শেয়ারবাজারকে নিজ গতিতে চলতে দেওয়ার পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারকে নিয়মিত ও নিজ গতিতে চলতে দেওয়া উচিত। কৃত্রিমভাবে বাজারকে বাড়ানো-কমানো সঠিক পদক্ষেপ নয়। বিনিয়োগকারীদের বুঝতে হবে, আতঙ্কিত হয়ে শেয়ার বিক্রিরও কোনো কারণ নেই। বাজারের মৌলভিত্তির ওপর নির্ভর করে বিনিয়োগের সিদ্ধান্ত নিতে হবে। গত কয়েক দিনের বড় ধরনের উত্থান-পতনের পরও এই বাজারে এখনো অনেক বিনিয়োগযোগ্য শেয়ার রয়েছে। গতকাল বুধবার প্রথম আলো আয়োজিত ‘শেয়ারবাজার কোন পথে’ বিষয়ে অনুষ্ঠিত গোলটেবিল আলোচনায় এসব কথা বলা হয়েছে। এ সময় আলোচকেরা তদারকিব্যবস্থা জোরদার করার পরামর্শ দিয়ে বলেছেন, সংশ্লিষ্ট সবাইকে সমন্বিত উদ্যোগ নিতে হবে। সূচক ধরে রাখা নিয়ন্ত্রকদের কাজ নয়। বরং বাজার যাতে ভালোভাবে চলে এবং যারা কারসাজি করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াই হবে মূল কাজ। আলোচকেরা বিনিয়োগকারীদের উদ্দেশে ধৈর্য ধরার পরামর্শ দিয়ে বলেছেন, ভালো কোম্পানির শেয়ারে বিনিয়োগ করলে দাম ফিরে পাওয়া যাবে। তা ছাড়া অতিমূল্যায়িত শেয়ারের দাম কমলেও বাজার ঠিকই বড় হবে। সুতরাং শেয়ারবাজারকে বাজার শক্তির ওপরই ছেড়ে দেওয়া উচিত। প্রথম আলোর সভাকক্ষে অনুষ্ঠিত গোলটেবিল আলোচনায় অংশ নেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা ও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সাবেক চেয়ারম্যান এ বি মির্জ্জা আজিজুল ইসলাম, বিশিষ্ট শিল্পপতি ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী, এসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী, অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি শাকিল রিজভী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ও ডিএসইর সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা সালাহউদ্দিন আহমেদ খান এবং বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি ও প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী শেখ মর্তুজা আহমেদ। আলোচনায় সূচনা বক্তব্য দেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান এবং সঞ্চালকের ভূমিকায় ছিলেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম। সমন্বয়হীনতা ও ভুল বার্তা: এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, সরকারের বিভিন্ন সংস্থা থেকে বিতর্কিত বার্তা বাজারে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংক কখনো বলছে, ব্যাংকগুলো যদি তার মোট দায়ের ১০ শতাংশের বেশি পুঁজিবাজারে বিনিয়োগ করে থাকে, তাহলে সেগুলো সমন্বয় করতে হবে। আবার কখনো বলছে, সমন্বয় নয়, এ ব্যাপারে ব্যাংকগুলো থেকে তথ্য চাওয়া হয়েছে, আবার কখনো বিধিবদ্ধ জমার নগদ অংশ (সিআরআর) বাড়িয়েছে। এর মাধ্যমে বাজারে একধরনের ভুল বার্তা যাচ্ছে। যদিও অঙ্কের দিক থেকে এসব কারণে বাজারে কোনো প্রভাব পড়ার