শেয়ারবাজার এ সপ্তাহেই স্থিতিশীল হবে: অর্থমন্ত্রী
এ সপ্তাহের শেষ দিকে শেয়ারবাজারে স্থিতিশীল অবস্থা আসবে বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তবে অর্থমন্ত্রী এও বলেছেন, ‘শুধু উঠলেই ভালো আর নামলেই খারাপ—এ প্রবণতা ঠিক না।’আজ মঙ্গলবার দুপুরে টি অ্যাসোসিয়েশনের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে অর্থমন্ত্রী এ কথা বলেন। অর্থমন্ত্রী আরও বলেন, ‘সম্প্রতি বাজার বিষয়ে যে ঘোষণা দিয়েছিলাম, তা ঠিকই আছে। সেটিই হচ্ছে। গ্রামীণফোন ও ন্যাশনাল ব্যাংক বোনাস ঘোষণা দিয়েছে। এগুলো বাজারে প্রভাব ফেলা উচিত।’ মার্চেন্ট ব্যাংকগুলো বিনিয়োগ করছে না—এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘তারাও বিনিয়োগ করছে; হয়তো কম করছে। আমরা তো আর প্রতি মুহূর্তে ব্যাংকে ফোন করে বলতে পারি না যে মার্কেটে যান।’শেয়ারবাজারে আস্থা ফিরে আসছে কি না, জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘আস্থা ফেরার জন্য সময় দরকার। তবে প্রতিমুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করা ঠিক না।’ আগামী বৃহস্পতিবার সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৈঠক করে শেয়ার ছাড়ার জন্য চূড়ান্ত সময় নির্ধারণ করে দেওয়ার কথা জানান অর্থমন্ত্রী।