শেষের আগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেসি বনাম ব্রায়ান্টলিওনেল মেসির সঙ্গে কোবি ব্রায়ান্টের অনেক মিল। দুজনই এই সময়ে নিজ নিজ খেলার সেরা তারকা। দুজনেরই কৈশোর কেটেছে ভিনদেশে। দুজনই নিজেকে ধীরে ধীরে আরও ওপরে প্রতিষ্ঠিত করছেন। সবচেয়ে বড় কথা, দুজনই হারতে একদমই পছন্দ করেন না।সেটা যে করেন না, তার প্রমাণ মিলল আবারও। না, বাস্কেটবল কোর্ট কিংবা ফুটবল মাঠে নয়। বিমানে, আরও সুনির্দিষ্ট করে বললে টার্কিশ এয়ারলাইনসের প্রথম শ্রেণীর কেবিনে! সেখানে দুই ভুবনের এই দুই তারকা রীতিমতো নেমেছিলেন মল্লযুদ্ধে। উদ্দেশ্য ছিল এক কিশোর ভক্তের মন জয় করা। কেবিনে ঢুকেই সেই ছেলেটি দেখতে পায় মেসিকে। মেসির অটোগ্রাফের জন্য কলম বাড়িয়ে দেয়। কিন্তু ব্রায়ান্ট হাল ছাড়বেন কেন? তাঁর নাকের ডগা দিয়ে মেসি এক কিশোর ভক্তকে বাগিয়ে নেবেন, তা তো হয় না। ব্রায়ান্ট চেষ্টা করেন সেই কিশোরকে তাঁর দিকে বাগানোর। মেসিও ছাড়তে নারাজ।ব্যস্, শুরু হয়ে গেল দুজনের কারিকুরি। দুজনই তো বলের জাদুকর। একজন হাত দিয়ে, অন্যজন পায়ের। দুজনই দেখালেন বেশ কারিকুরি। এর পর কার্ড দিয়ে মুগ্ধ করার চেষ্টা করা হলো। তার পর বেলুন দিয়ে হাতিঘোড়া বানিয়ে উপহার দেওয়া হলো সেই মহাভাগ্যবান কিশোরটিকে। সত্যি সত্যি এমনটা হয়নি অবশ্য। এটা দেখা গেছে টার্কিশ এয়ারলাইনসের নতুন বিজ্ঞাপনে। বাস্কেটবল তারকা ব্রায়ান্টের মতো মেসিও সম্প্রতি এই এয়ারলাইনসের পণ্যদূত হয়েছেন। আর দুজনকে নিয়ে বানানো এ বিজ্ঞাপনটি এরই মধ্যে ভীষণ জনপ্রিয় হয়েছে। ইউটিউবে ছাড়ার দুই সপ্তাহের মধ্যে প্রায় ৬ কোটিবার দেখা হয়েছে ভিডিওটি!দাবার অর্জুন!না দেখেও নির্ভুল নিশানায় তিরবিদ্ধ করতে পারতেন অর্জুন। কিন্তু না দেখে দাবা খেলা! অর্জুনও মনে হয় পারতেন না। সেই অসাধ্যই সাধন করেছেন বিশ্বের বাঘা বাঘা দাবাড়ুরা। গত বুধবার চীনে হয়ে গেল ‘ব্লাইন্ডফোল্ড চেজ’। দাবার সবচেয়ে কঠিনতম খেলা। যেখানে দাবার ঘুঁটি বা প্রতিপক্ষ খেলোয়াড়ের আগের চালগুলো দেখার কোনো সুযোগ নেই। পুরোটাই দাবাড়ুদের রাখতে হয় মাথার মধ্যে। কে কখন কোথায় কোন চাল দিয়েছে এটা মনে রেখেই দিতে হয় পরের চাল। তাঁরা দেখতে পান না ঠিকই, কিন্তু তাঁদের চালগুলো কম্পিউটার-নিয়ন্ত্রিত বোর্ডে প্রদর্শিত হয়। যে বোর্ডে বাকিরা দেখতে পারেন খেলার অবস্থা। পুরো খেলাটাই মাথার মধ্যে রেখে খেলার এই কঠিন চ্যালেঞ্জে চ্যাম্পিয়ন হয়েছেন দুজন। পুরুষ বিভাগে বিশ্বের দুই নম্বর খেলোয়াড়, আর্মেনিয়ার লেভন অ্যারোনিয়ান। এবং নারী বিভাগে চীনের ১৮ বছর বয়সী খেলোয়াড়, সাবেক মহিলা বিশ্ব চ্যাম্পিয়ন হোউ ইফান। প্রতিযোগিতায় অংশ নেওয়া দাবাড়ুরা জানিয়েছেন, এই খেলা শেষে প্রচণ্ড মাথাব্যথা সঙ্গী হয়েছে সবার।