শেয়ারবাজার স্থিতিশীল হবে এ সপ্তাহেই: অর্থমন্ত্রী
এই সপ্তাহের মধ্যেই শেয়ারবাজার স্থিতিশীল হবে বলে নিজের আশাবাদ পুনর্ব্যক্ত করলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ সোমবার দুপুরে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন। তিনি বলেন, এ ব্যাপারে তাঁর সঙ্গে ডিএসইর কর্মকর্তাদের কথা হয়েছে। অর্থমন্ত্রী বলেন, ‘শেয়ারবাজার জুয়া খেলার জায়গা নয়। তবে কেউ কেউ ১০০ টাকা নিয়ে বাজারে এসে, কালই সেটাকে ২০০ টাকা করতে চাচ্ছে। এটা তো জুয়ার মতোই মনে হচ্ছে।’ তিনি বলেন, ‘বাজারের এই পতনের সময়েও প্রায় এক লাখ নতুন বিনিয়োগকারী বাজারে বিনিয়োগ করতে এসেছে।’এখনই বাজারে সরকারি শেয়ার ছাড়া হবে না বলে সাংবাদিকদের জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘সরকারি শেয়ার ছাড়ার ঘোষণা দেওয়ার পর দেখা যাচ্ছে, কোনো কোনো প্রতিষ্ঠান শেয়ারের দাম কমিয়ে দিয়েছে। এ ব্যাপারে আমাদের হাতে যথেষ্ট প্রমাণও রয়েছে।’ আগামী ২০ ফেব্রুয়ারির পর সরকারি প্রতিষ্ঠানের শেয়ারের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান।