শেয়ার বিনিয়োগে সংযত থাকার পরামর্শ অর্থমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংকের কলমানি বাজারের (স্বল্প মেয়াদে আন্তব্যাংক ধার) টাকা শেয়ারবাজারে বিনিয়োগ হচ্ছে। বিষয়টি মোটেও গ্রহণযোগ্য নয়। ব্যাংকগুলোর বিরুদ্ধে এই অভিযোগ তুলে এই প্রবণতা বন্ধ করার কথা বলেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।অর্থমন্ত্রী আরও বলেন, শেয়ারবাজারে বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাবধারী এখন ৩৩ লাখ। এত বড় জায়গা হয়ে গেছে যে, চাইলেই কেউ বাজার ধ্বংস করতে পারবে না। তবে এঁদের শিক্ষিত করে তুলতে হবে। তাঁদের স্বার্থ সংরক্ষণে সরকার যেমন বদ্ধপরিকর, তেমনি বাজারে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতেও সরকার সচেষ্ট। এসব বিবেচনাতেই আগামী দিনে বাজারে ব্যাপক সংস্কার আনার কথা জানান অর্থমন্ত্রী। নতুন ইনস্টিটিউট এতে সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি মনে করেন। অর্থমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার ক্ষমতায় থাকতে থাকতেই স্টক এক্সচেঞ্জের ডি-মিউচুয়ালাইজেশন করা হবে। অর্থাৎ নীতিনির্ধারণী কর্তৃপক্ষ থেকে প্রশাসন ও লেনদেন কার্যক্রম আলাদা করা হবে।গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান জিয়াউল হক খোন্দকার, বিআইসিএমের নির্বাহী সভাপতি আবদুল হান্নান জোয়ারদার, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক সভাপতি রকিবুর রহমান এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সভাপতি ফখরউদ্দিন আলী আহমেদ।প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে শেয়ারবাজার সম্পর্কে যথেষ্ট জ্ঞান অর্জন করতে বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান অর্থমন্ত্রী। একই সঙ্গে বিনিয়োগের ক্ষেত্রে সংযত থাকারও তিনি পরামর্শ দেন। তিনি বলেন, বিনিয়োগকারীদের মধ্যে সংযমের বড় অভাব এবং অনেক খাতের শেয়ারই অতিমূল্যায়িত। বিমান ও পর্যটন, সিরামিকস, পাট, বিমা, প্রকৌশল ইত্যাদি খাতের নাম উল্লেখ করে বিনিয়োগকারীদের উদ্দেশে তিনি প্রশ্ন রাখেন, ‘যেসব শেয়ারের পিই (প্রাইস আর্নিং রেশিও বা মূল্য-আয় অনুপাত) ৫০-এর বেশি, সেগুলোতে বিনিয়োগ করে আপনারা কী পাবেন?’ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের শেয়ার ছাড়ায় অযৌক্তিক দেরির কারণে আক্ষেপ করে অর্থমন্ত্রী বলেন, কিছু লোকের অনীহা ও অনাগ্রহের কারণে এটি দেরি হচ্ছে। অনেকেরই আপত্তি রয়েছে শেয়ার ছাড়ার ব্যাপারে। অজ্ঞানতার কারণেই এই আপত্তি। তাঁদেরও শিক্ষিত হতে হবে। মসিউর রহমান বলেন, বাজারে যে পরিমাণ নগদ অর্থ রয়েছে, তার তুলনায় শেয়ারের সরবরাহ অনেক কম। আর এ কারণেই বিনিয়োগকারীদের ঝুঁকি নিতে হচ্ছে।উপদেষ্টা বলেন, বাজারে দৈনন্দিন ওঠানামা নির্ভর করে বিনিয়োগকারীদের অনুমানের ওপর। তাঁদের অনুমানের সঙ্গে সঙ্গে কোম্পানির অবস্থান পরিবর্তন হয় না। তবে বড় বিনিয়োগকারীদের বিনিয়োগ কোষে (পোর্টফোলিও) বিভিন্ন ধরনের শেয়ার থাকে বলে তাঁদের ঝুঁকি তুলনামূলক কম। বেশি ঝুঁকিতে থাকেন ক্ষুদ্র বিনিয়োগকারীরা।রকিবুর রহমান বলেন, শেয়ারবাজারে উত্থান-পতন হবেই। কিন্তু এ নিয়ে বিক্ষোভ ভাঙচুর করা ঠিক নয়। গত দুই মাসে সাধারণ সূচক দুই হাজার ২০০ পয়েন্ট বাড়ার কথা উল্লেখ করে বাজারে স্থিতিশীলতা আনতে শেয়ারের সরবরাহ বাড়ানোর প্রতি তিনি গুরুত্বারোপ করেন। আর ‘বিনিয়োগযোগ্য তহবিল থাকলেই বিনিয়োগ করুন, ধার করে নয়’, বিনিয়োগকারীদের প্রতি এ আহ্বান জানান তিনি। হঠাৎ দরপতনে ভয়হীন থাকার পরামর্শ দিয়ে বিনিয়োগের আগে শেয়ারবাজার সম্পর্কে ভালো ধারণা নেওয়া উচিত বলে মনে করেন সিএসইর সভাপতি ফখরউদ্দিন আলী আহমেদ।বিআইসিএমের উদ্বোধন: গতকাল দুপুরে বিআইসিএমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমান। পুঁজিবাজারের ওপর শিক্ষা ও প্রশিক্ষণ দিতে ২০০৫ সাল থেকে বিআইসিএম প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। পাঁচ বছরের মাথায় তা বাস্তব রূপ লাভ করেছে। রাজধানীর তোপখানা রোডের বিজিআইসি টাওয়ারের তৃতীয় ও চতুর্থ তলায় চলতি বছরের ১ এপ্রিল থেকে পুরোদমে কার্যক্রম শুরু হয়। এসইসির নির্বাহী পরিচালক আবদুল হান্নান জোয়ারদার প্রতিষ্ঠানটির নির্বাহী সভাপতি। এখানে কম্পিউটার ল্যাব, সার্ভার, গ্রন্থাগার, সম্মেলন কক্ষ এবং ৫০ আসনের একটি ও ৪০ আসনের আরেকটি আধুনিক শ্রেণীকক্ষ রয়েছে। ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত হয়ে পুঁজিবাজারের ওপর স্নাতকোত্তর ডিগ্রি দিতে আগ্রহী বিআইসিএম।