শেষের পথে রূপগাওয়ালের শুটিং
লোকজ কাহিনি নিয়ে নির্মিতব্য চলচ্চিত্র ‘রূপগাওয়াল’ চলচ্চিত্রের শুটিং শেষের পথে। সম্প্রতি ময়মনসিংহে ছবিটির পঞ্চম ধাপের কাজ শেষ হয়েছে। পরিচালনা করছেন হাবিবুর রহমান। এই ধাপের শুটিংয়ে অংশ নিয়েছেন চম্পা, শিমলা, নিলয়, মাসুম আজিজসহ আরও অনেকে। পরিচালক হাবিবুর রহমান জানান, ‘ময়মনসিংহে আমরা যেখানে শুটিং করেছি সেখানকার সবাই আমাদের বেশ সহযোগিতা করেছে। ইউনিট সংশ্লিষ্ট সবার বিশেষ করে অভিনয়শিল্পীরা সকলেই সহযোগিতা করেছেন। মূলত তাঁদের জন্য এত দ্রুততার সঙ্গে কাজটা করতে পারছি।’ পরিচালক এও বলেন, ‘যেভাবে কাজ এগোচ্ছে আশা করছি এপ্রিলের মধ্যে পুরো ছবির শুটিং শেষ করতে পারব।’রূপগাওয়াল ছবির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন শিমলা। তিনি বলেন, ‘ছবিটির গল্পটা খুবই চমত্কার। কাজ করে বেশ ভালো লাগছে। এর আগে টানা বেশ কয়েক দিন সিলেটেও ছবিটির শুটিং করেছি। ময়মনসিংহে এবারের কাজটি বেশ আনন্দ নিয়ে করেছি।’রূপগাওয়াল চলচ্চিত্রের অন্যান্য অভিনয়শিল্পীরা হলেন চম্পা, নিলয়, লিজা, শ্রাবণী, মাসুম আজিজ, আনোয়ার শাহীসহ আরও অনেকে। ছবির বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, মমতাজ, সালমা, রিংকু, পারভেজ প্রমুখ।