শেয়ার কেনাবেচা নিয়ে নানা ওয়েবসাইটে গুজব ছড়ানো হচ্ছে। বাজারের তেজি অবস্থা দেখে গত দু-তিন বছরে এসব সাইট গড়ে উঠেছে। এসব সাইটে দেওয়া হচ্ছে শেয়ারবাজার-সম্পর্কিত নানা ধরনের খবর। কোনোটা হয়তো মিলছে, আবার কোনো খবরের বাস্তব কোনো ভিত্তিই নেই। এ নিয়ে চিন্তিত দেশের পুঁজিবাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা। এ ধরনের কার্যক্রম গুরুতর অপরাধ হলেও দীর্ঘদিন ধরে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই দিনে দিনে এ ধরনের সাইটের সংখ্যা বেড়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) এ নিয়ে কিছু কাজ শুরু করেছে। সরকারের একাধিক গোয়েন্দা সংস্থা ইতিমধ্যেই বিষয়টি নিয়ে মাঠে নেমে পড়েছে। খোঁজা হচ্ছে, কারা এসব সাইটের উদ্যোক্তা এবং প্রতিনিয়ত এসব গুজব ছড়িয়ে বেড়াচ্ছেন।অনুসন্ধানে জানা গেছে, এসব ওয়েবসাইটে দেওয়া খবরগুলো ক্ষুদ্র বিনিয়োগকারীরা নানা ব্রোকারেজ হাউস (যারা কেনাবেচার কাজে মধ্যস্থতা করে থাকে) থেকেই পান। আর অতিরিক্ত মুনাফা লাভের আশায় এসব গুজবের ফাঁদে পড়ে অনেকেই পুঁজি হারাচ্ছেন। এ রকম একটি ওয়েবসাইট হচ্ছে http://dsenews.informe.com/forum। দেশের শেয়ারবাজারের বিচিত্র সব তথ্য নিয়ে তৈরি করা হয়েছে এই ওয়েবসাইটটি। ওয়েবসাইটের পরিচয় দিয়ে শুরুতেই বলা হয়েছে, ‘যদি আপনি কোম্পানির মৌলিক ভিত্তি, ব্রোকারের পরামর্শ, শেয়ার সম্পর্কে তথ্য, সংবাদপত্রের প্রবন্ধ অথবা টেলিভিশনের ব্যবসাসংক্রান্ত অনুষ্ঠান দেখে আপনার বিনিয়োগ সিদ্ধান্ত নেন, তাহলে একটি তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হতে যাচ্ছেন। তাই আর দেরি না করে আমাদের ফোরামে যোগ দেন এবং মতামত অনুসরণ করুন।’ আবার জনপ্রিয় সামাজিক নেটওয়ার্ক সাইট ‘ফেসবুক’ভিত্তিক গড়ে উঠেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) গুজব দল। এই দলের সদস্যসংখ্যা বর্তমানে এক হাজার ৯৫। বড় বড় কিছু কোম্পানির নির্বাহী ও ব্যাংকের মাঝারি পর্যায়ের কর্মকর্তারা এই গ্রুপের সদস্য। সেখানে কোন শেয়ার কিনতে হবে, তার একটি ক্রয়তালিকা দেওয়া হয় প্রতিদিন। এমনকি এগুলো কিনলে কত শতাংশ লাভ পাওয়া যাবে, তারও উল্লেখ থাকে। আবার কোনো কোনো সাইটে কোন ব্যাংক কত লভ্যাংশ দিতে যাচ্ছে, তার আগাম তথ্য দেওয়া হয়। আর প্রতিনিয়ত এসব গুজবের ফাঁদে পড়ছেন অসংখ্য ছোট বিনিয়োগকারী। অনুসন্ধানে জানা যায়, এ রকম প্রায় এক ডজন ওয়েবসাইট আছে যেগুলোতে বাজারে বিভিন্ন শেয়ারের দামের গুজব, লভ্যাংশের গুজব, বড় বড় লেনদেনের তথ্য দেওয়া হচ্ছে। আবার আগামী এক সপ্তাহে কোনটার দামে কী ধরনের পরিবর্তন ঘটবে, তারও উল্লেখ থাকে এসব সাইটে। সব শেয়ারের অভিহিত মূল্য (ফেস ভ্যালু) ১০ টাকায় রূপান্তরিত হবে—এ খবর