শেষের আগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমনই নিয়তি!৩৭ মিনিটের মধ্যেই নিজেদের জালে চার গোল যখন ঢুকে যায়; পাঁড় ভক্তটির পক্ষেও মাঠে বসে থাকা কঠিন। গত ৩০ অক্টোবর রিডিংয়ের মাঠে লিগ কাপের ম্যাচ দেখতে গিয়েছিলেন আর্সেনালের যে সমর্থকেরা, প্রথমার্ধ শেষের বাঁশি বাজার আগেই তাঁদের অনেকেই বেরিয়ে গেছেন গ্যালারি থেকে। এখন তাঁরাই মাথা কুটে মরছেন। শুধু আর্সেনালের নয়, ফুটবল ইতিহাসেরই অন্যতম ‘কামব্যাক’ দেখার রোমাঞ্চকর অভিজ্ঞতা থেকেই যে বঞ্চিত হলেন তাঁরা। চার গোলে পিছিয়ে পড়া ম্যাচে আর্সেনাল জিতল ৭-৫ গোলে! সেটিও নাটকীয়ভাবে।নিজেদের নয়, রিডিং দুষতে পারে নিজেদের ইতিহাসকে। ইংলিশ ফুটবলে গোলবন্যার ম্যাচগুলোতে পরাজয় যেন রিডিংয়ের ললাটে ‘রাইটিং’ করে দেওয়া! লিগ কাপ ও ইংলিশ প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলের ম্যাচে হেরে যাওয়া দলের রেকর্ডটি এখন তাদেরই।এই ১২ গোলের ম্যাচেই শুধু নয়, রিডিং এর আগে ২০০৭ সালে প্রিমিয়ার লিগের ১১ গোলের এক ম্যাচেও হেরেছিল। পোর্টসমাউথের বিপক্ষে সেই ম্যাচের ফল ছিল ৭-৪। এফএ কাপের ইতিহাসের দ্বিতীয় বৃহত্তম পরাজয়টিও তাদের। ১৮৯৪ সালে প্রেস্টন নর্থ এন্ডের কাছে তারা হেরেছিল ১৮-০ গোলে। গত ৩০ অক্টোবর ১২ গোলের ম্যাচটির আগে লিগ কাপে সর্বোচ্চ গোলের রেকর্ডটি ছিল ২০০৫ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত ১১ গোলের এক ম্যাচের দখলে। অ্যাস্টন ভিলা ৮-৩ গোলে হারিয়েছিল ওয়াইকম্বকে। সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ডটি দুই দল ভাগাভাগি করেছে। ১৯৮৩ সালে ওয়েস্টহাম ১০-০ গোলে বুরিকে, একই ব্যবধানে ১৯৮৬ সালে ফুলহামকে হারিয়েছিল লিভারপুল। ওই ম্যাচের ফিরতি লেগে ফুলহাম ডিয়েগো ম্যারাডোনার ছবি এঁকে তার নিচে লিখে দিয়েছিল: ‘এমনকি এই লোকটাও এখন আমাদের বাঁচাতে পারবে না। তাতে কী আসে-যায়, তার চেয়ে বরং রাতটা চলো উপভোগ করি।’রাজনীতির ময়দানেএকজনের অভিধানে পরাজয় শব্দটির অস্তিত্ব নেই বললেই চলে। শুধু জয়েই তিনি তৃপ্ত নন, সেই জয়টাও আসা চাই প্রতিপক্ষকে একেবারে ধরাশায়ী করে। অন্যজন এতটা অপরাজেয় নন। তার পরও ইউক্রেনের ইতিহাসে সবচেয়ে বড় তারকা ফুটবলারদের একজন ছিলেন। কিন্তু নিজেদের পরিচিত গণ্ডি ছেড়ে দেশটির দুই মহা তারকা যখন নামলেন অচেনা রাস্তায়, একের পর এক কানাগলি পথই আটকে দিল তাঁদের। গত সপ্তাহের সাধারণ নির্বাচনে হেরেছেন ভিতালি ক্লিচকো আর আন্দ্রেই শেভচেঙ্কো!পেশাদার বক্সিং ক্যারিয়ারে ক্লিচকো ভাইদের বড়জন ছিলেন সত্যিই অবিশ্বাস্য। ‘ছিলেন’ বলাটা অবশ্য ঠিক হচ্ছে কি না, কে জানে। রাজনীতির ময়দানে নামার পর আবার বক্সিং রিংয়ে ফিরবেন কি না, কে জানে। ফিরতেও পারেন। রাজনীতির ময়দানে যে খুব একটা সুবিধা করতে পারলেন না নিজের ৪৭টি লড়াইয়ের ৪৫টিই জেতা ক্লিচকো, যার ৪১টিই আবার জিতেছেন নকআউটে।