শেষের পথে এক কাপ চা
অবশেষে শেষ হতে যাচ্ছে চিত্রনায়ক ফেরদৌস প্রযোজিত ও নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত এক কাপ ছবিটির শুটিং। সবকিছু ঠিকঠাক চললে সপ্তাহখানেকের মধ্যে ছবিটির শুটিং শেষ হবে। বর্তমানে কক্সবাজারে ছবিটির শেষ গানের শুটিং হচ্ছে। গানটির কথা লিখেছেন কবির বকুল ও আর সুর করেছেন ইমন সাহা। বাসু চ্যাটার্জির কাহিনি ও চিত্রনাট্যে ‘এক কাপ চা’ ছবির শুটিং শুরু হয়েছিল ২০১০ সালের ১৫ অক্টোবর।ছবির পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল জানিয়েছেন, ‘ফেরদৌস ও মৌসুমী এখন যে গানটির দৃশ্যায়নে অংশ নিচ্ছেন—এ গানটিতে কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা। পুরুষ কণ্ঠশিল্পী হিসেবে থাকবেন ভারতের কণ্ঠশিল্পী হরিহরণ। তবে বর্তমানে ডামি ভয়েসের মাধ্যমেই শুটিং চালিয়ে নেওয়া হচ্ছে।’৫ মে থেকে এক কাপ চা ছবির ইউনিট কক্সবাজারে অবস্থান করছে। দু-এক দিনের মধ্যে ঢাকায় ফিরে ফেরদৌস ও মৌসুমীর কয়েকটি দৃশ্যের শুটিংয়ের পর ক্যামেরা ক্লোজ করা হবে বলে জানিয়েছেন পরিচালক নেয়ামুল।নেয়ামুল আরও বলেন, ‘গানটি এবং কিছু প্যাচওয়ার্ক ছাড়া ছবিটির শুটিং হওয়া সবগুলো দৃশ্যের সম্পাদনার কাজ কিন্তু শেষ। তবে ছবিটির মুক্তির ব্যাপারে ফেরদৌস ভাই সিদ্ধান্ত নেবেন।’এক কাপ চা ছবির প্রধান চরিত্রে অভিনয় করছেন ফেরদৌস, মৌসুমী, এজাজুল ইসলাম ও মুনিরা মিঠু। এখানে ফেরদৌসকে ইংরেজির প্রভাষক এবং মৌসুমীকে গ্রন্থাগারিক হিসেবে দেখানো হবে। আর অধ্যক্ষের চরিত্রে অভিনয় করেছেন রাজ্জাক। এ ছাড়া ছবিটির অন্যান্য অভিনয়শিল্পীরা হলেন ঋতুপর্ণা, আলমগীর, হুমায়ুন ফরীদি, ওমর সানী, নিপুণ, ইমন, নিরব, মীর সাব্বির, আঁখি আলমগীর, অমল বোস, তুষার খান ও শহিদুল ইসলাম সাচ্চু।