পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক রাফাত আলী রিজভি ও মিসরীয় বংশোদ্ভূত সৌদি নাগরিক হিশাম আল ওয়াররাখকে প্রতারণার দায়ে ধরিয়ে দিতে ২০০৯ সালে ‘রেড এলার্ট’ জারি করেছে পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোল। বিভিন্ন দেশে তাঁদের বেশ কিছু ব্যাংক হিসাবও স্থগিত রাখা হয়েছে। অথচ তাঁদের মালিকানাধীন ফার্স্ট গালফ এশিয়া হোল্ডিংস নিজেদের শেয়ার বিক্রি করে দিয়ে বাংলাদেশ থেকে প্রায় ২৫০ কোটি টাকা নিয়ে গেছে।ফার্স্ট গালফ এশিয়া হোল্ডিংস অব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান লঙ্কা-বাংলা ফাইন্যান্স লিমিটেডের বিদেশি উদ্যোক্তা হিসেবে জড়িত। প্রতিষ্ঠানটি ইতিমধ্যে ৫৭ লাখ শেয়ার বিক্রি করে দিয়ে এর সিংহভাগ অর্থ বৈদেশিক মুদ্রায় বাংলাদেশ থেকে নিয়ে গেছে। হিশাম আল ওয়াররাখ কয়েক বছর ধরে লঙ্কা-বাংলার পরিচালক ছিলেন এবং একাধিকবার বাংলাদেশে এসেছেন।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্র বলছে, কোম্পানিতে এখনো তাঁদের কিছু শেয়ার আছে এবং বিদেশি উদ্যোক্তাদের তালিকায় তাঁদের নামও আছে। লঙ্কা-বাংলার সর্বশেষ ২০০৯ সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ফার্স্ট গালফ এশিয়া হোল্ডিংসের ১১ দশমিক ৪৩ শতাংশ শেয়ার রয়েছে। গত মার্চেই তাঁরা সিংহভাগ শেয়ার বিক্রি করেছেন বলে জানা গেছে। ডিএসইর একটি সূত্র বলছে, এই কোম্পানিতে তাঁদের পাঁচ কোটি টাকার বেশি লগ্নি ছিল না।সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান জিয়াউল হক খোন্দকার প্রথম আলোকে বলেন, ‘অনেক বিদেশি কোম্পানি বিভিন্ন দেশে শেয়ার কারসাজি করে অর্থ হাতিয়ে নিয়ে গেছে, এসব কোম্পানির একটি তালিকা তৈরি করছি। অভিযুক্ত কোম্পানিটির অতীত সম্পর্কে জানা ছিল না।’ বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানান তিনি।ডিএসইসির সভাপতি শাকিল রিজভী বলেন, কীভাবে দেশে বৈদেশিক মুদ্রা ঢুকছে এবং বের হচ্ছে, সেটি দেখার দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের। আর তাদের কাছে এই কোম্পানি সম্পর্কে আগাম কোনো তথ্য ছিল না।বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, রাফাত আলী রিজভি ও হিশাম আল ওয়াররাখের মধ্যে বন্ধুত্ব হয় যখন দুজনেই সৌদি-আমেরিকান ব্যাংকে কাজ করতেন। একসঙ্গে তাঁরা চিনকারা ক্যাপিটাল নামে একটি প্রতিষ্ঠান খোলেন, যার নিবন্ধন মরিশাসে। চিনকারা ক্যাপিটালের ব্যবসা ছিল সিঙ্গাপুরভিত্তিক। মূলত বিভিন্ন আন্তর্জাতিক কোম্পানির শেয়ার কেনা-বেচায় যুক্ত ছিল কোম্পানিটি। ২০০৪ সালে সৌদি বাদশাহ ফাহাদের ভাগ্নে তুর্কি বিন মুর্গিন বিন আবদুল আজিজ আল সৌদ সিঙ্গাপুরের একটি আদালতে রাফাত আলী রিজভির বিরুদ্ধে প্রতারণার মামলা করেছিলেন।