শেয়ারবাজারে আজও দরপতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে আজ বুধবারও দরপতন হয়েছে। দুই স্টক এক্সচেঞ্জেই আজ দিন শেষে লেনদেন হওয়া বেশির ভাগ শেয়ারের দাম কমেছে। এর ফলে সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়। তবে সারা দিন সূচক ওঠানামা করে।বাজার-বিশেষজ্ঞ ব্যক্তিরা বলছেন, এ সপ্তাহে দুই দিন বাজারে চাঙাভাব দেখা গেলেও বিনিয়োগকারীদের মধ্যে পুরোপুরি আস্থা ফিরে আসেনি। তাই এখনো শেয়ার বিক্রির চাপ অব্যাহত রয়েছে।এ ব্যাপারে বাজার বিশ্লেষক আকতার হোসেন সান্নামাত বলেন, এর আগে দুই দিনে বাজার যেভাবে বেড়েছিল, তা খানিকটা অস্বাভাবিক ছিল। অনেক বিনিয়োগকারী বাজারে পুরোপুরি আস্থা রাখতে পারছেন না। তাই তাঁরা নিজেদের হাতে থাকা শেয়ার বিক্রি করছেন। এর ফলে বাজারে শেয়ার বিক্রির খানিকটা চাপ ছিল। তবে আজ সূচকের ওঠানামা দেখে বুঝা যায়, একটা পক্ষ বিশেষ করে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বাজারকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছেন। এটা অবশ্যই ইতিবাচক দিক। তবে এই পক্ষকে বাজারে সক্রিয় থাকতে হবে। একপর্যায়ে বিনিয়োগকারীদের আস্থাও ফিরে আসবে।ডিএসই সূত্রে জানা যায়, আজ ডিএসইর সাধারণ মূল্যসূচক ২৮.১৩ পয়েন্ট কমে ৫৮৫১.০১ পয়েন্টে দাঁড়িয়েছে।আজ দিনভর ডিএসইতে সূচক দ্রুত ওঠানামা করে। ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। লেনদেনের ২০ মিনিটে সূচক ৪০ পয়েন্ট বাড়ে। তবে ৩৫ মিনিটে সূচক আগের দিনের অবস্থানে নেমে আসে। এরপর আবার ঊর্ধ্বমুখী হয়ে ৫৫ মিনিটে ৩০ পয়েন্ট বেড়েছিল। আর বেলা একটায় সূচক কমেছিল ৩০ পয়েন্ট। এভাবে ওঠানামা করতে থাকে সূচক।ডিএসইতে লেনদেন হওয়া ২৫৮টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৯০টির, কমেছে ১৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৩১৯ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৯৩ কোটি টাকা কম।আজ লেনদেনে শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট, বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা, সামিট পাওয়ার, মালেক স্পিনিং, লঙ্কা-বাংলা ফিন্যান্স, গ্রামীণফোন, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস, সিটি ব্যাংক ও আফতাব অটো।অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৭২.৮৫ পয়েন্ট কমে ১৬৫৭৩.০২ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ১৮০টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৫৬টির, কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত রয়েছে আটটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ সিএসইতে ৪৬ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৩৩ কোটি টাকা কম।