কথা নয়। এ ছাড়া বর্তমানে এসইসি সূচক ধরে রাখার যে চেষ্টা করছে, সেটিও বাজারে খারাপ বার্তা দিচ্ছে। সূচককে এক জায়গায় ধরে রাখার চেষ্টা এসইসির দায়িত্ব না। ফারুক আহমেদ সিদ্দিকী বলেন, বাজারে আস্থার সংকট চলছে। এ অবস্থায় ব্রোকারেজ হাউসে যদি কোনো গুজব রটে যায়, তাহলে তা বাজারকে আরও ক্ষতিগ্রস্ত করবে। গুজব বা বিভ্রান্তি যাতে বাজারকে ক্ষতিগ্রস্ত করতে না পারে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। মুদ্রাবাজার ও পুঁজিবাজার আলাদা বিষয় হলেও তারল্য নিয়ন্ত্রণে এসইসি ও বাংলাদেশ ব্যাংকের সমন্বয়হীনতা বাজারে ভুল বার্তা দিচ্ছে। সালাহউদ্দিন আহমেদ খান বলেন, এসইসি, ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকগুলো দক্ষ জনশক্তির অভাবে বিনিয়োগকারীদের সঠিক তথ্য দিতে পারছে না। বিনিয়োগকারীরা চাহিদা অনুযায়ী ঋণ না পেয়ে আরও বেশি হতাশ হয়ে পড়ছেন। শাকিল রিজভী বলেন, বর্তমান পরিস্থিতিতে শেয়ারবাজার নিয়ে যেকোনো বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সবাইকে দায়িত্বশীল ও সতর্ক থাকতে হবে। নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে সমন্বয়হীনতার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘গত এক বছরে সভাপতি হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে বৈঠক করতে পারিনি। কয়েকবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। কেন কেন্দ্রীয় ব্যাংক আমাদের সঙ্গে আলোচনায় বসতে রাজি হলো না, তা বলতে পারব না। আমরা কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে এখনো আলোচনা করতে চাই। প্রয়োজনে নিচের দিকের কর্মকর্তাদের সঙ্গে বসব। কারণ আমি মনে করি, আলোচনা করলে অনেক সমস্যারই সমাধান সম্ভব। এসইসির সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ আছে। কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে এসইসির সমন্বয় আছে কি না, সেটি আমি বলতে পারব না।’বাড়ল কেন, কমল কেন: ফারুক আহমেদ সিদ্দিকী বলেন, কেন বাজার নয় হাজার সূচকে উঠল, আবার কেন আজকের অবস্থা তৈরি হলো, এসব বিষয়ে কোনো আলোচনা কেউ করতে চায় না। তবে বাজার যেখানে চলে গিয়েছিল, তাতে মূল্য সংশোধন ছিল অনিবার্য। বাজারে সরবরাহ নিশ্চিত না করে চাহিদা বাড়ানো ঠিক হয়নি।এসইসির এই সাবেক চেয়ারম্যান আরও বলেন, এরই মধ্যে সূচক ২০ শতাংশের মতো সংশোধন হয়েছে। ঝুঁকিও অনেকটা কমে গেছে। তারপরও বাজার স্বাভাবিক আচরণ করছে না। সংকট চলমান। এ ক্ষেত্রে তারল্য-সংকট বড় কারণ হলেও প্রধান কারণ আস্থার সংকট। তারল্য-সংকট কাটানোর পাশাপাশি সবার আগে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে হবে। সালাহউদ্দিন আহমেদ খান বলেন, বিনিয়োগকারীর উপস্থিতির দিক থেকে বাজার অনেক সম্প্রসারিত হয়েছে। প্রকৃত খাতে বিনিয়োগে স্থবিরতা, আমানত ও সঞ্চয়পত্রের সুদের হার কমে যাওয়া, সরবরাহ বাড়ানোর ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়ের নীতি প্রতিবন্ধকতা—সব মিলিয়ে বাজারে আজকের অবস্থা তৈরি করেছে। কারণ বাজারে চাহিদা বেড়েই গেছে, কিন্তু সে তুলনায় সরবরাহ বাড়েনি।