শেষের আগেই শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো ব্রাজিলীয় কিংবা আর্জেন্টাইন পর্যটক বিশ্বকাপের সময় বাংলাদেশে এলে একটু অবাকই হতেন। ঢাকা শহর তো বটেই, বিভাগীয় কিংবা জেলা শহরের অলিতে-গলিতেও উড়ছে ব্রাজিল-আর্জেন্টিনার পতাকা! অনেক জায়গায়ই শোভা পেয়েছে দুই দলের খেলোয়াড়দের ছবিসংবলিত ব্যানার। দুই দেশের জাতীয় পতাকার রঙে বাড়ির রং করে ফেলার ‘পাগলামি’রও দেখা মিলেছে। স্পেন, জার্মানি, ইংল্যান্ড কিংবা ইতালির পতাকা দু-একটি দেখা গেলেও বিশ্বকাপে বাংলাদেশের মানুষ ছিল মূলত এ দুই দলে বিভক্ত। এ কারণেই অনেকে বলেছেন, ১১ জুলাই বিশ্বকাপের ফাইনালের এক সপ্তাহ আগেই শেষ হয়ে গেছে বাংলাদেশের মানুষের বিশ্বকাপ। ২০০৬ বিশ্বকাপে আগের দিন বিদায় নিয়েছিল আর্জেন্টিনা, পরদিন ব্রাজিল। এবার হলো উল্টোটা। ২ জুলাই হল্যান্ডের কাছে হেরে বিদায় নিল ব্রাজিল। পরদিন ৩ জুলাই জার্মানির কাছে হেরে আর্জেন্টিনা। কাকতালীয়ভাবে, গতবারের মতো এবারও কোয়ার্টার ফাইনাল থেকে। পরপর দুই দিনের এই ‘ভূমিকম্পে’ বাংলাদেশে বিশ্বকাপের উত্তাপ অনেকটাই হারিয়ে যায়। ফুটবল খেলার মতো তুচ্ছ একটা ব্যাপার নিয়ে এত মাতামাতির কী আছে—এমন একটা দার্শনিকসুলভভাবেও আক্রান্ত হতে দেখা যায় অনেককে।