শেয়ারবাজার নিয়ে ফেসবুকে গুজব ছড়ানোর বিরুদ্ধে এসইসির হুঁশিয়ারি
কিছু ব্যক্তি ফেসবুকসহ বেশ কিছু ওয়েবসাইট ব্যবহার করে শেয়ারবাজার নিয়ে গুজব ছড়াচ্ছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বা এসইসি আজ সোমবার এই অভিযোগ করেছে। সংস্থাটি এসব গুজব বা তথ্য ছড়ানোর জন্য দায়ী ব্যক্তিদের হুঁশিয়ার করে দিয়েছে। আজ বিকেলে এসইসির কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসইসির নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ জানান, এসব ব্যক্তি এখন থেকে সাবধান না হলে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়াসহ আর্থিক জরিমানা করা হবে।এসইসির তথ্যমতে, সামাজিক নেটওয়ার্ক ফেসবুক ব্যবহার করে কতিপয় ব্যক্তি প্রতিনিয়ত শেয়ারবাজার নিয়ে যে গুজব ছড়াচ্ছে, তার প্রমাণ এরই মধ্যে পাওয়া গেছে।ফেসবুকের ‘ডিএসই রিউমার’ নামক পেজে এসব ব্যক্তি পুঁজিবাজারসংক্রান্ত মতাম—যেমন: কোন শেয়ারের দাম কত হতে পারে, কোন শেয়ার কেনাবেচা করলে লাভ বা ক্ষতি হবে, সে সম্পর্কে তাদের মতামত প্রকাশ করছে।এসব গুজবের একমাত্র লক্ষ্য ক্ষুদ্র ও সাধারণ বিনিয়োগকারীদের প্রভাবিত করে সেই শেয়ার বেচা কিংবা কেনানো, যা পুরোপুরি সিকিউরিটিজ আইনের বিরোধী এবং বাজারের জন্য ঝুঁকিপূর্ণ। এসইসির নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ জানান, এসব তত্পরতার খবর পাওয়ার পরই এসইসি থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর্থিক জরিমানা ছাড়া এ ধরনের অনৈতিক কাজের জন্য আইনগত শাস্তির বিধানও রয়েছে বলে তিনি জানান।ফরহাদ আহমেদের মতে, এ ধরনের তথ্য প্রচারের জন্য লাইসেন্স লাগে। তাই তিনি লাইসেন্সবিহীন এসব তথ্য বা গুজব থেকে বিনিয়োগকারীদের সাবধান থাকার আহ্বান জানান।