আবু আহমেদ বলেন, ২০১০ সালে বাজারে সরবরাহ বাড়ানো গেলে আজকের অবস্থা তৈরি হতো না। অভিহিত মূল্য পরিবর্তনের সুযোগ এবং জেলা-উপজেলা পর্যায়ে ব্রোকারেজ হাউসের শাখা খোলার অনুমতির ফলে বাজারে চাহিদা অনেক বেড়ে গেছে।শাকিল রিজভী বলেন, বিশ্বমন্দার প্রেক্ষাপটে বিগত কয়েক বছরে প্রবাসী বাংলাদেশিদের পুঁজির একটা বড় অংশ পুঁজিবাজারে চলে এসেছিল। সে সময় প্রবাসী-আয় বৃদ্ধি পাওয়ায় জায়গা-জমির দামও অনেক বেড়ে গিয়েছিল। এখন প্রবাসীদের কাছ থেকে আগের মতো অর্থ আসছে না। তিনি মনে করেন, তারল্য-সংকট ও বিনিয়োগকারীদের আস্থাহীনতার কারণে বাজারের আজকের অবস্থা তৈরি হয়েছে। শেখ মর্তুজা আহমেদ বলেন, বর্তমান বাজারে প্রধান সমস্যা তারল্য-সংকট ও বিনিয়োগকারীর আত্মবিশ্বাসহীনতা। ব্যবস্থাপনার স্বচ্ছতা: মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, পুঁজিবাজারের স্বচ্ছতার স্বার্থেই ডিমিউচ্যুলাইজেশন (মালিকানা ও ব্যবস্থাপনা পৃথক করা) করতে হবে। এ জন্য হয়তো তিন থেকে পাঁচ বছর সময় লাগবে। কিন্তু এটি করতেই হবে। এ ক্ষেত্রে প্রয়োজনে নিয়ন্ত্রক সংস্থাকে শক্ত অবস্থান নিতে হবে। আবু আহমেদ বলেন, ‘এখন আমাদের ধীরে ধীরে ডিমিউচ্যুলাইজেশনের দিকে এগোতে হবে। এটি করা গেলে দেশি-বিদেশি বিনিয়োগ আরও বাড়বে।’ শাকিল রিজভী বলেন, ‘আমিও চাই ডিমিউচ্যুলাইজেশন হোক। তবে কখন, কী পর্যায়ে এটি করা হবে, তা আলোচনার দাবি রাখে। এটি করতে হলে প্রয়োজনীয় দক্ষ জনবল তৈরি করতে হবে। এ বিষয়ে ধারণা নিতে শিগগিরই আমরা বোম্বে স্টক এক্সচেঞ্জে যাব, তাদের সঙ্গে কথা বলব।’ সমন্বয়হীনতা: ফারুক আহমেদ সিদ্দিকী বলেন, শেয়ারবাজারে তারল্য নিয়ন্ত্রণ ও জোগানে এসইসি ও কেন্দ্রীয় ব্যাংকের সমন্বয়হীনতা রয়েছে। সালাহউদ্দিন আহমেদ খান বলেন, বাজারের আজকের অবস্থার জন্য বাংলাদেশ ব্যাংকের ব্যর্থতাও দায়ী। শিল্পঋণসহ অন্যান্য খাতের টাকা শেয়ারবাজারে চলে আসছে—এটি তারা আগে দেখল না কেন। আবু আহমেদ বলেন, নিয়ন্ত্রণমূলক মুদ্রানীতি দিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা যাবে না। এটি নির্ভর করে চাহিদা-সরবরাহ ও বিশ্ববাজারের পণ্যমূল্যের ওপর। এ ক্ষেত্রে আর্থিক ব্যবস্থা নেওয়া যেতে পারে। পুঁজিবাজার মুদ্রানীতির অংশ নয়—কেন্দ্রীয় ব্যাংকের এমন বক্তব্যেরও বিরোধিতা করেন আবু আহমেদ। প্রয়োজন শক্তিশালী এসইসি: মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, এসইসির মূল কাজ বাজারকে সুচারুভাবে পরিচালনা করা। কোথাও কোনো কারসাজি ঘটছে কি না তা দেখা। কারসাজির ঘটনা ঘটলে তার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া। এ জন্য সংস্থাটির সার্ভিলেন্স ও তদারকিব্যবস্থা আরও জোরদার করতে হবে। তিনি বলেন, ফারুক