পুঁজিবাজারে কালো টাকা বিনিয়োগের সুযোগ ও রপ্তানিমূল্যের উৎসে আয়করে ছাড় দেওয়া হয়েছে। এর সঙ্গে আরও বিভিন্ন ক্ষেত্রে আয়কর ও শুল্ক প্রত্যাহারসহ নানা ছাড় দিয়ে জাতীয় সংসদে আগামী ২০১১-১২ অর্থবছরের জন্য সরকারের রাজস্ব আয়সংক্রান্ত অর্থবিল অনুমোদন করা হয়েছে। আজ বুধবার প্রস্তাবিত বাজেট পাস হবে।স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সংসদের বাজেট অধিবেশনে গতকাল মঙ্গলবার সংশোধিত অর্থবিলটি পাস হয়। এর আগে বাজেট আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা তাঁর বক্তব্যে পাঁচটি ক্ষেত্রে কর প্রত্যাহার বা কমানোর প্রস্তাব করেন। পরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তাঁর বক্তব্যে বলেন, ‘এগুলো বিবেচিত ও গৃহীত হয়েছে।’ এগুলোসহ তিনি বিভিন্ন ক্ষেত্রে সংশোধনী-সংবলিত অর্থবিল সংসদে উপস্থাপন করেন। পরে তা পাস করা হয়।প্রধানমন্ত্রী পুঁজিবাজারে ১০ শতাংশ হারে কর দিয়ে অপ্রদর্শিত আয় বিনিয়োগ ও ১০ শতাংশ হারে কর রেয়াত দিয়ে প্রদর্শিত আয় বিনিয়োগের সুযোগ দেওয়ার প্রস্তাব করেন। অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীর এই প্রস্তাব গ্রহণ করেন। সংসদ তা অনুমোদনও করে। প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী উভয়েই এ প্রসঙ্গে বলেন, ‘অপ্রদর্শিত আয় শেয়ারবাজারে বিনিয়োগের সুযোগ দেওয়ার বিষয়টি অনেকখানি অনৈতিক। এ কারণে ১০ শতাংশ হারে কর নিয়ে শেয়ারবাজারে অপ্রদর্শিত আয় বিনিয়োগের সুযোগের পাশাপাশি প্রদর্শিত আয়কে ১০ শতাংশ হারে কর রেয়াত দেওয়ার প্রস্তাব করছি।’অর্থমন্ত্রী এ প্রসঙ্গে সংসদকে জানান, ২০০৯ সালে শেয়ারবাজারে ১০ শতাংশ হারে কর দিয়ে অপ্রদর্শিত আয়কে বিনিয়োগের সুযোগ নিয়ে ৯২২ কোটি টাকা এসেছিল। আর সরকারের রাজস্ব আয় হয়েছিল ১১০ কোটি টাকা। আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সব ধরনের রপ্তানি মূল্যের ওপর দেড় শতাংশ হারে উৎসে আয়কর কর্তনের প্রস্তাব করেছিলেন অর্থমন্ত্রী। গতকাল তা সংশোধন করে পোশাক খাতে শূন্য দশমিক ৬০ শতাংশ এবং অন্য খাতে শূন্য দশমিক ৭০ শতাংশ করা হয়েছে। বাজেট প্রস্তাবনায় অর্থমন্ত্রী বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য ফ্ল্যাটের ক্ষেত্রে এলাকাভেদে উৎসে করের হার প্রতি বর্গমিটার ২০ হাজার, ১৫ হাজার ও আট হাজার টাকা করার প্রস্তাব করেছিলেন। কিন্তু গতকাল অর্থমন্ত্রী কমিয়ে যথাক্রমে আট হাজার, ছয় হাজার ও দুই হাজার টাকা করার প্রস্তাব করলে জাতীয় সংসদ তা অনুমোদন করে।প্রস্তাবিত বাজেটে সংসদ সদস্য ও সরকারি কর্মকর্তাদের আয়কর নিজেদের দেওয়ার প্রস্তাব করেছিলেন অর্থমন্ত্রী। কিন্তু অর্থবিলে সরকারি কর্মকর্তাদের আয়কর নিজেদের দেওয়ার বিষয়টি বাদ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর প্রস্তাব অনুসারে অর্থমন্ত্রী প্রস্তাব আনলে পোলট্রি ও মৎস্য শিল্প এবং এর সব ধরনের উপকরণের ওপর থেকে সব রকম কর প্রত্যাহার হয় জাতীয় সংসদে। এ ছাড়া ২০১৩ সাল পর্যন্ত কর অবকাশের আওতায়ও আনা হয়।গৃহকর্মে গ্যাস ব্যবহার সস্তা করতে দেশে তৈরি সিলিন্ডারের সব ধরনের যন্ত্রাংশের ওপর থেকে কর প্রত্যাহার করা হয়েছে।অর্থমন্ত্রী বলেন, কম দামে সিগারেটের ওপর প্রস্তাবিত কর হার তিনি প্রত্যাহার করছেন না। তিনি বলেন, সরকার চায় মানুষ কম ধূমপান করুক। তবে তিনি তালিকাভুক্ত সিগারেট কোম্পানি কর ৩৫ শতাংশ করার প্রস্তাব করলে সংসদ তা অনুমোদন করে। অতালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে এই হার সাড়ে ৪২ শতাংশ।সঞ্চয়পত্রের ওপর আগের বছরের ১০ শতাংশ হারে উৎসে আয়কর এ বছর ৫ শতাংশ করার প্রস্তাব সংসদ অনুমোদন করে। সঙ্গে অর্থমন্ত্রী কিছু ‘প্রিমিয়াম’ দেওয়ার প্রস্তাব করলে তাও অনুমোদিত হয়। অর্থমন্ত্রী জাহাজভাঙা শিল্পের ওপর প্রস্তাবিত করও প্রত্যাহার করে নেন।অর্থমন্ত্রী প্রস্তাবিত বাজেটের ওপর বিভিন্ন সমালোচনা খণ্ডন করে বলেন, ‘আমাদের বাস্তবায়নের সক্ষমতা বেড়েছে। এই সরকারে প্রথম বছরে ১৯ হাজার ৬৮৮ কোটি, দ্বিতীয় বছরে ২৫ হাজার ৯১৭ কোটি এবং চলতি বছরে ৩২ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন হয়েছে।’মূল্যস্ফীতি নিয়ে নিজের সংশয়ের কথাও সংসদকে জানান অর্থমন্ত্রী। বলেন, ‘মূল্যস্ফীতি বড় চ্যালেঞ্জ, এটা অনেকে বলেছেন, আমিও মনে করি। অনেকটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। বিশ্ববাজারে খাদ্য ও জ্বালানি পণ্য এই দুটি ক্ষেত্রে দাম বাড়ছে।’ তবে তিনি জানান, দেশে দরিদ্রদের জন্য কমমূল্যে খাদ্য জোগানের বিভিন্ন পদক্ষেপ অব্যাহত আছে।বিদ্যুৎ খাতের পরিকল্পনা তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, এক বছরের মধ্যে এক খাতে দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্প হবে। এগুলো এলে পরিস্থিতির উন্নতি হবে। কৃষি ভর্তুকি নিয়েও কোনো সমস্যা হবে না বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী। বলেন, প্রয়োজন অনুসারে ভর্তুকি বাড়ানো হবে। একইভাবে শিক্ষা খাতে বরাদ্দের চেয়ে বেশি অর্থের প্রয়োজন হলে অর্থ মন্ত্রণালয়ের থোক বরাদ্দ থেকে তা দেওয়া হবে বলেও জানান অর্থমন্ত্রী।