শেষের আগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বপ্নবাজ কেলিআহমেদ কেলির হাত নেই। পাও নেই। তবে কেলির আছে স্বপ্ন। বুক ভরা স্বপ্ন। আর সেই স্বপ্ন নিয়েই ইরাকে জন্ম নেওয়া অস্ট্রেলিয়ার এই সাঁতারু এসেছেন প্যারালিম্পিকে। অস্ট্রেলিয়ার সাঁতার দলের বড় ভরসাও তিনি। কেলি সাঁতরাবেন ১০০ মিটার ফ্রি-স্টাইল, ৫০ মিটার ব্রেস্টস্ট্রোক আর ১৫০ মিটার ব্যক্তিগত মিডলেতে। কেলির বাবা-মা দুজনই ছিলেন ইরাকি। রাসায়নিক বোমার প্রভাবে কেলি আর তাঁর ভাই ইম্মানুয়েল দুজনই জন্মেছিলেন বিকলাঙ্গ হয়ে। এই দুই শিশুর ভবিষ্যৎ অন্ধকার দেখেই রাতের আঁধারে ইরাকের একটি এতিমখানার দরজায় ফেলে এসেছিলেন তাঁর বাবা-মা। ২০০০ সালে দুই কিশোরকে নিয়ে আসা হয় অস্ট্রেলিয়ায়, অস্ত্রোপচারের জন্য। তখনই তাদের দত্তক নেন সমাজসেবক মইরা কেলি। মইরা ভারতের সেই বিখ্যাত জোড়া লাগা যমজ তৃষ্ণা-কৃষ্ণাকেও দত্তক নিয়েছেন।কেলি পরিবারেই বেড়ে ওঠা। কৃত্রিম পা নিয়ে চলাফেরা করলেও ছোট থেকেই আহমেদ কেলির খেলাধুলার প্রতি ছিল অনির্বার আকর্ষণ। প্রথম দিকে অস্ট্রেলিয়ার রুলস ফুটবলই খেলতেন। কিন্তু শরীর নির্ভর এই খেলা তাঁর জন্য ক্ষতিকর হওয়ায় পরে সাঁতারে মনোযোগ দেন। অস্ট্রেলিয়ান প্যারালিম্পিক কমিটির প্রতিভা অন্বেষণ কর্মসূচিতে নির্বাচিতও হন। দীর্ঘ প্রশিক্ষণ শেষে এবারের প্যারালিম্পিকে অস্ট্রেলিয়াকে সোনা এনে দেওয়ার জন্য তিনি তৈরি। নিজের নতুন এই দেশ তাঁকে অনেক কিছুই দিয়েছে। এবার প্রতিদান দেওয়ার পালা।কেলি পারবেন বলে মনে করেন তাঁর কোচ ব্র্যাড কেলি, ‘ওকে নিয়ে যখন প্রথম শুরু করি, আমার কাছে এমন একটা ছেলে এসেছিল, যার হাত নেই, পাও নেই। কিন্তু যা তার পক্ষে হওয়া সম্ভব, সেই সেরাটাই হতে চায়। তার জন্য কিছুই কঠিন নয়। কারণ, আপনি যত কঠোর পরিশ্রম করতে বলুন, ও রাজি।’ কেলির সবচেয়ে বড় ক্ষমতা তাঁর আত্মবিশ্বাস। না হলে এমন অবস্থায়ও কী প্রত্যয় নিয়ে ২০ বছর বয়সী এই তরুণ ঘোষণা করে, ‘আমিই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ!’ত্রাতা আগুয়েরোসপ্তাহে তাঁর আয় দুই লাখ পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় আড়াই কোটি টাকারও বেশি! প্রাচুর্যে ভরা আয়েশী জীবন। অথচ সেই তরুণটার শৈশবের প্রতিটা মুহূর্ত কেটেছে নিদারুণ অনিশ্চয়তায়। বুয়েনস এইরেসের শহরতলির একটা বস্তিতে বেড়ে ওঠা। ইউক্যালিপটাস শহরের যে বস্তির অন্য নাম ছিল কোকেনের রাজধানী!