শেয়ারবাজারে ধস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের দুই শেয়ারবাজারে ভয়াবহ দরপতন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক গতকাল রোববার সর্বকালের রেকর্ড ভঙ্গ করে ৬০০ পয়েন্ট বা ৭ দশমিক ৭৬ শতাংশ নেমে গেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্যসূচকের পতন হয়েছে এক হাজার ৩৯৫ পয়েন্ট বা ৬ দশমিক ৩৪ শতাংশ। পুঁজিবাজারের ইতিহাসে এক দিনে এত বেশি দরপতনের ঘটনা এটাই প্রথম।বাজার বিশ্লেষকেরা এটাকে বড় ধরনের ধস বলছেন। তাঁরা মনে করেন, যেভাবে বাজার বেড়েছিল, সেভাবেই তার পতন হয়েছে। যোগাযোগ করা হলে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী বলেন, ‘বাজার যেভাবে বাড়ছিল, তাতে মূল্য সংশোধন ছিল অনিবার্য। তবে আমরা চেয়েছিলাম, সংশোধনের প্রক্রিয়াটা ধীরে ধীরে ঘটুক। কিন্তু গতকাল যেভাবে ধস নেমেছে, তাতে আর সেটি হলো না।’ তিনি বলেন, এ অবস্থায় সরকারের উচিত, দ্রুততার সঙ্গে বাজারকে স্থিতিশীল করার উদ্যোগ নেওয়া। তা না হলে আতঙ্কের মধ্য দিয়ে যে মূল্য সংশোধন ঘটবে, তার ফল খুব একটা ভালো হবে না। এ দফায় বছরের দ্বিতীয় কর্মদিবস থেকে টানা পাঁচ দিনের দরপতনে ডিএসই মূল্যসূচক হারিয়েছে এক হাজার ১৬৯ পয়েন্ট। আর সিএসই হারিয়েছে প্রায় দুই হাজার ৫৮০ পয়েন্ট। এর আগে গত বছরের ১৯ ডিসেম্বর সাধারণ মূল্যসূচক প্রায় ৫৫২ পয়েন্ট বা ৬ দশমিক ৭২ শতাংশ কমেছিল। তা ছাড়া ১৯৯৬ সালের ৫ নভেম্বর শেয়ার কেলেঙ্কারির সময় সর্বোচ্চ ২৩৩ পয়েন্ট বা ৬ শতাংশের মতো সূচক কমেছিল। মূল্যসূচকের এই বড় পতনে সারা দেশেই বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে পড়েন। দেশের প্রধান প্রধান বিভাগীয় শহরে গতকাল ব্যাপক বিক্ষোভ হয়েছে। তবে রাজধানীর মতিঝিলে স্টক এক্সচেঞ্জের সামনে সকাল থেকে র্যাব ও পুলিশের ব্যাপক উপস্থিতি ছিল। জলকামান ও সাইরেন নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি রীতিমতো আতঙ্ক ছড়ায়। এ দিন বিনিয়োগকারীদের পথে নামতেই দেওয়া হয়নি। ইত্তেফাক মোড় থেকে শাপলা চত্বর পর্যন্ত সড়কটি ছিল পুলিশ ও র্যাবের দখলে। এ সময় পুলিশ ও র্যাব ডিএসই ভবন, মধুমিতা সিনেমা হল ভবন ছাড়াও আশপাশের অন্যান্য ভবনের বাইরে ও ভেতরে অবস্থান নেয়। বেলা তিনটার দিকে বিনিয়োগকারীরা বিক্ষোভ করার চেষ্টা করলে পুলিশের বাধার মুখে তা সফল হয়নি। এ সময় অনেকে ডিএসইর সামনের রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভের চেষ্টা করেন। খুলনায় বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা সব ব্রোকারেজ হাউসের লেনদেন বন্ধ করে দেন। এ সময় তাঁরা নগরের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল বের করেন। চট্টগ্রামের বিনিয়োগকারীরাও ছিলেন আতঙ্কিত। তবে সারা দেশে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানা গেছে। বাজারের এই অস্বাভাবিক পরিস্থিতিতে এসইসির কর্মকর্তারা সকালেই সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে বৈঠকে বসেন। সংস্থাটি তারল্যপ্রবাহ বাড়াতে চার দফা সিদ্ধান্ত নেয়। শুরুতেই এ খবর আসার পর বাজারের মূল্য পরিস্থিতিতে কিছুটা ইতিবাচক প্রভাব পড়ে। কিন্তু আধা ঘণ্টার মধ্যে আবারও ব্যাপক পতন হতে থাকে।