শেয়ারবাজারে কারসাজির দায়ে দুজনকে শুনানিতে ডেকেছে এসইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারের দুজন জুয়াড়িকে শনাক্ত করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের শেয়ারের মূল্য বৃদ্ধির ঘটনায় সংশ্লিষ্টতার প্রমাণ পেয়ে আগামী সপ্তাহে এসইসিতে তাঁদের বক্তব্য জানার জন্য শুনানিতে ডাকা হয়েছে। তাঁদের মধ্যে একজন ইয়াকুব আলী খন্দকার, অপরজন আরিফুর রহমান। দুজনের বিরুদ্ধে অভিযোগ, পুঁজিবাজারে ম্যারিকো বাংলাদেশের শেয়ার তালিকাভুক্ত হওয়ার পর কৃত্রিমভাবে এর মূল্য বৃদ্ধির পেছনে তাঁদের ভূমিকা রয়েছে।প্রসঙ্গত, ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের ১০ টাকা মূল্যের শেয়ার ৮০ টাকা প্রিমিয়ামসহ ৯০ টাকা দরে গণপ্রস্তাব আহ্বান করা হয়। পুঁজিবাজারে ২০০৯ সালের ১৬ সেপ্টেম্বর তালিকাভুক্তির পরপরই শেয়ারটির দাম দ্রুত বাড়তে থাকে। এর পরিপ্রেক্ষিতে এসইসি ২০০৯ সালের অক্টোবর মাসে একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটির প্রতিবেদনে এসইসি মাত্র ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারটি ৩০০ টাকার ওপরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাঁদের দুজনের সংশ্লিষ্টতার প্রমাণ পায়। বর্তমানে শেয়ারটির দাম ৪৩০ টাকা। এসইসির নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ বলেন, ‘তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে তাঁদের ডাকা হয়েছে। আগামী সপ্তাহে তাঁদের বক্তব্য শোনা হবে।’ এর চেয়ে বেশি কিছু বলতে তিনি রাজি হননি। জানা গেছে, গত জুন থেকেই শেয়ারবাজারের ‘বুল কার্টেল’ অতিমাত্রায় সক্রিয় রয়েছে। শেয়ারবাজারে দল গঠন করে যাঁরা কৃত্রিমভাবে মূল্য বৃদ্ধিতে ভূমিকা রাখেন, তাঁদের বুল কার্টেল বলা হয়। বাংলাদেশে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সাবেক ও বর্তমান উচ্চপদস্থ কর্মকর্তা, ব্রোকারেজ হাউসের মালিক ও প্রতিনিধি এবং বেশ কিছু বড় ব্যবসায়ী এর সদস্য। তাঁদেরই অর্থায়নে গড়ে উঠেছে বেশ কিছু গুজবের ওয়েবসাইট। এসব ওয়েবসাইটে বাজারে বিভিন্ন শেয়ারের দামের গুজব, লভ্যাংশের গুজব, বড় বড় লেনদেনের তথ্য দেওয়া হচ্ছে। পুঁজিবাজারের একাধিক সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে, ইয়াকুব খন্দকার আগে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের একজন উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। চাকরি থেকে অবসর নেওয়ার পর মাত্র কয়েক বছরেই তিনি শেয়ারবাজারের বড় ব্যবসায়ী হয়ে ওঠেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ ও প্রাইম ব্যাংক (যেখানে ইয়াকুব আলী খন্দকারের বিও হিসাব রয়েছে) সূত্র জানিয়েছে, বর্তমানে তাঁর বিপুল পরিমাণ অর্থ বিভিন্ন কোম্পানির শেয়ারে নামে-বেনামে বিনিয়োগ করা আছে। তাঁর সম্পর্কে বাজারে এমন প্রচলিত গল্প আছে, ইয়াকুব খন্দকার কী ভাবছেন, এর ওপরই নির্ভর করে সেদিন বাজারে শেয়ারের গতিপ্রকৃতি। বাজারের বড় থেকে ছোট বিভিন্ন স্তরের বিনিয়োগকারী তাঁর সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেন।প্রাইম ব্যাংকের মার্চেন্ট ব্যাংক বিভাগের প্রধান মর্তুজা আহমেদ জানান, তাঁদের ব্যাংকে ইয়াকুব আলী খন্দকারের বিও হিসাব রয়েছে। অবশ্য এই হিসাব থেকে কোনো অনিয়ম হয়েছে—এমনটা তিনি মনে করেন না। প্রাইম ব্যাংক ছাড়াও বিভিন্ন জায়গায় ইয়াকুব আলী খন্দকারের বিও হিসাব আছে বলে জানা গেছে। অভিযুক্ত অপর ব্যক্তি আরিফুর রহমান। তিনি ইয়াকুব খন্দকারের আত্মীয় বলে পুঁজিবাজারের একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে। আরিফুর রহমানের বিও হিসাব আছে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের মার্চেন্ট ব্যাংক বিভাগে। আরিফুর রহমানের পাশাপাশি এই প্রতিষ্ঠানকেও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং শুনানিতে ডাকা হয়েছে।এ ব্যাপারে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের মার্চেন্ট ব্যাংক বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রেজাউল হক প্রথম আলোকে জানান, আগামী সপ্তাহে শুনানিতে তাঁরা বক্তব্য পেশ করবেন। তবে মুঠোফোনে যোগাযোগ করে ইয়াকুব আলী খন্দকার ও আরিফুর রহমান—দুজনের কাউকেই পাওয়া যায়নি।