সর্বশেষ ২০০৯ সালে ইন্দোনেশিয়ায় তাঁদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ওঠে। ইন্দোনেশিয়ায় সেঞ্চুরি ব্যাংককে দেউলিয়ার পর্যায়ে নিয়ে যায় ফার্স্ট গালফ এশিয়া হোল্ডিংস লিমিটেড। ইন্দোনেশিয়ার অ্যাটর্নি জেনারেলের অফিসের দাবি অনুসারে, রাফাত আলী রিজভি ও হিশাম আল ওয়াররাখ সেঞ্চুরি ব্যাংকের অর্থ আত্মসাৎ করা প্রায় ১০০ কোটি ডলার হংকংয়ের স্ট্যান্ডার্ড চার্টার্ড ও আইএনজি ব্যাংকে গচ্ছিত রেখেছেন। ইন্দোনেশিয়ার পুলিশ ও অ্যাটর্নি জেনারেলের অফিস এসব অর্থ ফেরত আনার জন্য হংকংয়ের বিভিন্ন সংস্থার সঙ্গে কাজ করছে। অ্যাটর্নি জেনারেলের অফিসের তথ্য অনুসারে, হিশাম একাই আত্মসাৎকৃত অর্থের মধ্যে ৩১ কোটি ৮০ লাখ ডলার নিয়েছেন। ইন্দোনেশিয়ার সরকারি সংস্থাগুলো মনে করছে, এসব অর্থ হংকং ছাড়াও সুইজারল্যান্ডের একটি ব্যাংকে গচ্ছিত রাখা হয়েছে। জানা গেছে, সেঞ্চুরি ব্যাংকের অন্যতম নিয়ন্ত্রণকারী শেয়ার হোল্ডার প্রতিষ্ঠান ফার্স্ট গালফ এশিয়া হোল্ডিংস হংকংয়ের বন্ড বাজার থেকে মন্দ শেয়ার উচ্চ দামে কিনিয়ে সেখান থেকে বড় অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছে। এ কাজে তাদের সঙ্গী ছিলেন ইন্দোনেশিয়ার নাগরিক রবার্ট ট্যানটুলার। ইতিমধ্যে রবার্ট ট্যানটুলারকে দুর্নীতির অভিযোগে সে দেশের আদালত পাঁচ বছরের জেল দিয়েছেন। এ ঘটনায় রাফাত আলী রিজভি ও হিশাম আল ওয়াররাখের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। ইন্দোনেশিয়ার পুলিশ তাঁদের গ্রেপ্তার করতে ইতিমধ্যে ইন্টারপোলের সহায়তা চেয়েছে।জানা গেছে, ইন্টারপোলের এই গ্রেপ্তারি পরোয়ানার পরেও বেশ নিরাপদে বাংলাদেশে ব্যবসা করেছে ফার্স্ট গালফ এশিয়া হোল্ডিংস লিমিটেড। তবে অর্থিক বাজারের বেশ কয়েকজন বিষয়টি জানতে পারে গত ফেব্রুয়ারিতে। তার পরই বাংলাদেশ থেকে মোটা অঙ্কের মুনাফা নিয়ে সরে যাওয়ার সিদ্ধান্ত নেয় তারা। গত ৪ মার্চ ফার্স্ট গালফ এশিয়া হোল্ডিংস ১৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দেয় ঢাকা স্টক এক্সচেঞ্জে। পরবর্তী এক সপ্তাহে আরও ৩৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দেওয়া হয়। বাজার চাঙা থাকায় ১৬ মার্চের মধ্যেই সব শেয়ার বিক্রি হয়ে যায়। ১৯ এপ্রিল আরও সাত লাখ শেয়ার বিক্রির ঘোষণা দেওয়া হয়। সব মিলিয়ে প্রতিষ্ঠানটি লঙ্কা-বাংলা ফাইন্যান্সের মোট ৫৭ লাখ শেয়ার বিক্রি করেছে, যার আর্থিক মূল্য বর্তমান বাজারদরে প্রায় ২৫০ কোটি টাকা। এখনো কোম্পানির নামে ৭২ হাজার শেয়ার রয়েছে বলে জানা গেছে।বিদেশি কোম্পানি হিসেবে পরিচিত হলেও কোম্পানিটির কোনো ওয়েবসাইট নেই। অথচ দাপটের সঙ্গেই বাংলাদেশের শেয়ারবাজারে নামে-বেনামে কার্যক্রম চালিয়েছে।লঙ্কা-বাংলা ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক মফিজউদ্দিন সরকার প্রথম আলোকে বলেন, লঙ্কা-বাংলা তালিকাভুক্ত কোম্পানি বলেই কোনো উদ্যোক্তা শেয়ার বিক্রি করতে চাইলে কোম্পানিকে অবহিত করে এবং আনুষ্ঠানিকভাবে ডিএসই ও এসইসিকে কোম্পানির তরফ থেকে জানানো হয়। আর ফার্স্ট গালফ এশিয়া বিধিবিধান মেনেই ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে শেয়ার বিক্রির অর্থ নিয়ে গেছে বলে তিনি জানান।তবে লঙ্কা-বাংলার স্বতন্ত্র পরিচালক সালাউদ্দিন আহমেদ খান বলেন, ‘কোম্পানির এত দ্রুত শেয়ার বিক্রি করে চলে যাওয়ার বিষয়টি আমাদের মধ্যেও প্রশ্ন তৈরি করেছে। আগামী বোর্ড মিটিংয়ে বিষয়টি নিয়ে আলোচনা হবে।’