শেষের আগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হকির ম্যারাডোনা!অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর কাঁধেই থাকবে আর্জেন্টিনার আকাশি-সাদা দোরঙা পতাকা। অলক্ষ্যে থাকবে চার কোটি মানুষের প্রত্যাশার বিশাল চাপ। লুসিয়ানা আইমার আর তাঁর দলের দিকে উন্মুখ হয়ে তাকিয়ে আছে পুরো দেশ। মেয়েদের হকি থেকে সম্ভাব্য সবকিছুই জিতেছেন আইমার। ইতিহাসের একমাত্র খেলোয়াড় হিসেবে সাত-সাতবার জিতেছেন আন্তর্জাতিক হকি ফেডারেশনের বর্ষসেরা পুরস্কার। কিন্তু পরম আরাধ্যের অলিম্পিক সোনাটি থেকে গেছে অধরাই।র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার মহিলা হকি দলই শীর্ষে। ২০১০ সালে বিশ্বকাপ জিতেছে তারা। এ বছর জিতেছে চ্যাম্পিয়নস ট্রফি। মহিলা হকিতে দাপট তাদের অনেক দিনের। কিন্তু অলিম্পিকে এলেই হিসাব গড়বড় হয়ে যায়। সিডনি অলিম্পিকে ফাইনালে উঠলেও রুপা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। আর গত দুই অলিম্পিকে আইমাররা জিতেছেন ব্রোঞ্জ। ৩৪ বছর বয়সী দলের অধিনায়ক ভালো করেই জানেন অলিম্পিকে এটাই তাঁর শেষ সুযোগ, ‘এটাই আমার শেষ টুর্নামেন্ট। ফলে এক ধরনের চাপা উদ্বেগ থাকবেই। কিন্তু এখন আমার ভাবনাজুড়ে শুধুই অলিম্পিক সোনা। সকাল সাতটায় ঘুম থেকে উঠে যখন অনুশীলনে যাই, বিশ্রামের অবসরগুলোতে, এমনকি যখন আমি খাই, সে সময়ও মাথায় থাকে শুধুই অলিম্পিক সোনা।’অসাধারণ প্রতিভাবান খেলোয়াড়। আর্জেন্টিনার মানুষ ভালোবেসে তাঁর নাম দিয়েছে ‘এল ডিয়েগো’। হকির ম্যারাডোনা তিনিই। এবার মেয়েদের ফাইনালের দিনই পড়েছে তাঁর ৩৫তম জন্মদিন। সতীর্থদের কাছ থেকে জন্মদিনের সেরা উপহারটিই চান আইমার ‘আমি সোনার পদকই জিততে চাই, এটাই একমাত্র অর্জন, যেটা পাওয়া হয়নি আমার। দলও খুবই আশাবাদী। সোনা জেতার জন্য আমরা প্রতি ইঞ্চি ধরে লড়াই করব। যদিও জানি কাজটা সহজ নয়।’জন্ম অবশ্য তাঁর লিওনেল মেসির শহর রোজারিওতে। তবে বেশি মিল ম্যারাডোনার সঙ্গেই। তিনিও সেন্ট্রাল মিডফিল্ডার। ‘মিল’টা আরেক জায়গায় চান তিনি—ছিয়াশিতে বিশ্বকাপ জিতিয়ে আর্জেন্টিনার মানুষের হূদয়ে চির-আসন করে নিয়েছেন ম্যারাডোনা। সেটারই পুনরাবৃত্তি হবে এবারের অলিম্পিকে!অক্সফামের জয়গত রোববার উইম্বলডনের সেন্টার কোর্টে শুধু রজার ফেদেরারই জেতেননি, জিতেছে অক্সফামও! প্রাইজমানি হিসেবে ফেদেরার জিতেছেন সাড়ে ১১ লাখ পাউন্ড। আর ১ লাখ পাউন্ড জিতেছে অক্সফাম!ব্যাপারটা একটু গোলমেলে লাগতে পারে। অক্সফাম ব্রিটেনের একটি দাতব্য প্রতিষ্ঠানের জোট। ১৫টি বেসরকারি সাহায্য সংস্থা বিশ্বজুড়ে ৯০টিরও বেশি দেশে ক্ষুধা আর দারিদ্র্যের বিরুদ্ধ লড়াই করে যাচ্ছে। প্রশ্ন হলো, ফেদেরারের সঙ্গে এদের জয়ের প্রশ্ন আসছে কেন?