শেয়ারবাজারে ধস ঠেকাতে আবারও লেনদেন বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র আট দিনের মাথায় শেয়ারবাজারের ধস ঠেকাতে আবারও লেনদেন বন্ধ রাখার মতো সিদ্ধান্ত নিতে হলো। গতকাল মঙ্গলবার লেনদেন শুরু হওয়ার আড়াই ঘণ্টার মধ্যে বাজারে বড় ধরনের ধসের আশঙ্কা দেখা দেয়। এ অবস্থায় সাধারণ বিনিয়োগকারীরা রাস্তায় নেমে বিক্ষোভের প্রস্তুতি নিতে শুরু করেন। শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে বেলা একটা ৪০ মিনিটে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেয়। এর আগে ১০ জানুয়ারি একই কারণে লেনদেন বন্ধের সিদ্ধান্ত নিতে হয়েছিল এসইসিকে। ওই দিন মাত্র ৫০ মিনিটে শেয়ারবাজারে এযাবৎকালের সর্বোচ্চ ৬৩৫ পয়েন্ট সূচক কমেছিল। অবশ্য গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বন্ধের আগে সাধারণ মূল্যসূচক ২৩৭ পয়েন্ট বা প্রায় তিন শতাংশ কমে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক কমে ৪৬১ পয়েন্ট বা প্রায় দুই শতাংশ। লেনদেন বন্ধ করার পর করণীয় ঠিক করতে এসইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা দফায় দফায় বৈঠকে বসেন। দুপুরের পরপর ডিএসইকেও ডাকা হয় জরুরি বৈঠকে। দীর্ঘ বৈঠক শেষে বিকেল সোয়া পাঁচটার দিকে এসইসি ও ডিএসই যৌথ সংবাদ সম্মেলন করে। এ সময় এসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র আনোয়ারুল কবীর ভূঁইয়া বলেন, বিনিয়োগকারীদের স্বার্থেই লেনদেন বন্ধের মতো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বুধবার যথাসময়ে আবার লেনদেন শুরু হবে। একই সঙ্গে বাজারের স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে এসইসির নেওয়া নতুন দুটি সিদ্ধান্তের কথা জানান তিনি। সিদ্ধান্ত দুটি হলো অবিলম্বে সব শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকায় রূপান্তর করা এবং অনুমোদিত ডিলারদের নিজস্ব পত্রকোষ বা পোর্টফোলিও বিনিয়োগকে ব্রোকারেজ মার্জিনের (লেনদেনের বিপরীতে স্টক এক্সচেঞ্জে আগাম নিরাপত্তা জামানত) আওতামুক্ত রাখা। বিক্ষোভের প্রস্তুতি: এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে কিছুসংখ্যক বিনিয়োগকারী দরপতনের প্রতিবাদে রাজধানীর মতিঝিলের ডিএসই ভবনের সামনে বিক্ষোভের প্রস্তুতি নেন। এ সময় তাঁরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের বাধার মুখে পড়েন। সড়কে যান-চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ বিক্ষুব্ধ বিনিয়োগকারীদের ফুটপাতের নিচে নামতে দেয়নি। লেনদেন বন্ধ হয়ে যাওয়ার পর কয়েক শ বিনিয়োগকারী মিছিলসহকারে ডিএসই ভবনের সামনে জড়ো হন। কিন্তু পুলিশ তাঁদের বিক্ষোভ দানা বাঁধতে দেয়নি। এসইসির তৎপরতা: এসইসি গতকাল সকাল থেকে বাজার পর্যবেক্ষণ শুরু করে। একপর্যায়ে এসইসির সার্ভিলেন্স কক্ষে বসে সংস্থাটির চেয়ারম্যান, সদস্যসহ শীর্ষস্থানীয় কর্মকর্তারা বাজার পর্যবেক্ষণ করতে থাকেন। এ সময় পতন ঠেকাতে বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে বিভিন্ন বার্তাও পাঠানো হয়। তাতেও বাজারের পতনের গতি না থামায় শেষ পর্যন্ত লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। জানা গেছে, একপর্যায়ে বাজারে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ছাড়া তেমন কোনো ক্রেতাই না থাকায় এসইসি অনেকটা বিচলিত হয়েই লেনদেন বন্ধ করে দেয়। যোগাযোগ করা হলে এসইসির সার্ভিলেন্স বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য ইয়াছিন আলী প্রথম আলোকে বলেন, ‘সার্ভিলেন্স কক্ষে বসেই আমরা লেনদেনের খুঁটিনাটি বিষয়গুলো দেখেছি।’