আহমেদ সিদ্দিকী এসইসির চেয়ারম্যান থাকা অবস্থায় অনিয়মের দায়ে একটি প্রতিষ্ঠানকে ১০ কোটি টাকা জরিমানা করা হয়েছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে সেই ধরনের কোনো শাস্তির বিধান আমরা দেখতে পাচ্ছি না। অথচ সন্দেহজনক যেকোনো লেনদেন দেখার ক্ষমতা এসইসির আছে। সংস্থাটি চাইলে সেসব ক্ষমতা ব্যবহার করতে পারে। সৈয়দ মঞ্জুর এলাহী বলেন, ‘একক কোনো কোম্পানির পক্ষে বাজারে কারসাজি করা সম্ভব না। তবে কিছু কিছু কোম্পানির দাম নিয়ে কারসাজি হয়েছে। এসইসির দায়িত্ব দাম নিয়ে যারা কারসাজি করেছে তাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা। দু-একটা ঘটনায় শাস্তির বিধান করা গেলে এ ধরনের প্রবণতা কমবে। কিন্তু আমরা দেখেছি তদন্ত প্রতিবেদন ও দোষী ব্যক্তিদের চিহ্নিত করার পরও শেয়ারবাজারে ১৯৯৬ সালের কেলেঙ্কারির সঙ্গে জড়িত ব্যক্তিদের এখনো শাস্তি দেওয়া হয়নি।’ তিনি বলেন, এসইসির উচিত জেড শ্রেণীভুক্ত কোম্পানিগুলোর লেনদেন আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা। কারণ বন্ধ থাকা কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধির ঘটনা রয়েছে।ফারুক আহমেদ সিদ্দিকী বলেন, এসইসির সার্ভিলেন্স বিভাগকে আরও উন্নত করা দরকার। এ জন্য সংস্থাটিতে পেশাদার লোকবল বাড়াতে হবে। কিন্তু বর্তমানে এটির যে বেতনকাঠামো রয়েছে তাতে পেশাদার লোক নিয়োগ করা সম্ভব হবে না। তাই এসইসির বেতনকাঠামো পরিবর্তন জরুরি। সেই সঙ্গে সংস্থাটির কাজের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। পুঁজিবাজারবিষয়ক যেকোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাকে দিতে হবে।বুকবিল্ডিং পদ্ধতি: সৈয়দ মঞ্জুর এলাহী বলেন, এই পদ্ধতি চালুর ফলে বেসরকারি খাতের অনেক কোম্পানি শেয়ারবাজারে আসতে আগ্রহী হয়েছে। এটি চালু হওয়ার ফলে শেয়ারের ন্যায্যমূল্য কিছুটা হলেও নিশ্চিত করা সম্ভব হচ্ছে। তবে এই পদ্ধতির কিছু ক্ষেত্রে ত্রুটি থাকতে পারে। সেটি চিহ্নিত করে সংশোধনের উদ্যোগ নেওয়া যেতে পারে। কিন্তু বুকবিল্ডিং পদ্ধতিটি উঠিয়ে দিলে বেসরকারি কোম্পানি বাজারে আনার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হবে। কিছু খারাপ কোম্পানির জন্য ভালো কোম্পানিকে শাস্তি দেওয়া ঠিক হবে না। ফারুক আহমেদ সিদ্দিকী বলেন, বুকবিল্ডিং পদ্ধতি চালু না করলে বেসরকারি খাতের কোম্পানিগুলো বাজারে আসত না। তবে এই পদ্ধতির কোথাও কোথাও গলদ থাকতে পারে। দেখতে হবে বুকবিল্ডিং পদ্ধতিতে বাজারে আসা কোম্পানিগুলোর যে নির্দেশক দাম ঠিক করা হচ্ছে, সেটি যথাযথভাবে হচ্ছে কি না। এই পদ্ধতির যে সুফল পাওয়া যাচ্ছে। এর অপব্যবহার যেন পুরো পদ্ধতিটিকে বন্ধ করে না দেয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে। আবু আহমেদ বলেন, আগে কোম্পানিগুলো কাগজ বিক্রি করে টাকা নিত। আর এখন কোম্পানিগুলো অ্যাকাউন্টস বেচে টাকা নিতে বাজারে আসছে। শাকিল রিজভী