শেয়ারবাজারে পরামর্শ দিয়ে কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোটিপতি হতে তাঁকে ঘরের বাইরে যেতে হয়নি, করতে হয়নি কঠোর কোনো পরিশ্রম। নিজের বেডরুমে বসে ওয়েবসাইটে শেয়ার কেনাবেচার পরামর্শ দিয়ে মাত্র ২১ বছরে বয়সেই ১৫ লাখ পাউন্ড উপার্জন করেছেন যুক্তরাজ্যের নর্থ টেনিসাইডের হুইটলি বে শহরের তরুণ আলেকজান্ডার হান্টার। তবে শেষ রক্ষা হয়নি। অবৈধভাবে পরামর্শ দেওয়ার অভিযোগে তাঁকে আটক করেছে পুলিশ। মাত্র ১৬ বছর বয়সে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার থেকে কীভাবে দ্বিগুণ লাভ করা যায় বিনিয়োগকারীদেরকে সেই পরামর্শ দেওয়ার জন্য ২০০৭ সালে একটি ওয়েবসাইট খোলেন হান্টার। হাজার হাজার বিনিয়োগকারীও সেই পরামর্শ নেওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়ে তাঁর ওয়েবসাইটে। এ জন্য নির্দিষ্ট একটি অর্থ নিতেন হান্টার। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি হান্টারকে। তিন বছরে সেই আয়ের পরিমাণ ১৫ লাখ পাউন্ডেরও বেশি। তবে বিনিয়োগকারীদের কাছ থেকে প্রতারণা করে এ অর্থ নেওয়ার অভিযোগে তাঁকে আটক করেছে পুলিশ। যুক্তরাজ্যের ফাইন্যান্সিয়াল সার্ভিসেস অ্যান্ড মার্কেটিং অ্যাক্ট-২০০০ অনুযায়ী অবৈধ ব্যবসা ও প্রতারণা করার অভিযোগে হান্টার এখন অভিযুক্ত। এ মামলার শুনানি শেষে আদালত তাঁকে এক বছরের কারাদণ্ড ও প্রতারণা করে হাতিয়ে নেওয়া অর্থ ফেরত দেওয়ার আদেশ দিয়েছেন।হান্টার শুধু যে বিনিয়োগকারীদের অর্থ দ্বিগুণ করার পরামর্শ দিতেন, তা কিন্তু নয়। নিজেও শেয়ার ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। বুদ্ধি খাটিয়ে শেয়ার কেনার পরামর্শ দিতেন বিনিয়োগকারীদের। আর যখনই অধিক লাভের আশায় শেয়ার কেনার জন্য বিনিয়োগকারীরা ছুটতেন, অমনি নিজের কিনে রাখা শেয়ারগুলো তড়িঘড়ি করে বেচে দিতেন হান্টার। ফলে বিনিয়োগকারীদের বদলে দ্বিগুণ লাভ হতো হান্টারেরই। এরপরই নাটকীয়ভাবেই কমে যেত নির্দিষ্ট শেয়ারের দাম। একপর্যায়ে বিনিয়োগকারীরা বিষয়টি যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নজরে আনে। এরপর পরই তাঁকে আটক করে আদালতে পাঠায় পুলিশ।এ প্রসঙ্গে পুলিশ কর্মকর্তা জিম ম্যাকল বলেছেন, ‘অনলাইনের মাধ্যমে এ ধরনের ঘটনা ঘটানোর কারণে, তা তদন্ত করাটা খুবই কঠিন হয়ে দাঁড়ায়। যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে কাজ করায় আমরা হান্টারের বাসা খুঁজে পাই এবং তাঁকে আটক করি। এখন তিনি তাঁর কৃতকর্মের ফলাফল ভোগ করছেন।’ ‘হান্টার স্কুলের অন্য ছাত্রদের চেয়ে অনেক চতুর ছিলেন। তিনি তাঁর ওয়েবসাইটের মাধ্যমেই এ অর্থ উপার্জন করে খুব গর্ব অনুভব করতেন। কিন্তু হান্টারের এ বিষয়টিকে সবাই মজা হিসেবে ধরে নিয়েছিল। তাই কেউই হান্টারের কথা বিশ্বাস করেনি, পাত্তাও দেয়নি।’ গতকাল রাতে এমনটাই বলছিলেন হান্টারের এক প্রতিবেশী।তবে সবচেয়ে অবাক হওয়ার বিষয় পরিবারের সবার সঙ্গে বসবাস করলেও কেউ হান্টারের প্রতারণার বিষয়টি ঘুণাক্ষরেও টের পায়নি।—ডেইলি মেইল অনলাইন অবলম্বনে।