শেষের আগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অজর জর্ন লারিসা লাতিনিনার রেকর্ডটা ভাঙতে পেরেছেন, কিন্তু শত চেষ্টায় ট্রিসা জর্নের রেকর্ড ভাঙতে পারতেন না মাইকেল ফেল্প্স। জর্নের নামের পাশে যে মোট পদকের সংখ্যা ৫৫! এর মধ্যে সোনাই জিতেছেন ৩৭টি!বিস্ময়, শুধুই বিস্ময়। না, ট্রিসা যে এই কীর্তি অলিম্পিকে গড়েননি, সেটা নিশ্চয়ই অনুমান করে নিতে পারছেন। আবার ট্রিসার এই কীর্তি অলিম্পিকেও। পার্থক্য কেবল সেটি প্যারালিম্পিকে। ১৯৮০ থেকে ২০০৪ পর্যন্ত প্যারালিম্পিকে অংশ নিয়ে মার্কিন এই মহিলা সাঁতারু অবিশ্বাস্য সব অর্জন নিজের নামের পাশে লিখিয়েছেন। নয়টি রুপা আর পাঁচটি ব্রোঞ্জও আছে তাঁর!স্বপ্ন দেখতে হলে যে একজোড়া চোখ লাগে, এই ধারণাকে মিথ্যা প্রমাণ করে দিয়েছেন ১৯৬৪ সালে ক্যালিফোর্নিয়ায় জন্ম নেওয়া এই নারী। জন্ম থেকেই অন্ধ। কিন্তু শৈশব থেকেই বড় কিছু করে দেখানোর স্বপ্ন তিনি ঠিকই দেখেছেন। সেই স্বপ্ন পূরণের মঞ্চ হিসেবে বেছে নিয়েছেন প্যারালিম্পিককে।১৯৮০ সাল থেকে টানা সাতটি প্যারালিম্পিকে অংশ নিয়েছেন। প্রথমবার অংশ নিয়েই জিতেছিলেন সাতটি সোনা। এরপর আর পেছনে ফিরে তাকাননি। এর মধ্যে ১৯৯২ বার্সেলোনা প্যারালিম্পিকে জিতেছিলেন ১০টি সোনা আর দুটি রুপা! একসময় তাঁর নামের পাশে ১০টি বিশ্বরেকর্ডও ছিল। শুধু সাঁতারপুলে নয়, জীবনের উত্তাল নদীতেও ভালোমতোই সাঁতরেছেন। সাঁতরাচ্ছেন এখনো। নেব্রাস্কা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে এখন প্রতিবন্ধী শিশুদের পড়াচ্ছেন। ক্রীড়াজগতের এই কিংবদন্তিকে আরও আটজন অ্যাথলেটের সঙ্গে ২০০৫ সালের ১ জানুয়ারি নিউইয়র্কের টাইমস স্কয়ারে সংবর্ধনা দেওয়া হয়। অন্য সংবর্ধিত ক্রীড়াবিদদের মধ্যে ছিলেন নাদিয়া কোমানেচি, ইয়ান থর্প, জর্জ উইয়াহ্রা। রেকর্ড গড়াই হয় ভাঙার জন্য, জর্নের বেলায় এই কথা বোধহয় সত্যি নয়!ছুটছেন ডু টোইটইতিহাসের পাতায় যেমন ট্রিসা জর্ন, তেমনি বর্তমান প্যারালিম্পিয়ানদের মধ্যে অজেয় হলেন নাতালি ডু টোইট। দক্ষিণ আফ্রিকান এই নারী সাঁতারু বর্তমান খেলোয়াড়দের মধ্যে প্যারালিম্পিকে সবচেয়ে বেশি সোনার মালিক। গত মঙ্গলবার এক ডজন সোনাও পূর্ণ হয়ে গেছে তাঁর। তবে ডু টোইটের এমন কীর্তি আছে, যেটা আর কোনো প্যারালিম্পিয়ানের নেই। আসল অলিম্পিকে কোয়ালিফাই করা ইতিহাসের প্রথম খেলোয়াড় তিনিই।২০০৮ বেইজিং অলিম্পিকে অংশও নিয়েছিলেন। ওই অলিম্পিকে অবশ্য আরেক পঙ্গু অ্যাথলেট অংশ নেন। টেবিল টেনিস খেলোয়াড় নাতলিয়া পারতিকা। ডু টোইট অবশ্য সুস্থ-সবল হয়েই জন্মেছিলেন। শৈশব থেকেই সাঁতারের খুব শখ ছিল। সাঁতার অনুশীলন শেষ করে নিজের স্কুটারে করে বাড়ি ফেরার সময় একটা গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। ওই দুর্ঘটনায় নিজের বাঁ পা হারান। সেটা ২০০১ সালের ঘটনা, তাঁর বয়স ১৭ বছর। ডু টোইটের মানসিক জোর বোঝা যাবে এই ঘটনা থেকে: ২০০২ সালের কমনওয়েলথ গেমসে কিন্তু ঠিকই অংশ নেন। এখানে আরেকটি তথ্য জানিয়ে রাখা জরুরি, ডু টোইট কিন্তু এক পা নিয়েই সাঁতরান, কোনো কৃত্রিম পায়ের সাহায্য নেন না। এভাবে সাঁতরেই ইতিহাস গড়ে ফেলেন ২০০২ কমনওয়েলথ গেমসে। সুস্থ-সবলদের ৮০০ মিটার ফ্রি-স্টাইলে কোয়ালিফাই করে। এটাই ইতিহাসের প্রথম পঙ্গু অ্যাথলেটের সুস্থ-সবলদের কোনো ইভেন্টে কোয়ালিফাই করা।স্বাভাবিকভাবেই ডু টোইটের বেশির ভাগ সাফল্য এসেছে প্যারালিম্পিকে। ২০০৪ এথেন্স আর ২০০৮ বেইজিং প্যারালিম্পিকে পাঁচটি করে মোট ১০টি সোনা জেতেন। এবারের গেমসে মঙ্গলবার পর্যন্ত জিতেছেন দুটি। এখন বয়স ২৮। ট্রিসা জর্ন ৪০ বছর পর্যন্ত প্যারালিম্পিকে অংশ নিয়েছিলেন। সেই হিসাবে ডু টোইট অংশ নিতে পারবেন আরও তিনটিতে। কে জানে, জর্নের রেকর্ডটা আসলেই স্থায়ী কি না!অজানা স্বাদআরেকজন অজেয় প্যারালিম্পিয়ানের গল্প শুনুন, যিনি ভুলেই গিয়েছিলেন খেলাধুলায় জয়ের মতো পরাজয়ও অবিচ্ছেদ্য অংশ। জিততে জিততে তাঁর মনে হয়েছিল, জয়টাই বুঝি নিয়তি! তিনি ব্রিটিশ অশ্বারোহী লি পিয়ারসন। প্রথমবার অংশ নিয়েছিলেন ২০০০ সিডনি প্যারালিম্পিকে। তিনটি ইভেন্টেই। ড্রেসেজ, ফ্রি-স্টাইল ড্রেসেজ এবং টিম ড্রেসেজ। তিনটাতেই সোনা। একই ঘটনা ঘটল ২০০৪ এথেন্স এবং ২০০৮ বেইজিং প্যারালিম্পিকেও। তিন-তিরিকে নয়। সোনা যেন তাঁর পোষ মানা ঘোড়া!কিন্তু এবার ঘটে গেল উল্টো ঘটনা। নিজের প্রিয় ইভেন্ট ড্রেসেজে তাঁকে হারিয়ে দিলেন অস্ট্রেলিয়ার জোয়ান ফরমোসা। রুপা নিয়ে সন্তুষ্ট থাকতে হলো পিয়ারসনকে। প্রতি অলিম্পিকে একেকটা ইভেন্টে জয়ের প্রতিক্রিয়া জানানোটা ছিল যাঁর রুটিন, সেই তিনি এবার বললেন, ‘এটা আমার জন্য অদ্ভুত এক অভিজ্ঞতা।’এমন অভিজ্ঞতা ফ্রি-স্টাইল ড্রেসেজেও হলো। এবার ব্রোঞ্জ! আর একটি সোনা জিতলেই কমপক্ষে ১০টি সোনা জেতা প্যারালিম্পিয়ানদের তালিকায় নাম ওঠে। পিয়ারসন কি নয়ের ফাঁদে আটকে পড়লেন? না। কাঙ্ক্ষিত ১০ নম্বর সোনাটি এল মিক্সড টিম চ্যাম্পিয়নশিপে। ডু টোইটের পরেই এখন তিনি সক্রিয় ক্রীড়াবিদদের মধ্যে প্যারালিম্পিকে সবচেয়ে বেশি সোনাজয়ী অ্যাথলেট।পিয়ারসনের শৈশবের গল্পটা জর্ন কিংবা ডু টোইটের চেয়েও মর্মান্তিক। আর্থ্রোগ্রিপোসিস মাল্টিপ্লেক্স কনজেনিটা নামের বিরল এক রোগে আক্রান্ত হয়েছিলেন। ছয় বছর বয়স হতে না হতেই ১৫ বার অস্ত্রোপচার টেবিলে যেতে হয়েছিল। তাঁর বেঁচে থাকার গল্পটা এতটাই অনুপ্রাণিত করেছিল তখনকার ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারকে যে তিনি পিয়ারসনের হুইলচেয়ার ঠেলে নিয়ে গিয়েছিলেন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে। আয়রন লেডির মনও গলে গিয়েছিল বরফের মতো! রাজীব হাসান