শেয়ারবাজার: তদন্ত কমিটির পুনর্গঠন চাইল বিএনপি
সাম্প্রতিক সময়ে শেয়ারবাজারে দরপতনসহ নানা ঘটনা তদন্তে গঠিত কমিটির পুনর্গঠন দাবি করেছে বিএনপি। দলটি মনে করে, তদন্ত কমিটির প্রধান খোন্দকার ইব্রাহিম খালিদ আওয়ামীপন্থী লোক। শেয়ারবাজার সম্পর্কে তিনি বিশেষজ্ঞ নন। এমন লোক ও কমিটি দিয়ে ওই ঘটনার তদন্ত করা হলে প্রকৃত সত্য আড়াল হবে।আজ সোমবার গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দলের স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান ও চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী।বিএনপির বক্তব্য হচ্ছে, তদন্ত কমিটিতে তাঁদেরই আনা উচিত, যাঁরা রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে তদন্ত করতে পারবেন এবং যাঁরা শেয়ারবাজার বোঝেন।শেয়ারবাজারের সাম্প্রতিক ঘটনার জন্য অর্থমন্ত্রীসহ যাঁরা নিজেদের দোষ স্বীকার করেছেন, সেসব সংশ্লিষ্ট ব্যক্তিরা স্বপদে বহাল থাকলে সুষ্ঠু তদন্ত সম্ভব নয়। এ ক্ষেত্রে ১৯৯৬ সালের ঘটনার মতোই তা চাপা পড়ে যাবে। সরকারপন্থী ব্যবসায়ীদের সুবিধা দিতে শেয়ারবাজারে এসব কারচুপি করা হয়েছে বলে বিএনপি দাবি করেছে।