এসইসির দুই সিদ্ধান্ত: আজ বুধবার থেকে ডিলার হিসাবের বিনিয়োগকে ব্রোকারেজ মার্জিনের আওতামুক্ত রাখা হবে। উপরন্তু ডিলার হিসাবে পাঁচ কোটি টাকার শেয়ার কিনলে ব্রোকারেজ মার্জিনের উন্মুক্ত সীমা তিন গুণ বাড়বে। তার মানে, ব্রোকারেজ হাউসগুলো কোনো নিরাপত্তা জামানত ছাড়াই সর্বোচ্চ ১৫ কোটি টাকার শেয়ার লেনদেন করতে পারবে। বর্তমানে ব্রোকারেজ হাউসগুলো পাঁচ কোটি টাকার লেনদেন পর্যন্ত এ সুবিধা পেয়ে থাকে। ডিলার হিসাবে যত দিন শেয়ার ধরে রাখা হবে তত দিন ব্রোকারেজ হাউসগুলো এই বাড়তি সুবিধা ভোগ করবে। তবে ডিলার হিসাবে আজ বুধবারের আগে কেনা শেয়ার এই হিসাবে ধরা যাবে না। এ ছাড়া তালিকাভুক্ত সব কোম্পানিকে নির্ধারিত সময় বেঁধে দিয়ে অভিহিত মূল্য পরিবর্তনে ব্যবস্থা নেবে এসইসি। তবে গতকাল পর্যন্ত এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো সময়সীমা ঠিক করা হয়নি। এসইসির সদস্য ইয়াছিন আলী জানান, ‘গতকালের সভায় ডিএসইর নেতারা এমন দাবি জানালে কমিশন সেটি বিবেচনার কথা বলেছে।’ কমিশনের হাতে থাকা বিশেষ ক্ষমতা ব্যবহার করে এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংস্থাটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র আনোয়ারুল কবীর ভূঁইয়া।যৌথ সংবাদ সম্মেলন: রাজধানীর দিলকুশায় জীবন বীমা ভবনে অবস্থিত এসইসির কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মূল বক্তব্য দেন আনোয়ারুল কবীর ভূঁইয়া। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ডিএসইর সভাপতি শাকিল রিজভী, জ্যেষ্ঠ সহসভাপতি নাসিরউদ্দিন চৌধুরী ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সতীপতী মৈত্র। সংবাদ সম্মেলনে বাজারের অস্থিরতার জন্য তারল্য-সংকট ও বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস হারিয়ে ফেলাকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়। শাকিল রিজভী বলেন, কয়েক দিনের ধারাবাহিক দরপতনের কারণে বিনিয়োগকারীদের আত্মবিশ্বাসে চিড় ধরেছে। তার সঙ্গে তারল্য-সংকট তো রয়েছেই। বাজারের এই সংবেদনশীল পরিস্থিতিতে বেসরকারি একটি টিভি চ্যানেলের বিভ্রান্তিকর ও অপরিপক্ব বক্তব্য বিনিয়োগকারীদের আত্মবিশ্বাসকে আরও নড়বড়ে করছে। তিনি এ ধরনের পরিস্থিতিতে সবাইকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান।আনেয়ারুল কবীর ভূঁইয়া বলেন, বাজারে বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতেই ব্রোকারেজ হাউসের মালিকদের নিরাপত্তা জামানত ছাড়া লেনদেন সীমা বা মেম্বারস মার্জিন সীমা বাড়ানো হয়েছে। এই সুবিধা বাড়ানোর ফলে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা আরও বেশি শেয়ার কেনা শুরু করলে সাধারণ বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস ফিরে আসবে। বিনিয়োগকারীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা ধৈর্য ধরুন, বাজার তার নিজ গতিতেই আবার আগের স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে।’ আরও ২০০ কোটি টাকা পেল আইসিবি: শেয়ার কিনে বাজারকে স্থিতিশীল রাখতে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশকে (আইসিবি) আরও ২০০ কোটি টাকা দিয়েছে সরকার। কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে গতকাল প্রতিষ্ঠানটিকে এ টাকা দেওয়া হয়। এর আগে গত রোববার সরকার আইসিবিকে ২০০ কোটি টাকা দিয়েছিল। গত দুই দিন ধরে তারা ওই টাকা দিয়ে বাজার থেকে বিপুল পরিমাণ শেয়ার কিনেছে। যোগাযোগ করা হলে আইসিবির মহাব্যবস্থাপক ইফতেখার-উজ-জামান প্রথম আলোকে জানান, গতকালও লেনদেন বন্ধ হওয়ার আগ পর্যন্ত আইসিবি ও তার অঙ্গপ্রতিষ্ঠানগুলো মিলে ৪৬ কোটি টাকার শেয়ার কিনেছে। এ ছাড়া তাদের মাধ্যমে সোনালী ব্যাংক ১৮ কোটি টাকা, জনতা ব্যাংক ১৬ কোটি ও অগ্রণী ব্যাংক ৭৫ লাখ টাকার শেয়ার কেনে।ইফতেখার-উজ-জামান বলেন, ‘আইসিবি যতই শেয়ার কিনছে বিক্রির চাপ যেন ততই বাড়ছে। এমনও দেখা গেছে, কোনো একটি শেয়ার কেনার জন্য আমরা ৬০০ টাকা ক্রয় আদেশ দিয়েছি, অপর প্রান্ত থেকে তার চেয়েও কম দামে বিক্রির আদেশ দেওয়া হচ্ছে। লেনদেনের এ ধরন দেখে মনে হয়, কোনো স্বার্থান্বেষী মহল বাজার পরিকল্পিতভাবে ফেলতে চাইছে। এসইসি ও ডিএসইর সার্ভিলেন্স বিভাগকে বিষয়টি নজরে নেওয়া প্রয়োজন। বাজার পরিস্থিতি: গতকাল দরপতন দিয়েই ডিএসইতে লেনদেন শুরু হয়। শেয়ারের দামের সঙ্গে পাল্লা দিয়ে কমতে থাকে ঢাকার বাজারের সাধারণ মূল্যসূচকও। প্রথম ১৫ মিনিটেই সাধারণ সূচক আগের দিনের চেয়ে ৭৭ পয়েন্ট কমে যায়। এরপর সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান শেয়ার কেনা শুরু করলে সূচকে কিছুটা ঘুরে দাঁড়ানোর প্রবণতা দেখা যায়। সেই চেষ্টা বেশিক্ষণ স্থায়ী হয়নি। বেলা পৌনে ১২টার মধ্যে সূচক পুনরুদ্ধার হয়ে প্রায় আগের দিনের অবস্থায় ফিরে যায়। এরপর আবার পতন শুরু হয়। শেষ পর্যন্ত ডিএসইর সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে প্রায় ২৪৩ পয়েন্ট কমে দাঁড়ায় সাত হাজার ১৩৪ পয়েন্টে। অবশ্য লেনদেন নিষ্পত্তি শেষে ডিএসইর সাধারণ সূচক দাঁড়িয়েছে সাত হাজার ১৪০ পয়েন্টে। ডিএসইতে গতকাল ২৪৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে ২৩৪টিরই দাম কমেছে, বেড়েছে মাত্র ১০টির। এদিন দুই ঘণ্টা ৪০ মিনিটে স্টক এক্সচেঞ্জটিতে প্রায় ৬১০ কোটি টাকার লেনদেন হয়েছে। এটি গত সাড়ে নয় মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) গতকাল শেয়ারের ব্যাপক দরপতন হয়েছে। সেখানে ১৮২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭২টির দাম কমেছে, বেড়েছে মাত্র ১০টির। লেনদেন হয়েছে ৫৬ কোটি টাকার শেয়ার। ডিএসইতে জরুরি বৈঠক: বাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে গতকাল সন্ধ্যায় ব্যাংক, মার্চেন্ট ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন ডিএসইর পরিচালনা পর্ষদের নেতারা। এতে উপস্থিত প্রতিনিধিদের কাছ থেকে বাজারসংশ্লিষ্ট বিভিন্ন মতামত, অসুবিধার কথা জানতে চান ডিএসইর নেতারা। বাজারের সাম্প্রতিক অস্থিরতা সম্পর্কেও তাঁদের মতামত চাওয়া হয়। বাজার স্থিতিশীল রাখতে করণীয় বিষয়েও বৈঠকে আলোচনা হয়। এ সময় বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এসইসির নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের কথা জানান ডিএসইর নেতারা। জানা গেছে, সাম্প্রতিক বাজার পরিস্থিতি নিয়ে আজ বুধবার বিকেলে ব্রোকারেজ হাউসের প্রতিনিধিদের সঙ্গে আরেকটি বৈঠক করবেন ডিএসইর নেতারা। সংস্থাটির সভাপতি শাকিল রিজভী বলেন, ‘বৈঠকে যেসব পরামর্শ বা সুপারিশ উঠে আসবে, সেগুলো যথাযথ কর্তৃপক্ষকে জানানো হবে। বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এখনো যেসব প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলো নিয়ে প্রয়োজনে সরকারের শীর্ষ মহলের সঙ্গে আলোচনায় বসব।’