শেয়ারবাজারে এক দিনে সর্বোচ্চ সূচক পতন
দেশের শেয়ারবাজারে বড় ধরনের দরপতন ঘটেছে। গতকাল রোববার এক দিনেই দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক প্রায় ২৮৫ পয়েন্ট বা ৩ দশমিক ৩২ শতাংশ কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক মূল্যসূচক গতকাল এক দিনেই কমেছে ৭৪৬ পয়েন্ট। গতকাল ডিএসইর সাধারণ মূল্যসূচক কমে হয় আট হাজার ২৯৫ দশমিক ৪২ পয়েন্ট। আর সিএসইতে দিনশেষে সূচক দাঁড়ায় ২৩ হাজার ৩৭৪ দশমিক ৫২ পয়েন্ট। দেশের পুঁজিবাজারের ইতিহাসে এভাবে সূচক পতনের ঘটনা আগে কখনো ঘটেনি। এর আগে ’৯৬ সালের ৫ নভেম্বর শেয়ার কেলেঙ্কারির সময় সর্বোচ্চ ২৩৩ পয়েন্ট সূচক কমেছিল। এই হিসেবে গতকালের সূচক পতনের ধারা ওই ঘটনাকেও হার মানিয়েছে। অবশ্য গত বুধবার সোয়া ঘণ্টায় পতনের নজিরবিহীন ঘটনা ঘটেছিল। ওই সময় ডিএসইর সাধারণ মূল্যসূচক ৫৪৭ পয়েন্ট বা প্রায় সাড়ে ৬ শতাংশ কমে যায়। তবে বুধবার দিনশেষে ডিএসইর সাধারণ সূচক আগের দিনের চেয়ে ১৩৪ পয়েন্ট কমেছিল। ফলে বুধবারের সোয়া এক ঘণ্টার ঘটনা বাদ দিলে গতকালের মূল্যসূচকের পতন ছিল সর্বোচ্চ। বাজার বিশ্লেষকেরা বলছেন, ১৯৯৬ সালের চেয়ে বর্তমান শেয়ারবাজার অনেক বেশি বিস্তৃত। এ কারণে পয়েন্টের হিসাবে গতকাল সূচক পতনের রেকর্ড হলেও ’৯৬-এর তুলনায় এই পতন ভয়াবহ নয়। কারণ ’৯৬ সালে এক দিনে ৬ শতাংশের মতো সূচক কমেছিল। আর গতকাল কমেছে প্রায় ৩ দশমিক ৩২ শতাংশ।বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ব্যাংকের শেয়ারের দাম কমার কারণেই গতকালের দরপতন ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। গতকাল ডিএসইতে ব্যাংকিং খাতের শেয়ারের ব্যাপক দরপতন হয়। সপ্তাহের প্রথম দিনে ডিএসইতে লেনদেন হওয়া সব কটি ব্যাংকের শেয়ারেরই দাম কমেছে। দাম কমার দিক থেকে ডিএসইর শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ছয়টিই ছিল ব্যাংক। গতকাল রোববার সপ্তাহের প্রথম দিনে ডিএসইতে ৩০টি ব্যাংকের প্রায় ৫৫০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১ ডিসেম্বরও ব্যাংকের এই লেনদেনের পরিমাণ ছিল ৭৬২ কোটি টাকা। অন্যদিকে গতকাল দাম বাড়া ৫১টি কোম্পানির মধ্যে অর্ধেকেরই বেশি ছিল মিউচুয়াল ফান্ড। এদিন ৩১টি মিউচুয়াল ফান্ডের মধ্যে ২৭টির দাম বেড়েছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের পোর্টফোলিওর ১০ শতাংশ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে হবে বলে এসইসি নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে—এ রকম গুজব রয়েছে। এই গুজবের সূত্র ধরে মিউচুয়াল ফান্ডের দাম বাড়ছে। আর এই গুজবের কারণেই বড় থেকে শুরু করে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও মিউচুয়াল ফান্ডের দিকে ঝুঁকে পড়ছেন। বাজার সম্পর্কে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ‘বাজার যে অবস্থায় চলে গিয়েছিল, তাতে সংশোধন প্রত্যাশিত ছিল। তবে এ সংশোধন হতে হবে ধীরে ধীরে। যাতে বিনিয়োগকারীরা আতঙ্কগ্রস্ত না হন।’ তিনি বিনিয়োগকারীদের উদ্দেশে বলেন, এ পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকতে হবে। আতঙ্কগ্রস্ত হলে চলবে না। ডিএসইর সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক সালাহউদ্দিন আহমেদ খান বলেন, ‘দুই দিন আগের যে দরপতন ছিল তার পেছনে কারণ ছিল। অনেকে মনে করেছিলেন, এসইসির দুটি নির্দেশনার কারণে সূচক পড়েছিল। কিন্তু গতকাল দরপতনের এমন কোনো কারণ ছিল না। এমনকি কোনো ধরনের গুজবও ছিল না। তার পরও সূচকের এ পতন ঘটেছে, যা আমার কাছে অস্বাভাবিক মনে হয়েছে। এর পেছনে অন্য কোনো কারসাজি ছিল কি না খতিয়ে দেখা প্রয়োজন।’