শেয়ারবাজারকে অস্থিরতার দিকে নিচ্ছে নিয়ন্ত্রক সংস্থা নিজেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজার এখন অস্থির। এই অস্থিরতা মূলত নীতি নির্ধারণের ক্ষেত্রে। তবে এর প্রভাবে কমেছে লেনদেন ও সূচক।পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নীতি বাজারকে এ পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে বলে বাজার-বিশ্লেষকেরা মনে করছেন। নিয়ন্ত্রণের নামে একেক দিন একেক ধরনের বিধিনিষেধ আরোপ করে বাজারকে অস্থিতিশীল করে তুলেছে সংস্থাটি নিজেই।তবে এই সবকিছুই ছাপিয়ে গেছে ডিএসইর পরিচালনা পর্ষদের নির্বাচনকে দলীয়করণে এসইসির ভূমিকা। মূলত শেয়ারবাজার সরকারের নিয়ন্ত্রণে আনতে ব্যবহার করা হচ্ছে এসইসিকে। বাজার-সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে লেনদেন কমার পেছনে ডিএসইর নির্বাচন নিয়ে সৃষ্ট অস্থিরতার প্রভাবই সবচেয়ে বেশি।দেশের প্রধান শেয়ারবাজার হিসেবে পরিচিত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত ২ ফেব্রুয়ারি মোট লেনদেন হয়েছিল এক হাজার ৬৯০ কোটি টাকা। দেশের পুঁজিবাজারের ইতিহাসে এটাই এখন পর্যন্ত এক দিনের সর্বোচ্চ লেনদেন। গতকাল বৃহস্পতিবার লেনদেন হয়েছে ৮২৫ কোটি টাকা। অর্থাত্ মাত্র ২২ কর্মদিবসের মধ্যে লেনদেন ৮৬৫ কোটি টাকা কমে গেছে।যদিও এই সময়ে ডিএসইর সাধারণ মূল্যসূচক ১৩৭ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৬৪০ পয়েন্ট ছাড়িয়েছে। তবে সূচক বাড়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে গ্রামীণফোন লিমিটেড। এ সময় কেবল গ্রামীণফোনের কারণেই সূচক বেড়েছে ২৬০ পয়েন্টের মতো। ডিএসইর হিসাব অনুযায়ী, গ্রামীণফোনের শেয়ার এক টাকা বাড়লে সূচক বাড়ে ৩ দশমিক ৭৮ পয়েন্ট। এটা বাদ দিলে কার্যত ডিএসইর মূল্যসূচকে বড় ধরনের পতন ঘটে গেছে।এত স্বল্প সময়ের মধ্যে বাজারে লেনদেন ও সূচক দ্রুত কমে যাওয়ায় সাধারণ বিনিয়োগকারীরা বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির শিকার হয়েছেন। স্বল্প পরিমাণ পুঁজি হারিয়ে অনেকেরই পথে বসার উপক্রম হয়েছে। কিন্তু সূচক ইতিবাচক থাকায় বিষয়টি তেমনভাবে আলোচনায় আসেনি।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক, ডিএসইর সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক সালাহউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আমি শুনেছি ডিএসইর নির্বাচন নিয়ে ব্রোকারেজ হাউসগুলোর মধ্যে এক ধরনের অস্থিরতা চলছে, দল-উপদল সৃষ্টি হয়েছে। ব্রোকারেজ হাউসগুলোয় যখন অস্থিরতা সৃষ্টি হয়, তখন তা বাজারকেও প্রভাবিত করে। কারণ বিনিয়োগকারীরা ব্রোকারেজ হাউসগুলোর সঙ্গে সরাসরি সম্পৃক্ত।’