শেয়ার কেলেঙ্কারির সঙ্গে জড়িতরা সরকারি দলের: হান্নান শাহ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ বলেছেন, পুঁজিবাজারে ধস ও শেয়ার কেলেঙ্কারির সঙ্গে সরকারি দলের লোকজন জড়িত। আর এ জন্যই সরকার কেলেঙ্কারির হোতাদের নাম প্রকাশ করছে না। আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আয়োজিত ‘বিদ্যুত্ সমস্যা, সমাধান ও বাংলাদেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনা তিনি এসব কথা বলেন। হান্নান শাহ বলেন, সরকার-সমর্থকেরাই শেয়ার কেলেঙ্কারির সঙ্গে যুক্ত। এ জন্য খোন্দকার ইব্রাহিম খালেদের তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে না। প্রধানমন্ত্রী ও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছেন।বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগ সরকারের দুই আমলে শেয়ারবাজার নিয়ে প্রায় একই ঘটনা ঘটেছে। অথচ সরকার একেবারেই উদাসীন। জড়িতদের নাম প্রকাশের ক্ষেত্রে আরও তদন্তের কথা বলে মূলত সরকার সময়ক্ষেপণ করতে চায়। অপরাধীদের ছেড়ে দিতে চায়। তিনি জনগণের টাকা নিয়ে ছিনিমিনিকারীদের কঠোর শাস্তি দেওয়ার দাবি জানান। স্থায়ী কমিটির অন্যতম এ সদস্য বলেন, মধ্যবর্তী নির্বাচন এখন সময়ের দাবি। এ সরকার দেশ পরিচালনায় ব্যর্থতা দেখিয়েছে। তিনি সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলন কর্মসূচিতে শরিক হতে সবার প্রতি আহ্বান জানান। তিনি বলেন, সরকার প্রতিবেশী একটি রাষ্ট্রের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত। তাদের ট্রানজিটসহ সবকিছু দেওয়া হয়েছে। কিন্তু বিদ্যুত্সহ অন্যান্য সমস্যা সমাধানে সরকারের কোনো আগ্রহ নেই। ফোরামের সভাপতি মো. গিয়াসউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় জামায়াতে ইসলামীর সাংসদ এ এইচ এম হামিদুর রহমান, বিএফইউজের মহাসচিব শওকত মাহমুদ, দৈনিক নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন প্রমুখ বক্তব্য দেন।