শেষের আগে
স্টেডিয়ামের কান্নাআকাশের বুক চিরে দানবীয় গর্জন তুলে ছুটে আসা ইসরায়েলি বোমারু বিমানের আঘাতে ক্ষত-বিক্ষত হয়েছে গাজা। ঝরেছে অসংখ্য মানুষের রক্ত। বাতাসে বারুদের গন্ধের সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে অসহায় মানুষের আর্তনাদ। ছড়িয়ে-ছিটিয়ে আছে ছোপ ছোপ রক্তের দাগ।ইসরায়েলি বোমার আঘাতে আপাতত বিরতি। চলছে বিধ্বস্ত জনপদ নতুন করে সাজিয়ে নেওয়া। কেউ দেখেনি, তার পরও ইসরায়েলের সামপ্রতিক এই দানবীয় আগ্রাসনে কিন্তু অলক্ষ্যে রক্ত ঝরেছে গাজা স্টেডিয়ামটিরও। কেউ শোনেনি, তার পরও অলক্ষ্যে কিন্তু আর্তনাদ করে চলেছে ফিলিস্তিনের তিনটি আন্তর্জাতিক স্টেডিয়ামের একটি এই মাঠ।এত জায়গা থাকতে স্টেডিয়ামের ওপর আক্রমণ কেন? যে অজুহাতে ইসরায়েলি সেনারা সাধারণ মানুষের ওপর, অবোধ শিশুর ওপর বোমা ফেলতে দ্বিধাবোধ করেনি, এ ক্ষেত্রেও দেওয়া হয়েছে সেই একই যুক্তি—এই স্টেডিয়াম নাকি ব্যবহার করা হচ্ছিল ইসরায়েলি বসতি লক্ষ্য করে রকেট ছোড়ার উদ্দেশে।ছয় বছর আগেও একবার এই স্টেডিয়াম পুনর্নির্মাণ করে দিয়েছিল ফিফা। ফুটবলের অভিভাবক সংস্থাটি আবার বলেছে, প্রয়োজনীয় অর্থ দেওয়া হবে আবার। ফিফা কনফেডারেশনস কাপের ড্রয়ের জন্য ব্রাজিল সফরে এসে এই প্রতিশ্রুতি দিয়েছেন ফিফা মহাসচিব জেরোম ভালক।এমনিতেই ফিলিস্তিনিদের খেলার মাঠের অভাব। এই স্টেডিয়ামটি ছাড়া পূর্বতীর এবং জেরুজালেমের বর্ধিত অংশে দুটো স্টেডিয়াম আছে তাদের। বেঁচে থাকার অধিকারের পাশাপাশি ইসরায়েল ফিলিস্তিনিদের খেলাধুলার অধিকারও কেড়ে নিতে চায় কি না, এমন প্রশ্নও তুলেছেন ফিফা মহাসচিব।এবার ফিরাও মোরেএকবার ভেবে দেখুন তো, পাড়ার ক্রিকেটে বাচ্চাদের সঙ্গে খেলছেন ব্রায়ান লারা কিংবা টেন্ডুলকার! অথবা ভেবে দেখুন, স্কুলের ১০০ মিটার দৌড়ে খুদে শিক্ষার্থীদের পাশাপাশি একটা লেনে দৌড়ের প্রস্তুতি নিচ্ছেন আর কেউ নয়, খোদ উসাইন বোল্ট! অবিশ্বাস্য ব্যাপার বলছেন? কখনো ঘটা সম্ভব না, এও তো দাবি করছেন? অনেকটা এমন ঘটনাই এবার ঘটতে চলেছে!অলিম্পিকে চারটি সোনা জেতা এমন একজন সাঁতারু যে তাঁর স্কুলের দলের হয়ে অংশ নিতে চলেছেন হাইস্কুল পর্যায়ের এক প্রতিযোগিতায়! আর সেই সাঁতারু কেউ নন, মার্কিন সাঁতার তারকা মিসি ফ্রাঙ্কলিন। মার্কিন মিডিয়ার কাছে যিনি মহিলা ফেল্প্স নামে পরিচিতি পেয়েছেন এরই মধ্যে।সংক্ষিপ্ত সময়ের জন্য হলেও ফ্রাঙ্কলিন তাঁর রেজিস হাইস্কুল দলের অংশ হতে চলেছেন। স্বাভাবিকভাবেই এটা নিয়ে সংবাদমাধ্যমগুলোর মধ্যে এক ধরনের উন্মাদনা তৈরি হয়েছে। ফ্রাঙ্কলিন তারকা হয়ে ওঠার আগেই তো গতবার এই পর্যায়ে তাঁর সাঁতার নিয়ে সে কী শোরগোল! আর এবার তো লন্ডন অলিম্পিক জয় করেই ফিরেছেন। উন্মাদনা থেকে বাঁচার কৌশল খুঁজছেন ফ্রাঙ্কলিনের অ্যাথলেটিক ডিরেক্টর জন কস্লোস্কি। তিনি জানিয়েছেন, কোনো ক্যামেরাই নাকি প্রবেশাধিকার পাবে না। শুধু স্কুল নয়, রাজ্যদল ক্যালিফোর্নিয়ার হয়েও আরও দুই বছর সাঁতরাবেন বলে জানিয়েছেন ফ্রাঙ্কলিন।ম-এ মেসি, ম-এ ম্যাজিকএত অনায়াসে, এত অক্লেশে গোল করেন, করে চলেছেন, কাজটা যে কত কঠিন, সেটা আমরা এক রকম ভুলেই গেছি। এই এক বছরে গত শুক্রবার পর্যন্ত লিওনেল মেসির নামের পাশে ছিল ৮২ গোল। জার্ড মুলালের রেকর্ড থেকে মাত্র তিন গোল দূরত্বে ছিলেন। এর মধ্যে গতকাল অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে একটি ম্যাচ হয়ে গেছে।সেই ম্যাচে মেসি গোল পেয়েছেন কি না এই প্রতিবেদন লেখা পর্যন্ত বলার উপায় ছিল না। তবে এই বছরে এখন পর্যন্ত মেসি যে কতটা অবিশ্বাস্য ঘটনা ঘটিয়েছেন, সেটাই এবার বুঝে নিন। এক বছরে মেসি একাই যত গোল করেছেন, ২০১২ সালে গোটা এসি মিলান দল মিলে করেছে তার চেয়ে কম গোল। এ বছর মিলানের গোল ৭৬টি। এ বছর পোল্যান্ড-ইউক্রেনে হয়ে যাওয়া গোটা ইউরোর সবগুলো ম্যাচ মিলিয়েই হয়েছে ৭৬ গোল। এর আগে কোনো দক্ষিণ আমেরিকান ফুটবলারের এক বছরে সর্বোচ্চ গোলের রেকর্ডটি ছিল মহামতি পেলের, সেটিও সেই কবেকার। এবং পেলের রেকর্ড এসেছিল ব্রাজিলিয়ান লিগের সিংহভাগ গোল থেকে।একসময় মেসির সঙ্গে তুলনা হতো যাঁর, সেই আরিয়েন রোবেন ২০০৯ সালে বায়ার্নে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত ক্লাব-জাতীয় দল মিলিয়ে করেছেন ৬৬ গোল। মেসি যে বছরে ৮২ গোল করেছেন, সেই একই বছরে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে ফেলা মালাগা করেছে ৬২ গোল। এই বছরে ক্রিস্টিয়ানো রোনালদোর গোল ৫৯টি, মেসির সঙ্গে তুলনা হয় এমন আরেক খেলোয়াড় নেইমারের গোল ৫৪টি। ইব্রাহিমোভিচ ও রাদামেল ফ্যালকাও ২০১২ সালে করেছেন ৪২টি করে গোল।এ বছর শুধু ক্লাবের হয়ে মেসির গোল ৭০টি। বার্সার বাকি সব স্টাইকার মিলিয়ে করেছেন ৩২ গোল! মেসির সবচেয়ে ‘কাছে’ আছেন ১০ গোল করা অ্যালেক্সিস সানচেজ! গত মৌসুমে লিগে মেসির গোল ছিল ৫০টি। পুরো দল হিসেবেও এত গোল করতে পারেনি লিগের শেষ ১৪ দলের ১৩টিই। কেবল রায়ো ভায়োকানো মেসিকে পেরিয়ে যেতে পেরেছে। লিগে গতবার ভায়োকানোর মোট গোল ৫৩টি। রাজীব হাসান