ডিএসইতে দায়িত্ব পালনের অভিজ্ঞতার কথা তুলে সালাহউদ্দিন আহমেদ বলেন, এ প্রতিষ্ঠানের নির্বাচন সব সময় একটা পারিবারিক আবহে অনুষ্ঠিত হতো। কিন্তু এবার সে পরিবেশ নষ্ট করে ফেলা হয়েছে। অভিযোগ রয়েছে, ডিএসইর বর্তমান সভাপতি রকিবুর রহমানের প্ররোচনায় প্রথমবারের মতো প্রতিষ্ঠানটির নির্বাচনে সরাসরি হস্তক্ষেপ করেছে এসইসি। ডিএসইর পরিচালনা পর্ষদকে দলীয়করণের লক্ষ্যেই এসইসিকে দিয়ে এটা করানো হয়েছে।জানা গেছে, পূর্বঘোষিত তফসিল অনুযায়ী ৩ মার্চ নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল। সে অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ১৫ ফেব্রুয়ারি। কিন্তু এর এক দিন আগে নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার ন্যূনতম পাঁচ দিন আগে এসইসির কাছ থেকে অনাপত্তি নিতে হবে বলে এসইসি একটি আদেশ জারি করে। এর পরই ডিএসইর নির্বাচন কমিশন নির্বাচন স্থগিত করে নতুন করে তফসিল ঘোষণা করে। নতুন তফসিল মেনে এসইসির কাছে ডিএসইর ১৩ সদস্য অনাপত্তি চান। কিন্তু গত বুধবার এসইসি ১০ জনকে ছাড়পত্র দিলেও তিনজনের ক্ষেত্রে আপত্তি জানায়।জানা গেছে, এসইসির এ-সংক্রান্ত বৈঠকে সংস্থাটির সদস্যরা তিনজনকে বাদ দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান জিয়াউল হক খোন্দকার তাঁদের জানান, ওপরের নির্দেশেই এটা করতে হচ্ছে। যদি এ সিদ্ধান্তে কেউ সই না করেন, তাহলে তিনি নিজেই সই করবেন। কিন্তু কেন বাদ দেওয়া হচ্ছে এর যুক্তিসংগত কোনো ব্যাখ্যা তিনি দিতে পারেনি।তিনজনকে বিএনপিপন্থী হিসেবে চিহ্নিত করেই বাদ দেওয়া হয়েছে বলে এসইসি ও ডিএসইর একাধিক সূত্র জানিয়েছে। এ ক্ষেত্রে তাদের প্রধান লক্ষ্য ছিল, ডিএসইর সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতা আহমেদ ইকবাল হাসান। কিন্তু একজনকে বাদ দিলে বিষয়টি বেশি বিতর্ক সৃষ্টি করবে, এ বিবেচনায় ডিএসইর সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি আহমেদ রশীদ লালী ও সদস্য আনোয়ার হোসেনকে বাদের তালিকায় রাখা হয়েছে।এ ব্যাপারে কথা বলার জন্য এসইসিতে গিয়ে চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চাইলে তিনি দেখা করেননি। পরে টেলিফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি টেলিফোন ধরেননি। এসইসির সদস্যরা কেউই এ ব্যাপারে মুখ খুলতে নারাজ।আহমেদ রশীদ লালী প্রথম আলোকে বলেন, ‘ডিএসইর বর্তমান নেতৃত্ব ও তাঁর সহযোগীরা যেভাবে জিনিসগুলো ঘটাচ্ছেন, তা সত্যি দুঃখজনক। স্বনিয়ন্ত্রিত প্রতিষ্ঠান (এসআরও) হিসেবে ডিএসইর নেতৃত্ব যেভাবে নিজেদের নির্বাচনে এসইসিকে জড়িয়ে ফেলছে, এতে প্রতিষ্ঠানটির সত্তাই নষ্ট করে ফেলা হয়েছে। এর প্রভাব সমগ্র বাজারের ওপর পড়বে, এটাই স্বাভাবিক।’ তিনি বলেন, ‘একজন সম্ভাব্য প্রার্থী হিসেবে আমার জানার অধিকার রয়েছে, কেন আমাকে বাদ দেওয়া হলো। পুঁজিবাজারের সব বিষয়ে স্বচ্ছতা ও জবাবদিহি থাকা জরুরি।’এসইসির নীতি-অস্থিরতা: বর্তমান কমিশন শুরু থেকেই নীতি প্রণয়নে স্বাধীন কোনো অবস্থান গ্রহণ করতে পারেনি। তড়িঘড়ি করে কোনো একটি সিদ্ধান্ত নেওয়ার কিছুদিনের মধ্যেই আবার তা পরিবর্তন করতে দেখা গেছে।গত নভেম্বরে সংস্থাটি সিদ্ধান্ত নেয়, প্রাথমিক শেয়ারের (আইপিও) অকৃতকার্য আবেদনকারীদের টাকা সরাসরি তাঁদের ব্যাংক-হিসাবে পাঠাতে হবে। সে নির্দেশ মেনে তালিকাভুক্ত প্রতিষ্ঠান গোল্ডেন সন পুনঃ আইপিওর টাকা আবেদনকারীদের ফেরত দিতে গিয়ে বড় ধরনের বিপাকে পড়ে। প্রায় চার মাস হয়ে গেলেও কোম্পানিটি আজও গ্রাহকদের সব টাকা ফেরত দিতে পারেনি। একই ধরনের সমস্যা হয় আরএন স্পিনিংসহ সম্প্রতি বাজারে আসা কয়েকটি মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও। এর পরপরই এসইসি সম্প্রতি সিদ্ধান্ত দিয়েছে যে গ্রাহকদের ইচ্ছা অনুযায়ী টাকা ফেরত দিতে হবে।মিউচুয়াল ফান্ড-সংক্রান্ত মামলার রায়ের পরপর এসইসির পক্ষ থেকে জানানো হয়, তারা এর বিরুদ্ধে আপিল করতে যাচ্ছে। ফলে মামলাটি দৃশ্যত বিনিয়োগকারীদের পক্ষে যাওয়ার পরও মিউচুয়াল ফান্ডের দাম ব্যাপকভাবে কমতে শুরু করে। কোনো মিউচুয়াল ফান্ডের দাম এত বেশি কমে যায় যে অনেক বিনিয়োগকারীই নিঃস্ব হন। কিন্তু রায়ের কপি পাওয়ার পর এসইসি জানায়, তারা আপিলে যাচ্ছে না।বিনিয়োগকারীদের ঋণসুবিধা নিয়েও সংস্থাটি একেক সময় একেক ধরনের সিদ্ধান্ত নিয়েছে। গত ১০ অক্টোবর সংস্থাটি হঠাত্ করেই ২৮টি কোম্পানির ঋণসুবিধা বন্ধ করে দেয়। ডিসেম্বরের ১২ তারিখে এসে আগের আদেশ প্রত্যাহারে করে যেসব কোম্পানির শেয়ারের আয় অনুপাতে দাম (পিই) ৭৫ পয়েন্টের বেশি, সেসব কোম্পানিকে ঋণসুবিধার বাইরে রাখা হয়। ১ ফেব্রুয়ারি এসে সংস্থাটি আবার নির্দেশ দেয়, কোনো শেয়ারের পিই ৫০ পয়েন্টের বেশি হলে ঋণসুবিধা পাবে না। ৩ ফেব্রুয়ারি এসইসি জানায়, ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকগুলো তাদের গ্রাহকদের ১: ১ অনুপাতের বেশি ঋণসুবিধা দিতে পারবে না। এ ঘটনার মাত্র দুই দিন আগে ব্রোকারেজ হাউসগুলোর ঋণের সীমা ১: ২ থেকে কমিয়ে ১: ১.৫ নির্ধারণ করে দেয় এসইসি।বাজার-বিশ্লেষকেরা বলছেন, এ ধরনের নীতি-অস্থিরতা থাকলে বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখা কঠিন হবে।