শেষের আগে
শেষ ইচ্ছাপেশায় ছিলেন হিসাবরক্ষক। জীবনের হিসাব চুকিয়ে পাড়ি দিয়েছেন ওপারে। কিন্তু নেশা ছিল তাঁর ক্রিকেট, মৃত্যুর পরও ক্রিকেটের প্রতি সেই ভালোবাসা দেখানোর সুযোগ ছাড়েননি স্ট্যানলি জনসন। ক্রিকেট যখন পা রেখেছে কলিযুগে, টি-টোয়েন্টির উত্থানের স্রোতে যখন টেস্ট নাকি অনেকটাই ম্রিয়মাণ, সেই সময় জনসন জানিয়ে দিলেন, সাচ্চা ক্রিকেটপ্রেম কখনো মরে না। সম্প্রতি নিউজিল্যান্ডে প্রয়াত এই ব্রিটিশ ক্রিকেটপ্রেমী তাঁর উইলে লিখে গিয়েছিলেন, মৃত্যুর পর যেন তাঁর দেহভস্ম বিশ্বের ১২টি টেস্ট ভেন্যুতে ছড়িয়ে দেওয়া হয়। জনসনের শেষ ইচ্ছা পূরণ করতে তাঁর দেহভস্ম নিয়ে বিশ্বভ্রমণে বেরিয়েছেন বন্ধুরা। এই ভ্রমণের নাম দেওয়া হয়েছে “স্ট্যানলি জনসন’স অ্যাশেজ ট্যুর”।জনসনের এই দেহভস্ম ছড়িয়ে দেওয়া হবে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ আর ইংল্যান্ডের মোট ১২টি ভেন্যুতে। সব মিলে আটজনের কাঁধে চেপেছে এই গুরুদায়িত্ব। দেহের ছাইভস্ম দিয়ে এই ‘অ্যাশেজ’ সফরের সময় প্রত্যেকের পরনে থাকবে অভিন্ন টি-শার্ট। তাতে লেখা থাকবে “স্ট্যানলি জনসন’স অ্যাশেজ ট্যুর”। প্রথম ছাইয়ের অংশ ছড়িয়ে দেওয়া হবে লন্ডনের ওভালে। শেষ ছাইয়ের অংশটি ল্যাঙ্কাশায়ারের একটি ক্লাবের মাঠে, যেখানে একসময় ছোটদের ক্রিকেট খেলেছেন জনসন। যত দোষ, টুইটার ঘোষসময়টা এখন ফেসবুক আর টুইটারের। আপনার মন খারাপ? দিয়ে দিন একটা স্ট্যাটাস। পেট ব্যথা করছে? তাতেও স্ট্যাটাস দিন। কিংবা আপনার কিছুই হচ্ছে না, তার পরও স্ট্যাটাস দিন; স্ট্যাটাস দিতে তো আর টাকা লাগে না। তবে ভাবিয়া দিয়ো স্ট্যাটাস, দিয়া ভাবিও না। কারণ আপনার দেওয়া ছোট্ট স্ট্যাটাস বাধিয়ে দিতে পারে বড় গ্যাঞ্জাম।ক্রীড়াঙ্গনে তাই মাঝেমধ্যেই ক্রীড়া তারকার দেওয়া টুইটার আলোচনায় আসে। বেআক্কেলের মতো স্ট্যাটাস দেওয়ায় আক্কেল সেলামিও দিতে হয় অনেককেই। গত কয়েক মাসে কেবল ইংলিশ ক্লাব ফুটবলকে কেন্দ্র করেই বেশ কয়েকবার আলোচনায় এসেছে টুইটার নামের এই খুদে ব্লগ।গত মে মাসে ‘১০ সেকেন্ডের মধ্যে তোকে শেষ করে দেব’ জাতীয় হুমকি এক লিভারপুল সমর্থককে দিয়েছিলেন ওয়েইন রুনি। লিভারপুলের রায়ান বাবেল এক কাঠি বেশি সরেস। ইংলিশ রেফারি হাওয়ার্ড ওয়েবের গায়ে ম্যানইউর জার্সি লাগিয়ে সেই ছবি পোস্ট করে দিয়েছিলেন টুইটারে। ইঙ্গিত পরিষ্কার—ওয়েব ম্যানইউর পক্ষপাতিত্ব করেন। এমন ছবি দেওয়ায় সমালোচনার পাশাপাশি ১০ হাজার পাউন্ড জরিমানাও গুনতে হয়েছিল বাবেলকে। ওয়েস্ট হামের কার্লটন কোল জরিমানা গুনেছেন ২০ হাজার পাউন্ড। কোলেরই ক্লাব সতীর্থ ড্যানি গ্যাবিডনকে সতর্ক করে দেওয়া হয়েছিল। নিউ ক্যাসলের বদলিনীতির সমালোচনা করায় ক্লাব কর্তৃপক্ষ দুই সপ্তাহ নিষিদ্ধ করেছিল জোয়ে বার্টনকে।এমন আরও অনেক নজিরই আছে। অনেক ক্লাব টুইটার ব্যবহার নিষিদ্ধ করেছে খেলোয়াড়দের জন্য, অনেকে আবার চালু করেছে জরিমানার ব্যবস্থা। ফুটবলে নাৎসিবাদজার্মানরা যান্ত্রিক ফুটবল খেলে—অনেক নিন্দুকের মুখে গত বিশ্বকাপের আগ পর্যন্ত প্রায়ই শোনা যেত এই কথা। গত বিশ্বকাপে তরুণতর দল নিয়ে দুর্দান্ত খেলে সেই সমালোচকদের মুখে কুলুপ এঁটে দিয়েছেন জোয়াকিম লো। তবে বিশ্বকাপে ১৭ বার অংশ নিয়ে ১২ বারই শেষ চারে শেষ করা জার্মান দলটিকে এই ‘যান্ত্রিক’ অপবাদ কিন্তু শুনতে হতো না, যদি হিটলার আর তাঁর নাৎসি বাহিনী টিকে থাকত। কারণ সম্প্রতি আবিষ্কৃত একটি ঐতিহাসিক দলিলপত্রে দেখা যাচ্ছে, জার্মান ফুটবল দলকে নাৎসি বাহিনীর আদলে গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছিল। রণক্ষেত্রে নাৎসিরা যেমন ছিল চৌকস, অবিশ্বাস্য দ্রুততায় দখল করে নিচ্ছিল একের পর এক দেশ; একইভাবে জার্মান দলকেও আক্রমণাত্মক হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছিলেন কার্ল ওবারহুবার নামের প্রভাবশালী এক নেতা। ১৯৩৬ থেকে ১৯৬৪ পর্যন্ত দীর্ঘ ২৮ বছর জার্মান দলের কোচ ছিলেন সেপ হারবার্জার। ১৯৫৪ সালে জার্মানিকে প্রথম বিশ্বকাপও জিতিয়েছিলেন। কিন্তু এই হারবার্জারকে পছন্দ করতেন না ওবারহুবার। ‘অধিকতর ইহুদিসুলভ’ অনুশীলন পদ্ধতি বাদ দিয়ে হারবার্জারকে ‘নাৎসি-পদ্ধতি’ অনুসরণের পরামর্শ দিয়েছিলেন তিনি। যুদ্ধক্ষেত্রে নাৎসিদের বিভিন্ন কৌশলের কাগজপত্রও নাকি হস্তান্তর করা হয়েছিল হারবার্জারের কাছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার বাহিনীর পতন না হলে হয়তো নাৎসিবাদী ফুটবল নামের নতুন একটা ফুটবলের ধারাও জন্ম নিত! রাজীব হাসান