অন্যদিকে বাজার বিশেষজ্ঞরা বলেছেন, বিগত কিছুদিন বাজার যে হারে বেড়েছিল, তাতে বাজারে পতন ঘটবে—এটাই স্বাভাবিক। তা ছাড়া সম্প্রতি বাংলাদেশ ব্যাংক তারল্যপ্রবাহ নিয়ন্ত্রণে ব্যাংকগুলোর নগদ জমা সংরক্ষণ বা সিআরআরের পরিমাণ বাড়িয়ে দিয়েছে। এতে করে বাজারের তারল্যে টান পড়েছে। যেহেতু অনেক ব্যাংক আগে থেকে বড় অঙ্কের অর্থ শেয়ারবাজারে বিনিয়োগ করে রেখেছে, তাই সিআরআরের টাকা জোগান দিতে এখন বাধ্য হয়ে অনেক ব্যাংককেই শেয়ার বিক্রি করতে হচ্ছে। পাশাপাশি কলমানি মার্কেট (আন্তব্যাংক টাকা ধার) থেকেও অনেককে টাকা ধার নিতে হচ্ছে। এ ছাড়া শেয়ারবাজারের বিনিয়োগ নিয়ে বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক কঠোর অবস্থান তো রয়েছেই। এসবেরই নেতিবাচক প্রভাব পড়েছে শেয়ারবাজারে। বাজার বিশেষজ্ঞরা আরও জানান, ডিসেম্বরেই তালিকাভুক্ত অনেক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অর্থবছর শেষ হচ্ছে। তাই এসব প্রতিষ্ঠান বছর শেষের আর্থিক হিসাব-নিকাশ বা আয়-ব্যয়ের হিসাব কষতে শুরু করেছে। এর ফলে অনেক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান তাদের হাতে থাকা শেয়ার বিক্রি করে মুনাফা তুলে নিচ্ছে। কারণ বছর শেষে শেয়ারবাজারের লাভ-লোকসানের হিসাবও আর্থিক প্রতিবেদনে তুলে ধরতে হবে। এদিকে শেয়ারবাজারে ঘটে যাওয়া গত বুধবারের নজিরবিহীন ঘটনার তদন্তে গঠিত এসইসির চার সদস্যের তদন্ত দল কাজ শুরু করেছে। গতকাল তাঁরা নিজেদের মধ্যে বৈঠক করে তদন্তের প্রাথমিক রূপরেখা ঠিক করেছেন। মূল্যসূচকের পাশাপাশি ডিএসইতে গতকাল লেনদেন হওয়া শেয়ারের দামও কমেছে। দিনশেষে এই বাজারে ২৪৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে ১৯১টিরই দাম কমেছে, বেড়েছে ৫১টির এবং অপরিবর্তিত ছিল তিনটির দাম। দাম কমলেও বেড়েছে লেনদেন। রোববার ডিএসইতে এক হাজার ৭১৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৯৪ কোটি টাকা বেশি। সিএসইতে লেনদেন হওয়া ২০২টি কোম্পানির মধ্যে ১৫৬টিরই দাম কমেছে। বেড়েছে ৪২টির আর অপরিবর্তিত ছিল চারটির দাম। এসইসির সদস্যকে অযোগ্য ঘোষণায় রুল জারি: সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সদস্য হিসেবে মনসুর আলমকে অযোগ্য ঘোষণা করার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। অর্থসচিব, এসইসি, মনসুর আলমসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের রুলের জবাব দিতে বলা হয়েছে। গতকাল রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের পরিপ্রেক্ষিতে এ রুল জারি করেন।এসইসির সদস্য হিসেবে মনসুর আলমকে অযোগ্য ঘোষণার নির্দেশনা চেয়ে ক্ষুদ্র বিনিয়োগকারী সৈয়দ শফিকুল আলম গতকাল রিট আবেদনটি করেন। তাঁর পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী আবুল কালাম আজাদ।রিট আবেদনে বলা হয়, এসইসি অর্ডিন্যান্স-১৯৬৯-এর ২০(এ) শুধু কমিশনকে নির্দেশনা ইস্যু করার ক্ষমতা দেওয়া হয়েছে। কমিশন সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে এ সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু মনসুর আলম ৬ ও ৭ ডিসেম্বর দুটি নির্দেশনা জারি করেন। এটা ক্ষমতার অপব্যবহার। কমিশন আইন-১৯৯৩-এর ৬ ধারায় চেয়ারম্যান বা সদস্যদের অযোগ্যতার বিষয়ে বলা আছে। এ অনুসারে মনসুর আলম ক্ষমতার অপব্যবহার করে জারি করা নির্দেশনা দুটি জনস্বার্থ পরিপন্থী। তাই তিনি কমিশনের সদস্য পদে থাকার অযোগ্য।