গর্বের। সর্বোচ্চ শিরোপাজয়ীদের তালিকায় অবিশ্বাস্য কিছু নাম আছে। আর সেই অভিজাত তালিকায় থাকতে পারাটা রীতিমতো স্বপ্নের মতো’—চায়না ওপেন জেতার পর বলেছেন মাইক। টেনিস সার্কিটে ব্রায়ান ভাইদের অবিশ্বাস্য সাফল্যের গল্প অবশ্য পুরোনো। যমজ দুই ভাই শাসন করে চলেছেন দ্বৈতের রাজত্ব। খুব স্বাভাবিকভাবেই ববও একদমই পিছিয়ে নেই। দ্বৈতে তাঁর মোট শিরোপা ৮২টি। ভাইকে টপকে যাওয়াটা অবশ্য কঠিন হবে তাঁর জন্য। ভাইয়ের সঙ্গেই যে জুটি বেঁধে খেলেন! রাজীব হাসান