প্রথমে এসব সাইটেই এসেছে। এতে আরও বলা হয়েছিল, নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের পরামর্শক কমিটি অচিরেই এ বিষয়ে সুপারিশ করবে। কখনো বলা হয়েছে, মিউচুয়াল ফান্ডের ঋণ আবার পুরোপুরি চালু হচ্ছে কিংবা এসইসির চেয়ারম্যানকে সরিয়ে দেওয়া হচ্ছে অথবা ডিএসইসির প্রেসিডেন্ট রকিবুর রহমান আবারও প্রেসিডেন্ট হচ্ছেন ইত্যাদি। এ রকম একটি ব্লগ হচ্ছে ‘ইনথিমাস্ক ব্লগ’। সেখানে বলা আছে, ‘যদি তাড়াতাড়ি বড়লোক হতে চাও তাহলে আমার বলে দেওয়া শেয়ারগুলো কেনো।’ এখানে আরও বলা হয়েছে, বাজারের আগামী ‘হটকেক’ হবে সরকারি মালিকানার একটি তেল কোম্পানি। খাদ্য প্রক্রিয়াজাতকরণ একটি কোম্পানির শেয়ারের বর্তমান দাম এক হাজার ৬০০ টাকার নিচে। বলা হয়েছে অচিরেই এটি দুই হাজার টাকায় উঠবে। একই ভাবে কয়েকটি ব্যাংকের শেয়ারের দর জানুয়ারি মাসে কত হবে, তাও বলা হয়েছে। এই ব্লগের সদস্য ৭৭ জন। যাঁরা নিয়মিত নানা তথ্য প্রকাশ বা উপস্থাপন করে থাকেন।বিষয়টি নিয়ে দেশের প্রথম সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি এইমসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াওয়ার সায়ীদ প্রথম আলোকে বলেন, সাম্প্রতিক সময়ে সাইবার অপরাধ ভয়ংকরভাবে বেড়ে গেছে এবং এগুলোর বিরুদ্ধে ব্যবস্থার নেওয়ার কেউ আছে বলে তেমন কিছু চোখে পড়ে না। যথাযথ প্রশাসনিক উদ্যোগ নিয়ে এগুলো বন্ধ করা এবং দোষীদের শাস্তি দেওয়ার দায়িত্ব এসইসি ও দুই স্টক এক্সচেঞ্জের ওপর বর্তায়। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান জিয়াউল হক খোন্দকার প্রথম আলোকে বলেন, কয়েকটি ওয়েবসাইটের এ রকম কার্যক্রম চালানোর খবর নিয়ন্ত্রক সংস্থার কানে এসেছে। সংশ্লিষ্ট দপ্তরকে এ বিষয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন হাতে এলে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থাকে এসব ব্লগ ও সাইটের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হবে। এ ব্যাপারে ডিএসইর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাইফুল ইসলাম বলেন, এ ধরনের কর্মকাণ্ড আরও বিস্তার লাভ করার আগে এখনই থামানো দরকার। অনেক দেশে এ ধরনের কার্যক্রম বন্ধের ব্যাপারে সরকারের শক্ত আইন হয়েছে। বাংলাদেশেও প্রয়োজনীয় আইন ও তার প্রয়োগ দরকার বলে তিনি মন্তব্য করেন। এদিকে গতকাল বিকেলে এসইসির নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ এক সংবাদ সম্মেলন করে গুজবভিত্তিক এসব সাইটের ফাঁদে না পড়ার জন্য বিনিয়োগকারীদের অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, যাঁরা এসব করছেন, তাঁরা অপরাধের ধরন সম্পর্কে ওয়াকিবহাল নন। তবে বিনিয়োগকারীদের এ ব্যাপারে আরও সচেতন হওয়া দরকার বলে তিনি মতামত দেন।