অবশ্য শেভচেঙ্কোর তুলনায় অনেক ভালো করেছে তাঁর দল উদার (ইউক্রেনিয়ান ডেমোক্রেটিক অ্যালায়েন্স ফর রিফর্ম)। ১৫ শতাংশের মতো ভোট পেয়েছে। সরাসরি না হলেও সংসদে তাদের প্রতিনিধিত্ব থাকতে পারে। শেভচেঙ্কোর দল ‘ইউক্রেন ফরওয়ার্ড’ পেয়েছে মাত্র ১.৬ শতাংশ ভোট!অবশ্য রাজনীতির ময়দান শেভচেঙ্কোর অচেনা। মাত্রই কিছুদিন আগে ইউরোতেও খেলা শেভা দল তো বানালেনই এই সেদিন। সেদিক দিয়ে ক্লিচকো অনেক দিন ধরেই এই গলি-ঘুপচিতে ঘুরপাক খাচ্ছেন। ছয় বছর আগেই রাজনীতির খাতায় নাম লিখিয়েছেন কিয়েভের সিটি কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়ে। অবশ্য দু-দুবার মেয়র পদে ভোট করেও হেরেছেন একাধিক ভাষা জানা, বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি নিয়ে আসা ড. আয়রনফিস্ট নামে পরিচিত এই বক্সার।দুজনই হতাশ নন। তাঁরা তাকিয়ে আছেন সামনের দিকে। তা ছাড়া খেলাধুলার পৃথিবী থেকেই রাজনীতির ময়দানে গেছেন বলেই জানেন, হার-জিত বড় নয়, অংশগ্রহণই বড় কথা!শাস্তিতেও শিক্ষাব্রাজিলের ফুটবলের আলাদা পরিচয় তার সৃষ্টিশীলতায়। ব্রাজিলের খেলোয়াড়েরা যুগে যুগে মাঠে এমন অনেক কিছুই করে দেখিয়েছেন, বাকি বিশ্ব বিস্মিত হয়েছে, মুগ্ধ হয়েছে, শিহরিত হয়েছে। ব্রাজিল ফুটবলের কর্তাব্যক্তিরাও যে উদ্ভাবনী শক্তিতে খুব একটা পিছিয়ে নেই, তারই প্রমাণ তাঁদের সাম্প্রতিক এক সিদ্ধান্ত। ব্রাজিলের ঘরোয়া ফুটবলে চালু করা হলো অভিনব শাস্তি। এখন থেকে কোনো ফুটবলার নিয়ম ভঙ্গের অপরাধে ম্যাচে নিষিদ্ধ বা আর্থিক জরিমানার মতো প্রথাগত শাস্তি তো পাবেনই, পাশাপাশি তাঁকে করতে হবে বিভিন্ন সামাজিক কাজ।সর্বশেষ এই নিয়মের সুবিধা কিংবা অসুবিধা ভোগ করলেন করিন্থিয়ানস স্ট্রাইকার এমারসন। রেফারিকে অপমান করায় ছয় ম্যাচ নিষিদ্ধ করা হয়েছিল তাঁকে। শাস্তির মেয়াদ পাঁচ ম্যাচে কমিয়ে তাঁকে সাও পাওলো হাসপাতালে ভর্তি অসুস্থ শিশুদের সঙ্গে দেখা করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি হাসপাতালটিকে পাঁচ হাজার ডলারও দিতে হবে তাঁকে।তাঁর আগে এমন ‘শাস্তি’ দেওয়া হয়েছিল পালমেইরাস মিডফিল্ডার হোর্হে ভালদিভিয়া ও স্ট্রাইকার লুইস ফ্যাবিয়ানোকে। ভালদিভিয়া রিওর একটি এতিমখানার শিশুদের খাবার কেনার জন্য পাঁচ হাজার ডলার দিয়েছেন। ফ্যাবিয়ানোকে পরিদর্শন করতে হয়েছে প্রতিবন্ধী শিশুদের একটি পুনর্বাসনকেন্দ্র।বিষয়টি উপভোগ করেছেন জানিয়ে এমারসন বলেছেন, ‘এটাকে আপনি শাস্তি বলতে পারেন না। এটা আমাদের জন্য অনেকটা আজীবনের একটা শিক্ষা। কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে এমন মানুষের মুখে হাসি ফোটাতে পারি আমরা।’ফ্যাবিয়ানো নাকি বলেছেন, এমন ‘শাস্তি’ ভবিষ্যতে আরও পেতে চান। তাই বলে মাঠে ইচ্ছা করেই নিয়ম তিনি ভাঙবেন না বোধ হয়! রাজীব হাসান