প্রধানমন্ত্রী শেয়ারবাজারের কারসাজির পেছনে বিএনপির হাত ছিল বলে অভিযোগ করেছেন। তিনি বলেন, তারা শেয়ারবাজারকে অস্থির করে ইস্যু বানিয়েছে। আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সভায় প্রধানমন্ত্রী আরও বলেন, বিরোধী দল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণ দেখিয়ে হরতালের কথা বলে, কিন্তু তাদের এই হরতালের কারণে আজ খেটে খাওয়া মানুষগুলো কাজ করতে পারেনি। তাদের নিজেদের কথার মধ্যেই বৈপরীত্য রয়েছে। বিএনপির অনেক ব্যবসায়ী খাদ্য মজুদ করেছেন। আর তারাই এখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা বলে।বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সিচব আবুল কালাম আজাদ সংবাদ ব্রিফিংয়ে এসব কথা জানান।প্রধানমন্ত্রী বৈঠকের শুরুতেই বলেন, এ হরতালের কোনো যৌক্তিকতা নেই। বর্তমান সরকার নিরলসভাবে কঠোর পরিশ্রম করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার চেষ্টা করছে। বিশ্বকাপের প্রস্তুতিলগ্নে হরতাল পালনের পক্ষে কোনো যুক্তি নেই। এতে দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। অহেতুক হরতাল ডেকে মানুষকে কষ্ট দেওয়া বিএনপির উচিত হয়নি।আজকের বৈঠকে বৃক্ষ সংরক্ষণ আইন-২০১১ খসড়ার নীতিগত অনুমোদন ও বন্য প্রাণী সংরক্ষণ আইন-২০১০ খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।