শেয়ারবাজারে আবারও ব্যাপক দরপতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শেয়ারবাজারে গতকাল মঙ্গলবার আবারও বড় ধরনের দরপতন ঘটেছে। এতটাই দরপতন হয়েছে যে, শীর্ষ ১০ কোম্পানির তালিকাই করা যায়নি। কারণ, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মাত্র আটটি কোম্পানির দর বেড়েছে। অব্যাহত দরপতনের প্রতিবাদে বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা গতকাল ডিএসই ভবনের সামনে বিক্ষোভ করেছেন। বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা সড়কে অবস্থান নিলে শাপলা চত্বর থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। চট্টগ্রামের আগ্রাবাদে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ভবনের সামনেও সেখানকার বিনিয়োগকারীরা বিক্ষোভ করেছেন। গতকাল দরপতন দিয়েই লেনদেন শুরু হয়। দিনের শুরু থেকে শেষ পর্যন্ত একটানা শেয়ারের মূল্যসূচক পড়েছে। দিন শেষে ডিএসইর সাধারণ সূচক নেমে এসেছে পাঁচ হাজার ২৯৩ পয়েন্টে। গত সাত মাসের মধ্যে এটিই ডিএসইর সাধারণ মূল্যসূচকের সর্বনিম্ন অবস্থান। এর আগে চলতি বছরের ২ মার্চ ডিএসইর সাধারণ সূচক ছিল পাঁচ হাজার ২৯২ পয়েন্ট। আবার গত চার মাসের ব্যবধানে গতকাল ডিএসইতে এক দিনে সাধারণ সূচকেরও সর্বোচ্চ পতন ঘটেছে। গতকাল ডিএসইর সাধারণ সূচক কমেছে প্রায় ২২৬ পয়েন্ট। এর আগে চলতি বছরের ১২ জুন ঢাকার বাজারে এক দিনে ৩১৪ পয়েন্ট সূচক পড়েছিল। যোগাযোগ করা হলে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ‘আমাদের বাজারে বেশির ভাগ বিনিয়োগকারী স্বল্প সময়ে মুনাফা করতে চান। দীর্ঘমেয়াদি বিনিয়োগে আগ্রহ কম। এমনকি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও দীর্ঘমেয়াদি বিনিয়োগে এগিয়ে আসছে না। তারাও বাজার পর্যবেক্ষণ করছে। কিন্তু দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য এটি খুবই ভালো বাজার।’ফারুক আহমেদ সিদ্দিকী আরও বলেন, বাজারে তারল্যসংকট আছে এটা সত্য। কিন্তু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে একেবারেই বিনিয়োগের মতো টাকা নেই—এটি সত্য নয়। তবে বাজারের আচরণ দেখে মনে হয়েছে, আতঙ্কের কারণেই এমনটি ঘটেছে। ধারাবাহিক দরপতনের কারণে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে চরম আস্থাহীনতা তৈরি হয়েছে। তবে গতকালের দরপতনের পেছনে কারও কারসাজি বা কোনো একটি গোষ্ঠীর সম্পৃক্ততা রয়েছে কি না, সেটি ভালোভাবে খতিয়ে দেখা দরকার। জানা গেছে, গতকালের বাজারে শেয়ার কেনাবেচায় সাধারণ বিনিয়োগকারীদের অংশগ্রহণই ছিল সর্বাধিক। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ ছিল একেবারেই নগণ্য। সাধারণ বিনিয়োগকারীনির্ভর গতকালের বাজারে ক্রেতার চেয়ে বিক্রেতার সংখ্যা ছিল অনেক বেশি। এ কারণে দুপুরের পর অনেক কোম্পানির শেয়ারই ক্রেতাশূন্য হয়ে পড়ে। আবার হঠাৎ হঠাৎ দু-একজন ক্রেতা ক্রয় আদেশ দিলে দাম নিয়ে কোনো দেনদরবার ছাড়াই বিক্রেতা তাঁর হাতে থাকা শেয়ার ছেড়ে দিয়েছেন। বাজারের ওপর বিনিয়োগকারীরা পুরোপুরি আস্থাহীন হয়ে পড়ায় এমনটি ঘটেছে বলে মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ ছাড়া সোমবার শেয়ারবাজারের বিনিয়োগকারীদের নিয়ে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমানের করা মন্তব্যও দরপতনের পেছনে বড় ধরনের ভূমিকা রেখেছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিমত। বাংলাদেশ ফান্ডের ইউনিট বিক্রির উদ্বোধনী অনুষ্ঠানে মসিউর রহমান বলেন, ‘পুঁজি হারানোর উত্তেজনায় যারা জনগণের স্বাভাবিক জীবন চলাচলে বিঘ্ন ঘটায়, তাদের আচরণ সুনাগরিকসুলভ নয়।’ গতকাল বেলা সোয়া একটার দিকে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি), শমরিতা হাসপাতাল, স্টাইল ক্রাফট, মুন্নু জুটেক্স, স্টাফলারসহ বেশ কয়েকটি কোম্পানির শেয়ারের কোনো ক্রেতা ছিল না। দিনের শেষে দেখা যায়, এসব কোম্পানির প্রতিটির হাতে গোনা কয়েক লট শেয়ার বিক্রি হয়েছে। এ ছাড়া বেলা সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২০টির বেশি কোম্পানির শেয়ারের ক্রয় আদেশ ছিল কয়েকটি। তার বিপরীতে বিক্রেতা ছিল অনেক। তবে ক্রেতা-বিক্রেতার মধ্যে দামের তারতম্য ছিল অনেক। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণের বিষয়ে যোগাযোগ করা হলে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফায়েকুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘আমরা আমাদের নিজস্ব পত্রকোষ (পোর্টফোলিও) থেকে আজ (গতকাল) একটি শেয়ারও বিক্রি করিনি। বরং বাজারকে সহায়তা দিতে উল্লেখযোগ্য পরিমাণ শেয়ার কিনেছি।’ গতকাল দিন শেষে ঢাকার বাজারে দরবৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকাটিই ছিল অসম্পূর্ণ। লেনদেন হওয়া ২৫৯টি কোম্পানির মধ্যে মাত্র আটটি ছিল দরবৃদ্ধির তালিকায়। ২৪৯টির দাম কমেছে আর অপরিবর্তিত ছিল দুটি কোম্পানির শেয়ারের দাম। ডিএসইতে এ দিন ৯৬ শতাংশ শেয়ারের দাম কমেছে। তবে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। ঢাকার বাজারে গতকাল প্রায় ৩৩৬ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ৮০ কোটি টাকা বেশি। চট্টগ্রামের বাজারেও মঙ্গলবার লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৯৬ শতাংশ কোম্পানি দর হারিয়েছে। এদিন সেখানে ১৮৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১৮০টিরই দাম কমেছে, বেড়েছে পাঁচটির আর অপরিবর্তিত ছিল দুটির দাম। সিএসইতেও লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে প্রায় আট কোটি টাকা বেড়ে ৫০ কোটি টাকা ছাড়িয়েছে। বিনিয়োগকারীদের কর্মসূচি: বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে আন্দোলনরত বিনিয়োগকারীরা ধারাবাহিক কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন। কর্মসূচির মধ্যে রয়েছে: আজ ও আগামীকাল বৃহস্পতিবার ডিএসই ভবনের সামনে প্রতীকী অনশন ও অবস্থান কর্মসূচি। এ ছাড়া আগামী রোববার থেকে বাজার স্থিতিশীল না হওয়া পর্যন্ত দেশব্যাপী বিনিয়োগকারীদের আমরণ অনশনের ঘোষণা দিয়েছে পরিষদ।