শেয়ারবাজার: প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কর দিতে হবে ১০ শতাংশ হারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব ধরনের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ারবাজারের লেনদেন থেকে অর্জিত আয়ের ওপর ১০ শতাংশ হারে করারোপের প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ শেয়ারবাজারে প্রাতিষ্ঠানিকভাবে মূলধনী মুনাফার ওপর করারোপ করা হচ্ছে।একই সঙ্গে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা অংশীদার ও পরিচালকদের শেয়ারের লেনদেন থেকে অর্জিত আয়ের ওপর ৫ শতাংশ হারে কর দিতে হবে।এ ছাড়া কোম্পানির প্রাথমিক বা রাইট শেয়ার বিক্রির ক্ষেত্রে অভিহিত মূল্যের অতিরিক্ত যে অর্থ বা প্রিমিয়াম নেওয়া হবে, তার ওপর তিন শতাংশ হারে করারোপ করার প্রস্তাব করা হয়েছে।তবে ব্যক্তি শ্রেণীর সাধারণ বিনিয়োগকারীদের শেয়ারবাজারের বিনিয়োগ থেকে অর্জিত মুনাফা যথারীতি করমুক্ত থাকছে।আগামী ২০১০-১১ অর্থবছরের জন্য ঘোষিত বাজেটে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আজ বৃহস্পতিবার এসব প্রস্তাব তুলে ধরেন। তিনি বলেন, ‘পুঁজিবাজার আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডের অন্যতম গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকা। আমাদের সরকার স্থিতিশীলতা ও প্রসার অব্যাহত রাখার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। তাই পুঁজিবাজারের অন্যান্য ক্ষেত্রে হ্রাসকৃত হারে করারোপের প্রস্তাব করা হলেও ব্যক্তি শ্রেণীর সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার লেনদেন হতে অর্জিত আয়কে করমুক্ত রাখা হয়েছে।’বেশ কিছুদিন ধরেই দেশের শেয়ারবাজারে সবচেয়ে আলোচনার বিষয় ছিল আগামী বাজেটে সাধারণ বিনিয়োগকারীদের মুনাফার ওপর করারোপ করা হচ্ছে। গত সোমবার কয়েকটি জাতীয় দৈনিকে খবর প্রকাশ হয় শেয়ারবাজারে বিনিয়োগ থেকে পাঁচ লাখ টাকার বেশি মুনাফা করলে ৫ শতাংশ হারে কর আরোপের সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। আর এ খবরে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে। এতে দিন শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাধারণ মূল্যসূচক ১২৭ পয়েন্ট বা ২ শতাংশের বেশি কমে যায়।পরে ডিএসইর নেতারা এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিনিয়োগকারীদের এ ধরনের খবরে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। এতে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা হলেও স্বস্তি ফিরে আসে। গতকালের বাজেট ঘোষণার পর এ নিয়ে আর কোনো সংশয় থাকল না।তবে কোম্পানির উদ্যোক্তা অংশীদার ও পরিচালকদের শেয়ারের লেনদেন থেকে অর্জিত মুনাফার ওপর করারোপের প্রস্তাবে কিছুটা অস্পষ্টতা রয়ে গেছে। এ ক্ষেত্রে উদ্যোক্তা বা পরিচালকেরা নিজ কোম্পানির বাইরে অন্য কোনো প্রতিষ্ঠানে শেয়ার লেনদেন থেকে মুনাফা করলে করের আওতায় পড়বে কি না, তা পরিষ্কার করা হয়নি।