হওয়ারই কথা। বেইজিং স্পোর্টঅ্যাকর্ড ওয়ার্ল্ড মাইন্ড গেমসের আয়োজক জিওফ্রে বোর্গ বলেছেন, ‘এটা মানবমস্তিষ্কের চূড়ান্ত পরীক্ষা। এটাই সম্ভবত দাবার সবচেয়ে কঠিন খেলা।’ প্রতিযোগীদের একজন, হাঙ্গেরিয়ান গ্র্যান্ডমাস্টার পিটার লেকো বলেছেন, ‘পাঁচ-ছয় ঘণ্টা খেলার পর প্রচণ্ড মাথাব্যথা হয়। তবে নারী চ্যাম্পিয়ন হোউ খেলাটা বেশ উপভোগ করেছেন, ‘ব্লাইন্ডফোল্ড দাবা আসলে খেলোয়াড়ের বুদ্ধির চেয়ে শক্তির পরীক্ষা বেশি নিয়েছে। এটা দাবাকে আরও মজাদার করে তুলেছে।’ সান্তা রোনালদো২৫ ডিসেম্বর বড়দিন। এই দিনের ঠিক আগের রাতে সান্তা ক্লজ তাঁর হরিণে টানা স্লেজে চেপে বেরিয়ে পড়েন। বিশ্বময় ঘুরে ঘুরে প্রত্যেক শিশুকে দেন তার পছন্দের উপহার। সত্যি সত্যিই তো আর সান্তা থাকেন না। শিশুদের কল্পনার জগতের সেই সান্তার ভূমিকা বাস্তবে পালন করেন বড়রাই। এবার যেমন অনেক শিশুর জন্য সান্তা হয়ে এলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ১৭ ডিসেম্বর মাদ্রিদে ‘নো চাইল্ড উইথআউট টয়স’ নামের এক অনুষ্ঠানে শিশু-কিশোরদের মধ্যে খেলনা বিতরণ করলেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা।এ সময়ের সবচেয়ে আয় করা অন্যতম ধনী ক্রীড়াতারকা তিনি। তবে রোনালদোর নিজের শৈশবে যে একেবারে প্রার্চুযে কেটেছে, সেটা ভাবার কোনো কারণই নেই। মা ছিলেন পেশায় রাঁধুনি, বাবা ছিলেন পৌরসভার মালি। এর ওপর অল্প বয়সেই বাবাকে হারিয়েছেন। শৈশবেই পরিবারের আয়ের অন্যতম উৎস হয়ে উঠতে হয়েছিল তাঁকে। ফলে রোনালদোর শৈশবে যে নির্মল আনন্দে কেটেছে, সেটা বলার উপায় নেই। না পাওয়ার যন্ত্রণা একজন শিশুকে কতটা পোড়ায়, সেটা ভালো করে জানেন বলেই রোনালদোর বেশির ভাগ সামাজিক কাজের মূলে আছে শিশুরাই। ২০০৪ সালের সুনামিতে মা-বাবাকে হারিয়ে ফেলা এক আট বছর বয়সী কিশোরের পরনে তাঁর পর্তুগালের ৭ নম্বর জার্সি ছিল। টিভিতে সেই দৃশ্য দেখে এতটাই আবেগতাড়িত হয়েছিলেন, রোনালদো ছুটে গেছেন তার পাশে। ফিলিস্তিনের গাজার বিধ্বস্ত জনপদের শিশুদের পাশে দাঁড়িয়েছেন, তাদের জন্য বানিয়ে দিয়েছেন স্কুল। জন্মের দ্বিতীয় বছর থেকেই ক্যানসারে আক্রান্ত এক শিশুর যাবতীয় চিকিৎসার ভার নিয়েছেন।রোনালদোকে এবার সান্তার বেশে দেখা গেল। রিয়াল মাদ্রিদ ফাউন্ডেশন ও মাদ্রিদ সরকারের পক্ষ থেকে শিশুদের হাতে তুলে দেওয়া হলো খেলনা। এ কর্মসূচিতে ৫ হাজার খেলনা কিনে দিয়েছে রিয়াল। রোনালদোসহ রিয়ালের আরও কয়েকজন তারকা উপস্থিত থেকে নিজ হাতে শিশুদের মধ্যে বিতরণ করেছেন খেলাগুলো। একটা শিশুও যেন এবার খালি হাতে বড়দিন পালন না করে, এটাই রোনালদোর চাওয়া। রাজীব হাসান