শেষের আগে
অধ্যায়ের শেষঅবশেষে একটা অধ্যায়ের সমাপ্তি হলো। গত বুধবার আনুষ্ঠানিকভাবে অবসর ঘোষণা করলেন ইয়াও মিং। চীনের মতো দেশ থেকে উঠে এসে যুক্তরাষ্ট্রের এনবিএর (ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন) তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন নিজেকে। ছিলেন চীনের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া তারকাদের একজন। সেই ইয়াও অবশেষে হিউস্টন রকেটসের হয়ে আট মৌসুমের ক্যারিয়ারের সমাপ্তি টেনে দিলেন। শেষ দুটো মৌসুম যাঁর কেটেছে হতাশায়। পায়ের পাতা আর অ্যাঙ্কেলের চোটের কারণে এই দুই মৌসুমে খেলেছেন মাত্র পাঁচটি ম্যাচ।৭ ফুট ৬ ইঞ্চি উচ্চতা আর ১৪১ কেজি ওজনের দৈত্যকায় এই বাস্কেটবল তারকা বিদায় বেলায় ধন্যবাদ জানিয়েছেন সবাইকে। সবচেয়ে বড় ধন্যবাদটি দিয়েছেন বাস্কেটবলকেই, ‘এই খেলাই তো আমাকে এত কিছু দিয়েছে। আমাদের বড় একটা মঞ্চ করে দিয়েছে নিজের যোগ্যতা প্রমাণের।’বয়স মাত্র ৩০ বছর। চাইলে আরও কিছুদিন খেলে যেতে পারতেন। কিন্তু চোটের কারণে হার মানতে হলো। এ কারণে বিদায় বেলায় কিছুটা বিষণ্নও ছিলেন, ‘চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়াটা কেবলই দীর্ঘায়িত হচ্ছিল। আমার পরিবার, বন্ধুদের সমর্থন নিয়েই এই সিদ্ধান্তে আসতে পেরেছি। যখন বাস্কেটবল শুরু করেছিলাম, আমার মা-বাবা বলেছিল, নিজের সেরাটা ঢেলে দাও। কিন্তু একদিন আসবে তোমাকে থেমে যেতে হবে। ১৮ বছর ধরে আমি এই দিনটারই প্রস্তুতি নিয়েছি। যদিও মনে হচ্ছে শেষের এই দিনটা একটু আগামই চলে এল।’বাস্কেটবলের প্রতি তিনি যেমন কৃতজ্ঞ, তেমনি বাস্কেটবল নিশ্চয়ই তাঁর প্রতি কৃতজ্ঞ খেলাটিকে চীনের মতো বিশাল একটি দেশে ছড়িয়ে দেওয়ায় অবদান রাখায়। ইয়াওয়ের বিদায় তাই সত্যি সত্যিই একটা অধ্যায়ের সমাপ্তি।এখন বন্ধুএকসময় তাঁদের মধ্যে ছিল সাপে-নেউলে সম্পর্ক। খেলোয়াড়ি দিনগুলোতে দুজনের দ্বৈরথ এ কারণে ছিল আকর্ষণীয়। যে লড়াই মাঝেমধ্যেই ছাপিয়ে যেত কোর্টের সীমানা। কিন্তু সেসব দিন এখন অতীত। জন ম্যাকেনরো আর বিয়ন বোর্গ দুজনের মধ্যে এখন দারুণ দোস্তি।বলা যায় জানি দোস্ত দুজন দুজনের। এতটাই টান, ম্যাকেনরোর এক ডাকেই সাড়া দিয়ে কদিন আগে যুক্তরাষ্ট্রে উড়ে এসেছেন এই সুইড। বৃহস্পতিবার নিউইয়র্কে একটা প্রীতি ম্যাচ খেলেছেন। যে ম্যাচ থেকে ৩ লাখ মার্কিন ডলার আয় হয়েছে। এই টাকা চলে যাবে ‘ম্যাকেনরো টেনিস একাডেমি’র তহবিলে। টেনিসের উন্নয়নে কাজ করছে এই একাডেমি।