শেয়ারবাজারে আবার বড় দরপতন
উদ্যোক্তা ও পরিচালকদের শেয়ার বিক্রিতে নিষেধাজ্ঞা বড় মূলধনের কোম্পানির উদ্যোক্তারা নিজেদের শেয়ার কিনবেনদেশের শেয়ারবাজারে গতকাল বুধবার আবারও বড় দরপতন ঘটেছে। বাংলাদেশ ব্যাংক গত সোমবার বাণিজ্যিক ব্যাংকগুলোর সহযোগী প্রতিষ্ঠানের একক গ্রাহক ঋণসীমা সমন্বয়ের সময় এক বছর বাড়ানোর ঘোষণা দিলেও তা বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে পারেনি। বরং আতঙ্কিত সাধারণ শেয়ারধারীদের পাশাপাশি তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকেরাও শেয়ার বিক্রির চাপ বাড়িয়ে দিয়েছেন। এ অবস্থায় শেয়ার বিক্রির চাপ কমাতে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকদের শেয়ার বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। একই সঙ্গে সাধারণ শেয়ারধারীদের হাতে কোনো কোম্পানির ৫ শতাংশ বা এর বেশি শেয়ার থাকলে তাও বিক্রি করা যাবে না বলে জানিয়েছে সংস্থাটি। গতকাল বিকেলে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার থেকেই আদেশটি কার্যকর হবে। এ আদেশ জারির পর বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) সভাপতি সালমান এফ রহমান জানিয়েছেন, বাজারের স্থিতিশীলতার স্বার্থে বড় মূলধনের কোম্পানিগুলোর উদ্যোক্তারা নিজেদের কোম্পানির শেয়ার কিনতে আগ্রহী। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এদিকে দরপতন ঠেকাতে গতকালও বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করে ব্যস্ত সময় কাটিয়েছে এসইসি। এর মধ্যেই ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর প্রায় ৮৯ শতাংশেরই দাম কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম কমেছে ৯৮ শতাংশের। তবে বড় ধরনের দরপতন ঘটলেও গতকাল বিনিয়োগকারীদের কোনো বিক্ষোভ দেখা যায়নি। এর আগে গত সোমবার বিক্ষোভকালে ১০ বিনিয়োগকারীকে আটক করায় বিক্ষোভকারীদের মধ্যে গ্রেপ্তার আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাজার পরিস্থিতি: ডিএসইতে গতকাল এক দিনেই শেয়ারের সাধারণ মূল্যসূচক পৌনে ৩ শতাংশ বা ১৬০ পয়েন্ট কমে পাঁচ হাজার ৬৪৯ পয়েন্টে নেমে এসেছে। প্রায় চার মাসের মধ্যে এটি মূল্যসূচকের সর্বনিম্ন অবস্থান। এর আগে চলতি বছরের ৩০ মে ডিএসইর সাধারণ মূল্যসূচক পাঁচ হাজার ৬০৪ পয়েন্টে ছিল।সিএসইর সার্বিক মূল্যসূচক প্রায় ৩ শতাংশ বা ৪৯১ পয়েন্ট কমে ১৫ হাজার ৯৮২ পয়েন্টে নেমে এসেছে।দরপতন দিয়েই গতকাল দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা আরও তীব্র হয়। এ কারণে ডিএসইতে দাম কমার শীর্ষে থাকা কোম্পানিগুলোর বেশির ভাগই দিনের সর্বনিম্ন মূল্যস্তরে (সার্কিট ব্রেকার) নেমে আসে। যদিও লেনদেনের শেষ ২০ মিনিটে অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় এসব কোম্পানির দামেরও কিছুটা উন্নতি হয়।ঢাকার বাজারে লেনদেন হওয়া ২৫৭ কোম্পানির মধ্যে ২৩০টিরই দাম কমেছে, বেড়েছে ২৩টির আর অপরিবর্তিত ছিল ১০টির দাম। দিনশেষে ডিএসইতে ৩৩৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে চার কোটি টাকা কম।সিএসইতে লেনদেন হওয়া ১৭৯টি কোম্পানির মধ্যে ১৭৫টিরই দাম কমেছে, বেড়েছে মাত্র তিনটির আর অপরিবর্তিত ছিল একটি কোম্পানির শেয়ারের দাম। চট্টগ্রামের বাজারে এদিন প্রায় ৪৬ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে তিন কোটি টাকা বেশি। উদ্যোক্তা ও পরিচালকদের শেয়ার বিক্রিতে নিষেধাজ্ঞা: এসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান এ প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, ‘পুঁজিবাজারের উন্নয়ন ও বিনিয়োগকারীদের স্বার্থের কথা চিন্তা করে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অধ্যাদেশ, ১৯৬৯-এর ধারা ২০এ-এর ক্ষমতাবলে এসইসি উদ্যোক্তা ও পরিচালকদের শেয়ার বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।’ এ আদেশের ফলে উদ্যোক্তা ও পরিচালকেরা তাঁদের কোম্পানির একটি শেয়ারও বিক্রি করতে পারবেন না। তবে সাধারণ শেয়ারধারীরা তাঁদের হাতে সংশ্লিষ্ট কোম্পানির শেয়ার ৫ শতাংশের কম থাকলে বিক্রি করতে পারবেন। সাইফুর রহমান বলেন, পুঁজিবাজারের সাম্প্রতিক অস্থিতিশীলতার মধ্যেও অনেক উদ্যোক্তা ও পরিচালকের মধ্যে শেয়ার বিক্রির প্রবণতা দেখা গেছে। বাজারের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে এসইসির বৈঠকেও এ বিষয়টি দরপতনের একটি কারণ হিসেবে আলোচনায় এসেছে। তাই বিনিয়োগকারীদের স্বার্থের কথা বিবেচনা করে বাজারে শেয়ার বিক্রির চাপ কমাতে এসইসি এ সিদ্ধান্ত নিয়েছে। সরকারি মালিকানাধীন কোম্পানিগুলোর শেয়ার বিক্রির ক্ষেত্রেও নিয়মটি প্রযোজ্য হবে কি না—এ প্রশ্নের জবাবে সাইফুর রহমান বলেন, আপাতত সব কোম্পানির ক্ষেত্রেই এটি প্রযোজ্য। তবে প্রয়োজনে সরকারি কোম্পানির বেলায় আদেশটি শিথিল করা হবে।ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত তথ্য থেকে জানা যায়, সম্প্রতি বিভিন্ন কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকেরা ঘোষণা দিয়ে বিপুল পরিমাণ শেয়ার বিক্রি করেছেন। উদ্যোক্তা বা পরিচালকদের সংশ্লিষ্ট কোম্পানির শেয়ার ধারণের ন্যূনতম পরিমাণসংক্রান্ত সুনির্দিষ্ট কোনো নীতিমালা না থাকায় অনেক কোম্পানির ক্ষেত্রেই সাধারণ শেয়ারধারীদের চেয়ে উদ্যোক্তাদের শেয়ারের পরিমাণ কমে গেছে। কোনো কোনো কোম্পানির ক্ষেত্রে উদ্যোক্তাদের শেয়ার ধারণের পরিমাণ ৫ থেকে ৬ শতাংশে নেমে এসেছে। নিজেদের শেয়ার কমে আসায় তাঁরা কোম্পানি পরিচালনায় দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছেন না বলেও অভিযোগ রয়েছে। এ অবস্থায় উদ্যোক্তাদের ন্যূনতম শেয়ার ধারণসংক্রান্ত আইন প্রণয়নের দাবি উঠেছে। ডিএসইতে সংবাদ সম্মেলন: ডিএসই আয়োজিত সংবাদ সম্মেলনে সালমান এফ রহমান বলেন, ‘বাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা সবাই চিন্তিত। সবাই চাই বাজারের স্থিতিশীলতা। এরই অংশ হিসেবে গত মঙ্গলবার বড় মূলধনের কোম্পানিগুলোর উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি, প্রয়োজনে আমরা নিজেদের কোম্পানির শেয়ারে সমর্থন দেব। কারণ বাজার এমন অবস্থায় চলে আসছে যে কোম্পানিগুলোর শেয়ার মূল্য-আয় অনুপাত (পিই) অনেক কমে যাচ্ছে।’ কিন্তু এটা করতে গেলে বিধিবিধানে কিছু সমস্যা আছে উল্লেখ করে সালমান এফ রহমান বলেন, বিষয়টি নিয়ে সকালে এসইসির সঙ্গে কথা হয়েছে। এসইসি স্টক এক্সচেঞ্জের সঙ্গে কথা বলে এ ব্যাপারে প্রস্তাব পাঠানোর পরামর্শ দিয়েছে। সংবাদ সম্মেলনের আগে বাজার পরিস্থিতি ও তা মোকাবিলার উপায় নিয়ে ডিএসইতে বৈঠক হয়। বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে সালমান এফ রহমান বলেন, বাজারে আস্থার একটা সমস্যা রয়েছে। তা ছাড়া অনেক মার্চেন্ট ব্যাংক বাজারের উত্থানের সময় গ্রাহকদের ঋণ দিয়েছিল। কিন্তু এখন বাজার যেভাবে পড়ছে তাতে ঋণগ্রহীতা ও দাতা উভয়ই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য বাংলাদেশ ব্যাংক, এসইসিসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কথা বলে একটি উপায় বের করতে হবে। আর এটি করতে হবে তাড়াতাড়ি। যদি বেশি দেরি হয়ে যায়, তাহলে তারা কিন্তু সমস্যায় পড়ে যাবে।