এখানেই আছে দারুণ একটি গল্প। যে গল্পের শুরু ২০০৩ সালে, রজার ফেদেরার তখন এমন নামীদামি তারকা হয়ে ওঠেননি। মাত্রই জিতেছেন ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম। কিন্তু নিক নিউলাইফ নামের এক ব্রিটিশের কী যে মনে হয়েছিল, ফেদেরারের ওপরই সেই সময়ের জন্য অবিশ্বাস্য একটা বাজি ধরে বসেছিলেন। ফেদেরার একদিন সাত-সাতটি উইম্বলডন জিতবেন! সাতটি উইম্বলডন জিতে তত দিনে অমরত্ব পেয়ে গেছেন পিট সাম্প্রাস। এই রেকর্ড কেউ কোনো দিন ছুঁতে পারবে কি না, এ নিয়ে সন্দেহ করার লোকের অভাব ছিল না।স্বাভাবিকভাবেই সে সময় ফেদেরারের সাতটি উইম্বলডন জয়ের পক্ষে বাজির দর ছিল ৬৬/১! খ্যাতনামা বাজিকর প্রতিষ্ঠান উইলিয়াম হিলে ফেদেরারের পক্ষে ১ হাজার ৫২০ পাউন্ড বাজি ধরেন নিউলাইফ। সেই বাজিটাই লেগে গেল কাজে। পুরস্কার হিসেবে এল ১ লাখ ১ হাজার ৮৪০ পাউন্ড। আফসোস, নিজের বাজির এই জয়টা দেখে যেতে পারলেন না নিউলাইফ। ২০০৯ সালেই মারা গেছেন তিনি। তবে মৃত্যুর আগে নিজের সবকিছু দান করে গেছেন অক্সফামকে। এই দানের মধ্যে ছিল সেই বাজির রশিদটাও।পেলের মৃত্যু!ব্রাজিলিয়ানরা আর্জেন্টাইনদের মতো নয়। একটু প্রতিভার ঝলক দেখালেই যেমন নতুন কোনো খেলোয়াড়ের নাম হয়ে যায় ‘নতুন ম্যারাডোনা’। আর্জেন্টিনায় ‘নতুন ম্যারাডোনা’ আছে এক ডজনেরও বেশি। কিন্তু ‘নতুন পেলে’? খুব বেশি নেই। ব্রাজিলিয়ানরা সহজেই কাউকে পেলে বলে ডাকতে চায় না। চায় না বলেই বার্তা সংস্থার বয়ে আনা অর্জুনা রামোসের ছোট্ট মৃত্যুসংবাদটিই অনেক বড় একটা ধাক্কা হয়ে এল। ১৭ বছর বয়সী এই উদীয়মান ফুটবলারকে মাঠে তাঁর স্কিল আর সৃষ্টিশীল ভাবনার প্রতিফলনের কারণে যে ‘পেলে’ বলেই ডাকা হতো!গত সপ্তাহে সাও পাওলোর অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে রামোসের দল সাও বার্নার্দো এফসির ম্যাচ ছিল পর্তুগিজা সান্তিস্তার বিপক্ষে। ম্যাচের প্রথমার্ধে খেলতে খেলতেই মাঠে হার্ট অ্যাটাকের শিকার হন রামোস। নিকটবর্তী হাসপাতালে দ্রুত নেওয়া হলে চিকিৎসকেরা জানান, সব চেষ্টা বৃথা। এই অপ্রত্যাশিত মৃত্যুর জন্য ক্লাবের চিকিৎসকদল অবশ্য কোনো দায় নিতে রাজি হয়নি। তাদের দাবি, নিয়মমাফিক সব পরীক্ষা নিয়মিতই করানো হয়েছিল। রামোসের কোনো সমস্যাই ধরা পড়েনি। রামোস অবশ্য এসব চাপান-উতোরের অনেক ঊর্ধ্বেই চলে গেছেন। আসল নামটি অনেক লম্বা। অর্জুনা লুইজ ভেনুত্তো রামোস। হায়, নামের মতো লম্বা আয়ুষ্কালও যদি পেতেন! রাজীব হাসান