ম্যাচটা খেলার কথা ছিল জিমি কোর্নসের। শেষ মুহূর্তে কোর্নস অপারগতা জানান। প্রায় এক দিনের নোটিসে খেলতে উড়ে চলে আসেন। ম্যাচটা আসলে ছিল ‘ওয়ার্ল্ড টিম টেনিস’ সিরিজের অন্তর্ভুক্ত। সাবেক আর বর্তমান খেলোয়াড়দের নিয়ে গড়া নয়টি দল খেলে এই সিরিজে। পুরুষ একক, পুরুষ দ্বৈত, মহিলা একক, মহিলা দ্বৈত আর মিশ্র দ্বৈত—এই পাঁচ বিভাগে একটি করে এক সেটের ম্যাচ হয়। সব মিলে পাঁচ সেটের ফলাফল দিয়ে নির্ধারিত হয় দলের জয়-পরাজয়।বৃহস্পতিবার একমাত্র সেটের ম্যাচটিতে ৫-৪ ব্যবধানে হেরে গেছেন বোর্গ। ম্যাচের পর বলেছেন, ‘ম্যাকেনরো এখনো দেখি দারুণ খেলে।’ বলেছেন তাঁদের সম্পর্ক নিয়েও, ‘এখন আমরা দুজন দুজনের অনেক কাছের। আমাদের দুজনের সেই খেলোয়াড়ি দিন থেকেই অনেক সোনালি স্মৃতি আছে। দুজনে মিলে টেনিসটাকে আমরা অন্য একটা ধাপে নিয়ে গিয়েছিলাম।’চ্যালেঞ্জের মুখেব্রিটেনের জুনিয়র টেনিস চ্যাম্পিয়ন ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত পেশাদার ক্যারিয়ারে উইম্বলডনে একবার চতুর্থ রাউন্ড যাওয়া ছাড়া কিছুই করতে পারেননি। সেই ডেবি জেভানসের দিকেই আগামী অলিম্পিকে তাকিয়ে থাকবে পুরো ব্রিটেন!না, জেভানস অলিম্পিক টেনিসে অংশ নিচ্ছেন না। সেই সুযোগও নেই। তার পরও অলিম্পিকে ব্রিটেনের সাফল্য-ব্যর্থতার সিংহভাগ নির্ভর করছে এই ৫০ বছর বয়সী মহিলার ওপর। জেভানস যে লন্ডন অলিম্পিকের ক্রীড়া পরিচালকের দায়িত্বে। আগামী আগস্টে লন্ডন অলিম্পিকের মশাল জ্বলবে। সময় আর বেশি নেই। জেভানস আর তাঁর সহকর্মীদের দিনরাত প্রায় এক হয়ে গেছে। ভেন্যুর প্রস্তুতি, ক্রীড়া সরঞ্জাম কেনা থেকে শুরু করে অলিম্পিক ভিলেজে অ্যাথলেটদের জামা-কাপড় ধোয়ার ব্যবস্থা নিশ্চিত করার দায়িত্বও তাঁর কাঁধে। অবশ্যই গুরুদায়িত্ব। আর কঠিন সেই চ্যালেঞ্জ সফলভাবে সম্পন্ন করতে জেভানস প্রস্তুত, ‘আমার দায়িত্ব এই আসরটিকে সফল করা। বলতে পারেন, ভেন্যু টিমের দায়িত্ব মঞ্চটাকে তৈরি করে দেওয়ার আর আমার দায়িত্ব নাটকটি সফলভাবে মঞ্চায়নের।’ এই কদিনে অলিম্পিকের সবগুলো ভেন্যুর সঙ্গে সন্তানের সম্পর্ক গড়ে উঠেছে। চোখের সামনে সন্তানদের বেড়ে উঠতে দেখার যে অনুভূতি, সেটাই হচ্ছে জেভানসের। ‘এ এক অদ্ভুত অনুভূতি। মনে হচ্ছে নতুন করে যেন মা হচ্ছি’—বলেছেন জেভানস। রাজীব হাসান