শেয়ারবাজার জোর পেয়েছে: অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের ফলে দেশের পুঁজিবাজার জোর পেয়েছে এবং তা অব্যাহত থাকবে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে সাধনা হালদারের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।এ বি এম গোলাম মোস্তফার এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সরকারি মালিকানাধীন কোম্পানিগুলোর শেয়ার পর্যায়ক্রমে অফলোড করার সিদ্ধান্ত সরকারের রয়েছে। পুঁজিবাজারের ধারণক্ষমতা বিবেচনায় যথোপযুক্ত সময়ে সরকারি কোম্পানির শেয়ার অফলোডের পদক্ষেপ নেওয়া হবে। তা ছাড়া শেয়ারের ফেসভ্যালু ইউনিফর্মকরণের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে।আবদুল মোমিন তালুকদারের অন্য এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, গত ডিসেম্বর থেকে এ বছরের ফেব্রুয়ারি সময়কালে পুঁজিবাজারে অস্বাভাবিক পরিবেশ বিরাজ করছিল। এ সময় যেসব ক্ষুদ্র ও মাঝারি বিনিয়োগকারী এসেছিলেন, তাঁদের একটি অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে ধারণা করা হয়। এ ক্ষেত্রে সরকারের নেওয়া ব্যবস্থার ফলে বর্তমানে পুঁজিবাজারে স্থিতিশীল অবস্থা বিরাজ করছে।এ কে এম রহমতুল্লাহর এক প্রশ্নের জবাবে মুহিত জানান, বর্তমানে দেশে লিজিং কোম্পানির সংখ্যা ৩০টি। বর্তমানে আর্থিক প্রতিষ্ঠানগুলোর আরোপিত সর্বনিম্ন ও সর্বোচ্চ সুদের হার যথাক্রমে ১০ শতাংশ ও ২০ শতাংশ।সানজিদা খানমের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, দেশের প্রবৃদ্ধি ৭ থেকে ৮ শতাংশের বেশি অর্জন করতে হলে জিডিপির ৩০ থেকে ৩৫ শতাংশ অভ্যন্তরীণ বিনিয়োগের প্রয়োজন।অর্থমন্ত্রী বলেন, স্বাধীনতার পর ১৯৭২ সাল থেকে গত ৩১ মে পর্যন্ত ৫৪ দশমিক শূন্য ৪ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক সাহায্য পাওয়া গেছে। এর মধ্যে ৩১ দশমিক শূন্য ৪ বিলিয়ন মার্কিন ডলার ঋণ এবং ২৩ বিলিয়ন মার্কিন ডলার অনুদান রয়েছে।এ বৈদেশিক সাহায্য বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় অবকাঠামো ও আর্থসামাজিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন কর্মসূচিতে ব্যবহার করা হয়েছে বলে জানান তিনি।