শেষের আগে
আবার বিয়েবিয়ের অমৃত সুধা আবার পান করলেন মাইক টাইসন। আবার বিয়ে! টাইসনের বিয়ের হিসাব রাখাই মুশকিল হয়ে দাঁড়িয়েছে। সাবেক বক্সার এবং হালের শখের অভিনেতা টাইসন যে তাঁর তৃতীয় স্ত্রী লাকিহা স্পাইসারকেই দ্বিতীয়বারের মতো বিয়ে করলেন লাস ভেগাসে এক জাঁকালো অনুষ্ঠানে। স্পাইসারকে ২০০৯ সালে গোপন এক অনুষ্ঠানে বিয়ে করেছিলেন টাইসন। বিয়ের আয়োজনটা ঠিক মনমতো হয়নি। একে তো আয়োজনটা সীমিত রাখতে হয়েছিল, তার ওপর টাইসনের চার বছর বয়সী মেয়েটা এক দুর্ঘটনায় মারা গিয়েছিল এর দিন কয়েক আগে। মেয়ের মৃত্যুশোক ঠিকমতো সামলে উঠতে না উঠতেই বিয়ে করেন ‘ব্যাডেস্ট ম্যান অন দ্য প্লানেট’ হিসেবে পরিচিতি পাওয়া এই বক্সার। বক্সিং রিংয়ে ইভান্ডার হলিফিল্ডের কান কামড়ে নিয়ে আলোচনায় আসা টাইসনের পক্ষে এটা খুবই সম্ভব। তাই তখন খুব একটা সমালোচনাও হয়নি। ধর্ষণের অপরাধে জেল খেটেছেন যিনি, তাঁর পক্ষে সবই সম্ভব। তবে ন্যাড়া যে তৃতীয়বারের মতো বেলতলায় গেছে, এটাও কিন্তু অনেকের কাছে কম বিস্ময়ের নয়। টাইসনের প্রথম দুটো বিয়ের অভিজ্ঞতা সুখকর ছিল না। প্রথম স্ত্রী রবিন গিভেন্স তাঁর বিরুদ্ধে শারীরিক-মানসিক নির্যাতনের অভিযোগও এনেছিলেন। এ নিয়ে মামলা-মোকদ্দমাও হয়েছে। ১৯৯৭ সালে দ্বিতীয়বার বিয়ের মালা বদল করেন মনিকা টার্নারের সঙ্গে। এই সম্পর্কেরও ইতি হয় আদালতে। টাইসনের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ আনেন টার্নার। ২০০৯ সালের জুনে নিজের মেয়ের মৃত্যুর ১০ দিনের মাথায় টাইসন বিয়ে করেন আবার। সেবার আয়োজনটা মনের মতো হয়নি বলেই ৪৫তম জন্মদিনে তৃতীয় স্ত্রীর সঙ্গেই দ্বিতীয়বার বিয়ের মালা পাল্টালেন। এই না হলে মাইক টাইসন!বিতর্কে জড়াতেবিতর্কে জড়াতে কে চায় বলুন? সবাই চায় বিতর্ক এড়াতে। কিন্তু ফ্রান্সের মহিলা ফুটবল দল চড়েছে উল্টো রথে। তারা স্বেচ্ছায় নিজেদের জড়াতে চায় বিতর্কে। রসদটাও নিজেরাই জুগিয়েছে। গত রোববার জার্মান ট্যাবলয়েড বিল্ড-এ ছাপা হয়েছে ফ্রান্সের তিন ফুটবলারের ছবি। শুধু ছবিতেই তো বিতর্ক জমে না, জমাতে কিছু কাণ্ড করা চাই। আর সেটাই তাঁরা করেছেন গায়ে একটা সুতোও না চড়িয়ে, পুরো বিবসনা হয়ে ক্যামেরার সামনে হাজির হয়ে!