শেয়ারবাজার পতনে দায় এড়াতে পারে না সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, শেয়ারবাজার পতনে সরকার দায় এড়াতে পারে না। সরকারকে এই দায় নিতে হবে।২০১১-১২ অর্থবছরের জাতীয় বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে মতিয়া চৌধুরী গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে এসব কথা বলেন। তিনি এ সময় বলেন, ‘যে দেশে অ্যাকসিডেন্টে একজন মানুষ মারা গেলে সরকারকে দায়ী করা হয়, সে দেশে ফাটকা কারবারি বলে দায় থেকে বেরিয়ে আসতে পারবেন না। সরকারকেই দায়িত্ব নিতে হবে।’স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে কৃষিমন্ত্রীর এ বক্তব্যের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।মতিয়া চৌধুরী বলেন, শেয়ারবাজারের উন্নতির জন্য অর্থমন্ত্রী কিছু পদক্ষেপ নিয়েছেন। তদন্ত চলছে। তদন্ত যেন অব্যাহত থাকে। তিনি বলেন, ‘আমি এখন কিছু বাস্তব কথা বলব। অর্থমন্ত্রীর খারাপ লাগতে পারে, প্রীত হতে পারবেন না। এত সাফল্যের মধ্যে আমাদের কালো দাগ হলো সঞ্চয়পত্রের সুদের হার কমানো ও শেয়ারবাজারের পতন।’কৃষিমন্ত্রী বলেন, ‘গত বছরের বাজেট প্রস্তাবনার পর সঞ্চয়পত্রের ওপর সুদের হার কমানোটা ঠিক হবে না বলেছিলাম। ক্ষুদ্র আয়ের মানুষের আয়ের পথ কমানো ঠিক হয়নি। এর ফলে অনেকে টাকা মুনাফার আশায় শেয়ারবাজারে গেছে।’ তিনি শেয়ারবাজারে কারসাজিতে যুক্ত কিছু ব্যক্তিকে ইঙ্গিত করে বলেন, ‘এ ক্ষেত্রে জাতীয় ঐক্যে কোনো সমস্যা হয়নি মামু, খালু, ফালু, আংকেলদের।’ তিনি আবারও বলেন, ‘তদন্ত অব্যাহত রাখতে হবে, ব্যবস্থা নিতে হবে। “আইওয়াশ” (লোক দেখানো) যেন না হয়।’কৃষিমন্ত্রী তাঁর মন্ত্রণালয়ের কর্মকাণ্ড এবং সরকারের সফলতা ও বিগত সাত বছরের দুই সরকারের কাজের তুলনা করেন। তিনি বলেন, ‘জিনিসপত্রের দাম বেড়েছে, এটা মানি। কিন্তু বেতন যে হারে বেড়েছে, সেই হারে চালের দাম কি বেড়েছে?’ অর্থনীতিবিদ-বিশ্লেষকদের তা খতিয়ে দেখতেও পরামর্শ দেন।মতিয়া চৌধুরী তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সমালোচনা করে বলেন, তাদের কার্যক্রমের মাধ্যমে সরকারের উদ্যোগকে ব্যাহত করার চেষ্টা হচ্ছে। এই কমিটির সদস্য-সচিব আনু মুহাম্মদ বিভ্রান্তমূলক তথ্য দিচ্ছেন বলে অভিযোগ এনে তিনি বলেন, ‘আমি জানি, তিনি সৎ মানুষ, যোগ্য শিক্ষক। আমি তাঁকে শ্রদ্ধা করি। কিন্তু যখন ঢালাওভাবে গাড়িতে সিএনজি ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছিল, তখন তিনি কী করেছিলেন?’মতিয়া চৌধুরী বলেন, এখন বাসা-বাড়িতে রান্নার গ্যাস পাওয়া কষ্টকর। শিল্পের জন্য গ্যাস-বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। গ্যাসের অভাবে চারটি সার কারখানা বন্ধ হয়ে গেছে। সরকারকে দাম বাড়াতে হচ্ছে। তিনি বলেন, ‘উন্নয়নকাজ বন্ধ করে আমরা কী করব। আমরা কি প্রাগৈতিহাসিক মানুষের মতো বাকল গায়ে লাগিয়ে গাছের মাথায় উঠে বসে থাকব?’তোফায়েল আহমেদ বাজেট আলোচনায় অংশ নিয়ে শেয়ারবাজার প্রসঙ্গে মতিয়া চৌধুরীর সঙ্গে একমত পোষণ করে বলেন, সুদের হার কমানোর কারণে ক্ষুদ্র আয়ের মানুষ শেয়ারবাজারে বিনিয়োগে গেছে। ২০০৯-১০ অর্থবছরে অপ্রদর্শিত আয় শেয়ারবাজারে বিনিয়োগের সুযোগ দেওয়া হয়েছে। শান্তি মিশনে অংশ নেওয়া সেনাসদস্য, পুলিশ সদস্যরা তাঁদের সঞ্চিত ১০, ২০ লাখ টাকা শেয়ারবাজারে খাটিয়েছে। তিনি বলেন, সরকারকে এখন বাজার স্থিতিশীল করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তোফায়েল আহমেদের বাজেট আলোচনার বড় অংশ ছিল স্মৃতিচারণামূলক। শেষে এসে তিনি বলেন, ‘সামনে অনেক সমস্যা আসতে পারে। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই আমাদের ধ্বংস করতে পারবে না। অধ্যাপক আলী আশরাফও তাঁর বাজেট আলোচনায় শেয়ারবাজার প্রসঙ্গ তুলে আনেন। তিনি বলেন, ‘শেয়ারবাজার নিয়ে আমরা যা করলাম, তা দুঃখজনক। বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতে হবে।’সাংসদ সিরাজুল আকবর বলেন, কালো টাকা শেয়ারবাজারে বিনিয়োগের সুযোগ দিয়ে বাজারকে স্থিতিশীল করার পদক্ষেপ নেওয়া যায়। তিনি একই সঙ্গে পুঁজিবাজার সম্পর্কিত কোনো নীতি দ্রুত বদল না করতে পরামর্শ দেন। সাংসদ শাহ আলম শেয়ারবাজারে কালো টাকা বিনিয়োগের সুযোগ দেওয়ার পরামর্শ দিয়ে বলেন, শেয়ারবাজারে বিপুলসংখ্যক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।অন্যান্যের মধ্যে বাজেট আলোচনায় অংশ নেন সাংসদ ছায়েদুল হক, জাফর আলী, শেখ আফিলউদ্দিন প্রমুখ।