শেয়ার লেনদেন নিষ্পত্তি তিন দিনে করার সুপারিশ
ব্যাংকগুলোর একক গ্রাহক ঋণসীমা (সিঙ্গেল পার্টি এক্সপোজার) সমন্বয়ের সময়সীমা বাড়ানো হবে বলে নিশ্চিত করেছে কেন্দ্রীয় ব্যাংক। আজ বৃহস্পতিবার সকালে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) অনুষ্ঠিত পুঁজিবাজার সমন্বয় কমিটির বৈঠকে এ নিশ্চয়তা দেওয়া হয়। একই সঙ্গে সভায় শেয়ার লেনদেন নিষ্পত্তি হওয়ার সময়সীমা চার দিন থেকে কমিয়ে তিন দিন করার সুপারিশ করা হয়।বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এস কে সুর চৌধুরী বলেন, ‘একক গ্রাহক ঋণসীমা সমন্বয়ের সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত ছিল, এটা বাড়ানো হবে।’ ব্যাংক ব্যবস্থাপনা ঠিক রেখে পুঁজিবাজারের জন্য যা যা করণীয় বাংলাদেশ ব্যাংক তা করবে বলেও তিনি জানান।সভা শেষে এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান সাংবাদিকদের জানান, আজ বৈঠকে বাজারের সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। একক গ্রাহক ঋণসীমা সমন্বয়ের সময়সীমা বাড়ানো ও শেয়ার লেনদেন নিষ্পত্তির সময় এক দিন কমিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে।শাকিল রিজভী বলেন, ‘বাজারে আর্থিক জোগান বাড়াতে লাইফ ইনস্যুরেন্সের টাকা বিনিয়োগের ব্যাপারে আমরা সুপারিশ করেছি। এ ছাড়া সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) চার্জ কমানো, লেনদেনের ওপর চার্জ কমিয়ে আনা, সব শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা এবং ১০০টি শেয়ারে একটি মার্কেট লট করার সুপারিশ করেছি।’ এসব সুপারিশ বাস্তবায়ন হলে বাজারে ইতিবাচক প্রভাব পড়বে তিনি মনে করেন।খায়রুল হোসেনের সভাপতিত্বে সমন্বয় কমিটির এ সভায় অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের উপসচিব নাসিরউদ্দিন চৌধুরী, সিএসইর সভাপতি ফখর উদ্দিন আলী আহমেদসহ এসইসির সদস্যরা উপস্থিত ছিলেন।