গায়েটিন থিনি, এলোদি টমিস আর করিন ফ্রাঙ্কো—এই ত্রয়ী করেছেন এমন সাহসী কাণ্ড, সেটিও জার্মানিতে মহিলা বিশ্বকাপ চলার সময়। উদ্দেশ্য তাঁদের একটাই—এ নিয়ে বিতর্ক হোক। বিতর্ক হলেই আলোচনা হবে। মেয়েদের ফুটবল নিয়ে লেখালেখি হবে পত্রপত্রিকায়। পাঠকদের নাকি তাঁরা বার্তা দিতে চেয়েছেন, ‘দর্শক হিসেবে মাঠে এলে আমাদের এমন মোহনীয় অবস্থাতেই আবিষ্কার করবেন আপনারা!’ থিনি বলেছেন, ‘ছবিটা কিন্তু খুবই সুন্দর এসেছে। আমরা কিছু আলোচনা উসকে দিতে চাই।’তবে শুধু এমন কাণ্ড করে আলোচনায় আসতে চান না। চান, মাঠে নিজেদের ফুটবলের দক্ষতাও দেখিয়ে দিতে। সেটাও কিন্তু বলেছেন থিনি, ‘আমরা সাফল্য এনে দিয়েই আরও বেশি মনোযোগ কাড়তে চাই।’নতুন শুরুএকসময় ছিলেন প্রচারের উজ্জ্বল আলোতে। ছিলেন বিশ্বের শীর্ষ ফুটবল তারকাদের একজন হয়ে। আর্সেনালের হয়ে খেলার সময় ক্যারিয়ারের সূর্যটাও ছিল গনগনে। এখন সেটিই হেলে গেছে অস্তাচলে। ‘বুড়োদের পুনর্বাসন কেন্দ্র’ বলে ঠাট্টা করা হয় যে যুক্তরাষ্ট্রের ফুটবল লিগকে, থিয়েরি অঁরি এখন সেখানকারই বাসিন্দা। এই ফরাসি স্ট্রাইকার খেলেন নিউইয়র্ক রেড বুলসের হয়ে। অঁরি এখন প্রচারের আলো থেকে অনেক দূরে।আর্সেনালের হয়ে দুবার ইংলিশ প্রিমিয়ার লিগ জিতেছেন, জিতেছেন তিনটি এফএ কাপ, দুটো কমিউনিটি শিল্ড। তার পরও সেই সম্পর্কের ইতি টেনে আরও সাফল্যের নেশায় ২০০৭-এ চলে আসেন বার্সেলোনায়। সাফল্য ধরা দিচ্ছিল ঠিকই, ২০০৮ সালে এক বছরে বার্সার ছয়-ছয়টি শিরোপা জেতার অবিস্মরণীয় কীর্তির সারথিও ছিলেন। কিন্তু স্ট্রাইকার হিসেবে পেদ্রোর উত্থান দলে জায়গা অনিশ্চিত করে দেয় তাঁর। বিশ্বকাপটাও একরকম বেঞ্চে বসে কাটানো অঁরি শেষ পর্যন্ত চলে যান যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে।২০১০ সালে ক্যারিয়ারের এই নতুন যাত্রাপথে মানিয়ে নিতে কষ্টই হচ্ছিল। গত বছর তো বলার মতো তেমন কোনো পারফরম্যান্সও ছিল না। কিন্তু এবার মৌসুম শুরুর আগেই ৩৩ বছর বয়সী অঁরি নতুন করে শুরুর প্রত্যয় জানিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি তাঁর পায়েও। কিছুদিন ধরে নিয়মিতই গোল করছেন। কদিন আগে টরন্টোর বিপক্ষে করলেন জোড়া গোল। মৌসুমের প্রথমার্ধে এরই মধ্যে ৯ গোল করে গোলদাতাদের তালিকায় শীর্ষেই আছেন। দেখা যাক, অঁরির বুড়ো হাড়ে আর কতটা ঝলক অবশিষ্ট আছে! রাজীব হাসান