চারপাশে মাদকাসক্তের আখড়া। কিন্তু নিজের পরিবারকে সেই কালো থাবা থেকে দূরে সরিয়ে রাখতে পেরেছিলেন। মাত্র সাত-আট বছর বয়সেই যে ফুটবল খেলে আয় করতে শিখে গিয়েছিল ছেলেটি। সেই ছেলেই আজকের সার্জিও আগুয়েরো! এখন লাখ লাখ পাউন্ড আয় করা আগুয়েরো একসময় ফুটবল খেলে পেত মাত্র ৩০ পাউন্ড। সেই টাকাও ছিল পরিবারের বড় অবলম্বন। ফুটবল-পাগল ছেলেকে নিয়ে বাবা লিওনেল দেল কস্তিল্লার ছিল অনেক আশা। স্থানীয় একটা দল দার্দো রোচায় খেলতেন বাবা। সেই দলের কোচ ছিলেন এদুয়ার্দো গঞ্জালেস। কিশোর আগুয়েরোর প্রতিভা প্রথমে নজরে পড়ে তাঁর। কিছুদিন ইন্দিপেন্দিয়েন্তে ক্লাবে খেলা গঞ্জালেস আগুয়েরোর প্রতিভার খবর পৌঁছে দেন তাঁর বন্ধু, ইন্দিপেন্দিয়েন্তের অনূর্ধ্ব ১৩ দলের কোচ নেস্তর র‌্যামবার্টের কাছে। এভাবেই উঠে আসা আগুয়েরোর।‘লিওনেল সব সময় ওর ছেলের কথা বলত। ওর বয়স যখন আট বছর হলো, ওর খেলা দেখতে গেলাম। দেখলাম, কীভাবে বড় বড় ছেলেকেও নাচাচ্ছে’—আগুয়েরোর শৈশবের কথা সমপ্রতি ব্রিটিশ ট্যাবলয়েড সানকে বলেছেন গঞ্জালেস। আর র‌্যামবার্ট জানিয়েছেন, ‘মাঝে মাঝে ও অনুশীলনে আসত না। এতে অন্য ছেলেদের অভিভাবকেরা ক্ষুব্ধ হতো। কিন্তু আমি ঠিক জানতাম, ওই ছোট্ট ছেলেটাই পরিবারের কিছুটা আয়ের জন্য টাকার বিনিময়ে খেলছে বস্তিতে।’গিনেজ বুকে ১৫২ বার!মানুষের কত রকমের নেশাই না থাকে। আশ্রিটা ফারম্যানের নেশা হলো রেকর্ড করা। না, এই রেকর্ড খেলার দুনিয়ার কোনো কীর্তি নয়। তার পরও খেলার পাতায় তাঁকে নিয়ে লেখার কারণ, ইউএস ওপেন চলার সময় নিউইয়র্কের রাস্তায় এখন শোভা পাচ্ছে ইয়া বড় একটা টেনিস র‌্যাকেট। যে র‌্যাকেটের দৈর্ঘ্য ৫০ ফুট, মাথাটার প্রস্থ ১৬ ফুট। ফারম্যানের ইচ্ছা ছিল একেবারে ইউএস ওপেন চত্বরে নিয়ে গিয়ে এটার প্রদর্শনী করাবেন। কিন্তু অনুমতি মেলেনি। তবে তাঁর অন্য একটি স্বপ্ন হয়তো পূরণ হতে চলেছে। বিশ্বের সবচেয়ে বড় টেনিস র‌্যাকেট হিসেবে এটার নাম হয়তো উঠে যাবে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের খাতায়।এমনিতে ফারম্যানের রেকর্ডের সংখ্যা কিন্তু কম নয়। সব মিলে তাঁর নামের পাশে আছে ১৫১টি রেকর্ড। এই মুহূর্তে গিনেজের সবচেয়ে বেশি রেকর্ডের মালিক তিনিই। তাঁর বানানোর র‌্যাকেটটির আরেকটি মাহাত্ম্য আছে। এটি বানানো হয়েছে সত্তরের দশকে মহিলা কিংবদন্তি খেলোয়াড় বিলি জিন কিং যে টেনিস র‌্যাকেট দিয়ে খেলতেন, একেবারে হুবহু সেটার আদলে। পার্থক্য হলো, আসল র‌্যাকেটটির তুলনায় এটি ‘মাত্র’ ২২ গুণ বড়! রা. হা.