শেয়ার কারসাজির হোতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি সাংসদদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ার কারসাজির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নিতে সরকারের কাছে আহ্বান জানিয়েছেন একাধিক সাংসদ। জাতীয় সংসদে ২০১১-১২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে আজ বৃহস্পতিবার তাঁরা এ আহ্বান জানান।সাংসদ আবদুর রাজ্জাক বলেন, বাজেট ভালো হয়েছে। এখন বাস্তবায়ন করতে হবে। তিনি এলপি গ্যাসের সিলিন্ডারের দাম কমানো, শষ্যবীমা চালুর প্রস্তাবকে স্বাগত জানান। রপ্তানি আয়ের ওপর প্রস্তাবিত করহার ১ দশমিক ৫০ শতাংশ প্রত্যাহার করে দশমিক ২৫ শতাংশ হারে কর নির্ধারণের দাবি জানান তিনি।আবদুর রাজ্জাক দেশের শেয়ারবাজারের কারসাজির সঙ্গে যাঁরা জড়িত, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তিনি বলেন, শেয়ারবাজারে যে ঘটনা ঘটেছে, তা অত্যন্ত অনভিপ্রেত। প্রধানমন্ত্রী সঠিক সময়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত দেন। খোন্দকার ইব্রাহিম খালেদের নেতৃত্বে কমিটি যে সুপারিশ করেছে, তার যথাযথ বাস্তবায়ন দাবি করেন তিনি।সাংসদ বজলুল হক হারুনও শেয়ারবাজার কারসাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেন। নিয়ন্ত্রক সংস্থা এসইসিতে দক্ষ লোক নিয়োগ দিয়ে বাজারকে সঞ্চালন করতে বলেন তিনি। তিনি বলেন, যাঁরা শেয়ারবাজারকে অস্থিতিশীল করে সুবিধা নিতে চান, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, প্রতিবার বাজেটের আগে-পরে দেশে জিনিসপত্রের দাম বাড়ে। কিন্তু এবার স্থিতিশীল রয়েছে।বিদ্যুত্ ও জ্বালানি প্রতিমন্ত্রী এনামুল হক এলপি গ্যাস সিলিন্ডারের দাম কমানোর প্রস্তাবে অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি বাজেট আলোচনায় বিদ্যুত্ ও জ্বালানি খাতের বর্তমান অগ্রগতির তথ্য তুলে ধরেন।সরকারি কর্মকর্তাদের নিজের টাকায় আয়কর দেওয়ার প্রস্তাবের বিরোধিতা করে র আ ম মুক্তাদির চৌধুরী বলেন, একজন সচিব মূল বেতন হিসাবে ৪০ হাজার টাকা পান প্রতিমাসে। এখন তাঁকে বছরে ৩০ হাজার টাকা আয়কর দিতে হলে আসলে ১১ মাসের বেতনে ১২ মাস কাজ করানো হবে।মুক্তাদির চৌধুরী আরও বলেন, দ্রব্যমূল্যের ওপর নিয়ন্ত্রণ কোনোভাবেই থাকছে না। তিনি প্রস্তাব করেন, দরকার হলে একটা কমিশন গঠন করে দিতে হবে। দ্রব্যমূল্য কীভাবে নিয়ন্ত্রণের মধ্যে রাখা যাবে, সেটা চিন্তা করে ঠিক করতে হবে। কিন্তু কোনোভাবেই দ্রব্যমূল্যকে এভাবে নিয়ন্ত্রণের বাইরে রাখা ঠিক হবে না।প্রস্তাবিত বাজেটের ওপর অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন এ বি এম আবুল কাশেম, মোস্তফা ফারুক মোহাম্মদ, আবু তালহা, শহিদুজ্জামান সরকার, তালুকদার মো. ইউনুস প্রমুখ।