শেয়ারবাজার নিয়ে বিশেষ বৈঠক করবে সংসদীয় কমিটি
শেয়ারবাজারের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য একটি বিশেষ বৈঠক করবে অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। আগামী মে মাসে এ বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে শেয়ারবাজারের অস্থিরতা নিয়ে সরকারি তদন্ত কমিটির দেওয়া প্রতিবেদনসহ সার্বিক অবস্থা নিয়ে আলোচনা হবে।আজ বুধবার সংসদ ভবনে কমিটির বৈঠক শেষে সভাপতি আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, অর্থমন্ত্রীর সঙ্গে আলাপ করে ওই বৈঠকের তারিখ নির্ধারণ করা হবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও ওই বৈঠকে আমন্ত্রণ জানানো হবে।আজকের বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, আসন্ন ২০১১-১২ অর্থবছরের বাজেট নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে আলোচনা করেছে কমিটি। তিনি বলেন, ‘এবারও বাজেট প্রণয়নের ক্ষেত্রে সংসদীয় কমিটি সরকারকে পরামর্শ দিয়ে সহায়তা করবে।’এর আগে কমিটির সভাপতি মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিটির সদস্য আলী আশরাফ, এ কে এম মাঈদুল ইসলাম, তাজুল ইসলাম, গোলাম দস্তগীর গাজী ও ফরিদা রহমান উপস্থিত ছিলেন।