এসইসির বৈঠকে সিদ্ধান্ত: গতকাল লেনদেন শুরু হওয়ার আগেই ডিএসই ও সিএসইর সঙ্গে বৈঠকে বসেন এসইসির কর্মকর্তারা। সিদ্ধান্ত হয়, বিনিয়োগকারীদের ব্যক্তি পর্যায়ে ঋণসুবিধা পাওয়ার সীমা তুলে নেওয়া হবে। এর আগে গত বছরের জুলাই মাসে এক নির্দেশনায় এসইসি মার্চেন্ট ব্যাংক ও ব্রেকারেজ হাউসগুলোকে কোনো একক বিনিয়োগকারীপ্রতি (পরিবারের সব সদস্যদের একত্রে) সর্বোচ্চ ১০ কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়ার সীমা বেঁধে দেয়। গতকাল এসইসি এ নির্দেশনা প্রত্যাহার করে নেয়। এতে মার্চেন্ট ব্যাংক ও ব্রেকারেজ হাউসগুলো তার বিনিয়োগকারীকে চাহিদামতো ঋণ দিতে পারবে।গতকালের বৈঠকে আরও সিদ্ধান্ত হয়েছে, কোনো বিনিয়োগকারী নতুন বিও হিসাব খোলার ১৫ কার্যদিবসের পর ঋণসুবিধা পাবেন, যা আগে ছিল ৩০ কার্যদিবস। এসইসি একই বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে, গ্রামীণফোনের শেয়ার বিক্রিতে নেটিং সুবিধা দেওয়া হবে। অর্থাৎ শেয়ার বিক্রি করে সমপরিমাণ অর্থ দিয়ে একই দিনে অন্য শেয়ার কেনার সুযোগ তৈরি করা হয়েছে। আগে গ্রামীণফোনের শেয়ার বিক্রি করে একই দিনে ওই অর্থ দিয়ে কোনো শেয়ার কেনার সুযোগ ছিল না। একই সঙ্গে নতুন আইপিও স্যালভো কেমিক্যালের চাঁদা গ্রহণের সময় ১৫ দিন পিছিয়ে দেওয়া হয়েছে।সিএসইর বক্তব্য: বড় ধরনের দরপতনের ব্যাপারে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সভাপতি ফখর উদ্দিন আলী আহমেদ প্রথম আলোকে বলেন, ‘ব্যাংকে তারল্য-সংকটের চেয়েও এ মুহূর্তে বেশি প্রভাব ফেলছে গুজব। আর তাতেই বিনিয়োগকারীরা বিভ্রান্ত হচ্ছেন। হজুগে পড়ে সবাই শেয়ার বিক্রির মিছিলে যোগ দিচ্ছেন। একটু ভেবে দেখলেই তাঁরা বুঝবেন, দেশে এমন কোনো অবস্থার সৃষ্টি হয়নি, যা শেয়ারবাজারকে প্রভাবিত করতে পারে। বরং এখন অর্থনীতিতে সুবাতাস বইছে।’ তিনি বর্তমান পরিস্থিতি মোকাবিলায় মার্চেন্ট ব্যাংকগুলোকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।বিশ্লেষকেরা যা বলেন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক মো. সালাহউদ্দিন আহমেদ খান এ পরিস্থিতিতে বিনিয়োগকারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। ডিএসইর সাবেক এই প্রধান নির্বাহী কর্মকর্তা বিশ্লেষণ করে প্রথম আলোকে বলেন, কয়েক দিন ধরেই দরপতনের ধারা অব্যাহত রয়েছে। এর ফলে গতকাল দিনের শুরুতে পুঁজি তুলে নেওয়ার প্রবণতা দেখা দেয়। এতে বিক্রির চাপ বেড়ে বাজার কার্যত বিক্রেতার বাজারে পরিণত হয়, যার পরিণতিতে বেশি মাত্রায় দরপতন হয়।আরেক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবু আহমেদ বলেন, বাজার যা সংশোধন হওয়ার দরকার ছিল তা হয়ে গেছে। এ অবস্থায় বাজারের স্থিতিশীলতা ধরে রাখতে সরকারের নীতিনির্ধারক মহলের হস্তক্ষেপ জরুরি। অন্যথায় ক্ষুদ্র বিনিয়োগকারীরা পুঁজি হারিয়ে একবার ঘরে ফিরে গেলে তাঁদের আর ফিরিয়ে আনা যাবে না। এতে সামগ্রিকভাবে বাজারই ক্ষতিগ্রস্ত হবে।