শেষের আগে মুরালি-রূপকথা
ভাবছেন, স্রেফ হয়ে গেছে বা এসব তাঁর ভাগ্যেই ছিল! কে লিখেছেন এমন চিত্রনাট্য? ক্রিকেট-বিধাতা স্বয়ং? দূর, ওসব বাজে কথা। কুমার সাঙ্গাকারার দৃঢ় বিশ্বাস, ‘এসব কর্মফল, মুত্তিয়া মুরালিধরনের এসব পাওনা!’গত বছরের গল টেস্ট। আগেই জানিয়ে দিয়েছেন, এটাই শেষ টেস্ট। ৮০০ উইকেট পেতে প্রয়োজন ৮ উইকেট। ঠিক ৮টাই পেলেন, ৮০০তম উইকেটটি এল টেস্ট ক্যারিয়ারের শেষ বলে! বিশ্বকাপ ও ওয়ানডে ক্যারিয়ারের শেষ বলে পান কি না, জানতে হলে আর দুটো দিন অপেক্ষা করতে হবে। কিন্তু দেশের মাটিতে শেষ ম্যাচটা খেলে ফেলেছেন। শতভাগ ফিটের কাছাকাছিও ছিলেন না, কিন্তু তাঁকে আটকায় কার সাধ্যি! মাঠে নামলেন এবং গুরুত্বপূর্ণ ২টি উইকেট পেলেন, যার শেষটি যথারীতি দেশের মাটিতে শেষ বলে!কাকতাল বা ভাগ্য, যা খুশি বলতে পারেন। কিন্তু সাঙ্গাকারার কথাটা একটু শুনে নিন, ‘আমার ধারণা, ওর সবকিছু এমন রূপকথার মতো হয়, কারণ ও মানুষ হিসেবে অসাধারণ। খুবই সৎ, প্রচণ্ড পরিশ্রমী। ওর মাঝে লোক দেখানো বা ভন্ডামি বলে কিছু নেই। ও নিজে এত বেশি ভালো, তাই সব ভালো ভালো জিনিস ওর সঙ্গেই যায়।’এ জন্যই দলে ভীষণ জনপ্রিয়ও মুরালি। মুরালির ‘ফেয়ারওয়েল ল্যাপে’ বেরিয়ে আসে পুরো দল। সবার আগে মুরালি, যথারীতি শ্রীলঙ্কা ক্রিকেট দলের সমর্থক নম্বর ওয়ান পার্সি অভয়সেকেরার পতাকার ছায়ায়। পেছনে সাঙ্গাকারাসহ বাকি সবাই। একটু আগে নিশ্চিত হয়েছে টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনাল, দলের অনেকের জন্য প্রথম। বিশাল এক উপলক্ষ, বাঁধভাঙা আনন্দে ভেসে যাওয়ার মুহূর্ত। কিন্তু এটাই যে আবার দেশের ইতিহাসের সবচেয়ে বড় ক্রিকেট তারকার বিদায়ের মুহূর্ত। বিশ্বকাপ ফাইনালে ওঠার আনন্দের চেয়ে মুরালির বিদায় কি কোনো অংশে কম! ফেয়ারওয়েল ল্যাপের সময় দলের প্রত্যেক ক্রিকেটারের চেহারায় যে বিষণ্নতার ছাপ, সেটাকে কিন্তু একবারের জন্যও মেকি মনে হয়নি। কারণ ওই যে, মুরালি শুধু বোলিং-কিংবদন্তিই নন, একজন অসম্ভব ‘ভালো মানুষ’ আর সবার কাছের বন্ধু!‘খুব ইমোশনাল মুহূর্ত ছিল, কারণ দেশের মাটিতে বিশ্বকাপে এটাই ছিল আমাদের শেষ ম্যাচ। মুহূর্ত ছিল বিশেষ কিছু, কারণ মুরালি দেশের মাটিতে শেষবারের মতো খেলছে। যখনই মনে পড়ে, বিশ্বের সেরা বোলারটির সঙ্গে এটিই শেষ ম্যাচ, এই শেষ কিছু মুহূর্ত...অনুভূতিটা বলে বোঝানো মুশকিল। আমরা যারপরনাই খুশি, ফাইনালে উঠেছি। আমরা প্রচণ্ড কষ্ট পাচ্ছি, দেশের মাটিতে এটাই ছিল মুরালির শেষ ম্যাচ!’ বলেছেন সাঙ্গাকারা।এমন হাসি-কান্না, খুশি-কষ্ট, উচ্ছ্বাস আর বেদনায় মিশ্রিত আর একটি মাত্র দিনের প্রতীক্ষায় শ্রীলঙ্কা। ২ এপ্রিল, মুম্বাইয়ে বিশ্বসেরার ট্রফি উঁচিয়ে ধরবেন কুমার সাঙ্গাকারা। একটু পর সেই ট্রফি নিয়ে পুরো মাঠ চক্কর দেবেন মুরালিধরন, তাঁর চোখে অশ্রু, মুখে হাসি। দেশের জার্সি গায়ে ক্রিকেট মাঠে শেষ দিন, সেই দিনই আবার জীবনের অন্যতম সেরা অর্জন!