বলেন, বুকবিল্ডিং পদ্ধতিটি এখন বিনিয়োগকারীকে ঠকানোর যন্ত্র হয়ে গেছে। এ পদ্ধতিতে একই খাতের শেয়ারের বাজারমূল্য দেখে নির্দেশক দাম ঠিক করা হয়। এতে করে যেসব কোম্পানি বাজারে আসতে চায়, তারা সংঘবদ্ধভাবে তালিকাভুক্ত ওই খাতের কোম্পানিগুলোর দাম বাড়ায়। যাতে তার কোম্পানির শেয়ার বেশি দামে বিক্রি করতে পারে। নিরীক্ষা প্রতিবেদনেই গলদ: শাকিল রিজভী বলেন, এখন বাজারে এমন অনেক কোম্পানি আসছে তাদের নিরীক্ষা প্রতিবেদনে গলদ রয়েছে। শেয়ারের বেশি দাম নেওয়ার জন্য অনেক কোম্পানি তার আর্থিক প্রতিবেদনে শেয়ারপ্রতি আয় (ইপিএস) বাড়িয়ে দেখাচ্ছে। এটি করতে গিয়ে কোম্পানিগুলো আগের বছরের চেয়ে আয় বাড়িয়ে দেখাচ্ছে ঠিকই, কিন্তু তার বিপরীতে খরচ কমাচ্ছে। কিন্তু বাস্তবে আয় বাড়লে খরচও বাড়বে। কিন্তু এসব দেখার কেউ নেই। ফারুক আহমেদ সিদ্দিকী বলেন, ‘আমাদের নিরীক্ষা প্রতিবেদনের মান বাড়াতে হবে। আর্থিক প্রতিবেদনে প্রকৃত তথ্য প্রকাশ নিশ্চিত করা গেলে তাতে সবাই লাভবান হবে।’পরামর্শ: আলোচনায় বাজারের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সবাই মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের কথা বলেন।মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, উত্থান-পতন যাই ঘটুক, শেয়ারবাজার এখনো বিনিয়োগযোগ্য। ভালো শেয়ারে বিনিয়োগ করলে অবশ্যই লাভবান হওয়া যাবে। এ জন্য ধৈর্য ধরতে হবে। ফারুক আহমেদ সিদ্দিকী বলেন, এরই মধ্যে বাজার ২০ শতাংশ মূল্য সংশোধন হয়েছে। আতঙ্কিত হওয়ার মতো অবস্থায় বাজার আর নেই। তাই আতঙ্কিত হয়ে ভালো শেয়ার বিক্রির কোনো কারণ নেই। পুঁজিবাজারকে যেকোনো মূল্যে রক্ষা করতে হবে। যদিও এখন আমরা কিছুটা ক্রান্তিকালের মধ্যে আছি। সৈয়দ মঞ্জুর এলাহী বলেন, মুক্তবাজার অর্থনীতিতে শিল্পায়ন চাইলে পুঁজিবাজারের কোনো বিকল্প নেই। এ জন্য স্টক মার্কেটে যেতেই হবে। শুধু ব্যাংক ঋণ নিয়ে কখনো দীর্ঘমেয়াদি শিল্পায়ন এগিয়ে নেওয়া যাবে না। তবে পুঁজিবাজারে মূল্য সংশোধন হবে, এটি স্বাভাবিক নিয়ম। তারপরও ভালো কোম্পানি ভালো করবে। আবু আহমেদ বলেন, ‘দাম কমবে শেয়ারের, কিন্তু বাজার বাড়বে—এটাতে আমি আশাবাদী। এই বাজার বাঁচিয়ে রাখতে হবে। বিনিয়োগকারীরা চলে গেলে তাদের সহজে আর ফিরিয়ে আনা যাবে না।’ সালাহউদ্দিন আহমেদ খান বলেন, ৩৩ লাখ বিনিয়োগকারী বাজারবিমুখ হলে বেসরকারি খাতের প্রবৃদ্ধি চরমভাবে বাধাগ্রস্ত হবে। বর্তমান বাজারেও বিনিয়োগ করে নিশ্চিন্তে বের হয়ে আসার সুযোগ রয়েছে। শাকিল রিজভী বলেন, বর্তমান বাজারে ৬০ শতাংশ শেয়ার আছে, যেগুলোর মূল্য আয়ের অনুপাত (পিই রেশিও) ২০-এর নিচে আছে। এমন অনেক কোম্পানি আছে, যাদের পিই রেশিও ১০-এর কম। এই বাজার আবার ঘুরে দাঁড়াবেই। শেখ মর্তুজা আহমেদ বলেন, ‘স্টক মার্কেট কখনো ধ্বংস হবে না (স্টক মার্কেট নেভার ডাই)।’ বিনিয়োগকারীদের উদ্দেশে তিনি বলেন, ‘ভালো শেয়ারে থাকুন, ভালো দাম ফিরে পাবেন।’