বাজার পরিস্থিতি: ডিএসইতে গতকাল সূচকের ঊর্ধ্বগতি দিয়ে লেনদেন শুরু হয়। একপর্যায়ে সূচক আগের দিনের চেয়ে ৬৮ পয়েন্টের মতো বেড়ে যায়। কিন্তু মূল্যসূচকের বৃদ্ধির স্থায়িত্ব পাঁচ মিনিটের বেশি ছিল না। পরের ২০ মিনিটে সাধারণ সূচক ২৮৫ পয়েন্ট পড়ে যায়। এরপর আবারও মূল্যপতন কিছুটা কমে আসে। আধা ঘণ্টা পর ক্রমশ সূচক নামতে থাকে। এ পর্যায়ে নেমে যায় ৬৭৬ পয়েন্ট। তবে সামগ্রিকভাবে দিনশেষে আগের দিনের চেয়ে ৬০০ পয়েন্ট খুইয়ে সূচক দাঁড়ায় সাত হাজার ১৩৫ পয়েন্ট। এ অবস্থায় গতকালের বাজার ছিল প্রায় ক্রেতাশূন্য।ডিএসইতে রোববার ২৪৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে ২৪১টির দাম কমে, বেড়েছে মাত্র তিনটির। তবে লেনদেন আগের দিনের চেয়ে বেড়ে হাজার কোটি টাকা ছাড়িয়ে যায়। গতকাল লেনদেন হয়েছে এক হাজার ৩৩১ কোটি টাকার। আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার প্রায় ৯৭০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল।গত সোমবার থেকেই ডিএসইতে দরপতন শুরু হয়েছে। সোমবার সাধারণ সূচক কমে প্রায় ১২০ পয়েন্ট, মঙ্গলবার ২০৪ পয়েন্ট, বুধবার ৩২ পয়েন্ট ও বৃহস্পতিবার ২১৩ পয়েন্ট। সব মিলে পাঁচ দিনে ডিএসই সূচক হারিয়েছে প্রায় এক হাজার ১৬৯ পয়েন্ট।চট্টগ্রাম শেয়ারবাজার: সিএসইতে গতকাল সাধারণ মূল্যসূচক এক হাজার ৩৯৫ দশমিক ১৭ পয়েন্ট বা ৬ দশমিক ৩৪ শতাংশ কমে ২০ হাজার ৬০৮ দশমিক ৫৬ পয়েন্টে দাঁড়ায়। সিএসইতে লেনদেন হওয়া ১৯০টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে মাত্র দুটির, আর কমেছে ১৮৮টির। গতকাল ১৫৪ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিনের লেনদেনের পরিমাণ ছিল ৯৪ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তি: গতকাল বাংলাদেশ ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে তাদের মুদ্রা সরবরাহ নিয়ন্ত্রণের বিষয়ে ব্যাখ্যা দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংক বলেছে, সাম্প্রতিক বিধিবদ্ধ জমার নগদ অংশ বা সিআরআর বৃদ্ধির কারণে আর্থিক বাজারে তারল্যের অভাব দেখা দিয়েছে বলে কোনো কোনো মহলের দাবি সঠিক নয়। কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর জিয়াউল হাসান সিদ্দিকী এ বিষয়ে প্রথম আলোকে বলেন, গত ১৫ ডিসেম্বর থেকে সিআরআর বাড়ানোর কারণে মোট দুই হাজার ৭৬ কোটি টাকার তারল্য বাজার থেকে কেন্দ্রীয় ব্যাংকে এসে জমা হয়েছে। কিন্তু ওই দিন থেকে বাংলাদেশ ব্যাংক প্রাইমারি ডিলারদের জন্য তারল্য সমর্থনসহ ছয় হাজার কোটি টাকার বেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোয় জোগান দিয়েছে। গতকাল বাংলাদেশ ব্যাংক তারল্য-সহায়তা দিয়েছে প্রায় সাত হাজার কোটি টাকা, যা গত বৃহস্পতিবারের চেয়ে প্রায় এক হাজার কোটি টাকা বেশি। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ ছাড়া আমদানির জোরালো প্রবৃদ্ধিসহ বিবিধ বাণিজ্যিক পরিশোধের কারণে বৈদেশিক মুদ্রা বাজারে সৃষ্ট চাপ প্রশমনে অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে মার্কিন ডলার সরাসরি বিক্রয় বা ক্লিয়ারিং হিসাব থেকে ওভার ড্রাফট আকারে বাংলাদেশ ব্যাংক থেকে সহায়তাও সক্রিয় রয়েছে।