শেয়ারবাজারে বড় দরপতনে বিনিয়োগকারীদের বিক্ষোভ
এক সপ্তাহেরও বেশি সময় ধরে কমছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার দুই স্টক এক্সচেঞ্জের মূল্যসূচকে বড় ধরনের পতন ঘটেছে।আর এতে পুঁজি হারিয়ে ক্ষুব্ধ সাধারণ বিনিয়োগকারীরা রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেছেন। এ সময় তাঁরা অভিযোগ করেন, শেয়ারবাজারের সাম্প্রতিক ধসের কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিলেও সরকার তা প্রকাশ করছে না। প্রতিবেদনের ভিত্তিতে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে বা আদৌ নেওয়া হবে কি না, তা-ও পরিষ্কার নয়। এ অবস্থায় বিনিয়োগকারীরা তাঁদের করণীয় সম্পর্কে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছেন। মূলত এ কারণেই বাজার আবার পতনের মুখে পড়েছে। তাই জরুরি ভিত্তিতে তদন্ত প্রতিবেদন প্রকাশসহ শেয়ারবাজারের সংস্কার নিয়ে সরকারের দৃষ্টিভঙ্গি পরিষ্কার করার দাবি জানিয়েছেন বিনিয়োগকারীরা।প্রত্যক্ষদর্শীরা জানান, নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়েই গতকাল দিনের লেনদেন শুরু হয়। দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক আগের দিনের চেয়ে ১৩৮ পয়েন্টের ওপরে কমে যায়। এ সময় বাজারে বড় ধরনের দরপতনের আশঙ্কা ছড়িয়ে পড়ে। এরই একপর্যায়ে কিছু বিনিয়োগকারী রাজধানীর মতিঝিলে ডিএসই কার্যালয়ের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় তাঁরা বাজার-ব্যবস্থাপনায় ব্যর্থতার অভিযোগ তুলে অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান ও ডিএসইর সভাপতির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং তাঁদের পদত্যাগ দাবি করেন।স্লোগান দেওয়ার এক ফাঁকে বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা রাস্তার ওপর আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। এতে মতিঝিলের শাপলা চত্বর থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিনিয়োগকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেলও নিক্ষেপ করেন। শেষ পর্যন্ত পুলিশের তৎপরতায় দুপুর একটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে যান চলাচল স্বাভাবিক হয়। রাস্তার পরিস্থিতি স্বাভাবিক হলেও মূল্যসূচকের পতনের গতি রোধ করা যায়নি। দিন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ২১২ দশমিক ৩৪ পয়েন্ট বা ৩ দশমিক ৪৯ শতাংশ কমে পাঁচ হাজার ৮৬৪ পয়েন্টে নেমে আসে, যা গত দেড় মাসের মধ্যে সর্বনিম্ন। অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৬১৬ পয়েন্ট বা ৩ দশমিক ৬১ শতাংশ কমে নেমে আসে ১৬ হাজার ৪৩৪ পয়েন্টে। সিএসইতে এদিন লেনদেন হয়েছে ১৯৭টি প্রতিষ্ঠানের শেয়ারের। এর মধ্যে দাম বেড়েছে মাত্র ছয়টির, কমেছে ১৯০টির এবং অপরিবর্তিত ছিল একটির। স্টক এক্সচেঞ্জটিতে গতকাল মোট ৮৪ কোটি টাকার লেনদেন হয়েছে। ডিএসইতে গতকাল হাতবদল হওয়া ২৫১টি প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে দাম বেড়েছে মাত্র ১১টির, কমেছে ২৩৭টির এবং অপরিবর্তিত ছিল তিনটির। এ স্টক এক্সচেঞ্জটিতে গতকাল ৬১৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৮ কোটি টাকা কম।যোগাযোগ করা হলে পুঁজিবাজার বিশ্লেষক ও জেনিথ ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরিফ খান শেয়ারবাজারের পতনের জন্য কয়েকটি কারণ চিহ্নিত করেন। তিনি বলেন, তদন্ত প্রতিবেদন নিয়ে সবাই দ্বিধাদ্বন্দ্বে আছে। কেউ বলছেন, প্রতিবেদনে কী আছে জানি না, কেউ বলছেন জানি। কেউ প্রতিবেদনের বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন তুলছেন, কেউ বা মামলা করছেন। আবার সরকারের পক্ষ থেকেও এ ব্যাপারে পরিষ্কার করে কিছু বলা হচ্ছে না। সব মিলিয়ে বিনিয়োগকারীরা এক ধরনের সংশয়ের মধ্যে রয়েছেন। আরিফ খানের মতে, প্রতিবেদনে যাঁদের নাম এসেছে, তাঁরা বাজারে সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় রয়েছেন। অনেক সাধারণ বিনিয়োগকারীরাও একইভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। আর এ ঘটনা বাজারের লেনদেন ও মূল্যসূচকের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। আরিফ খান আরও বলেন, ব্যাংকের ঋণের সুদহার বেড়েছে। অনেক ক্ষেত্রে ব্যাংকগুলো প্রতিশ্রুত ঋণ দিতে পারছে না। এতে বোঝা যায় তারল্য সংকট রয়েছে। এ ছাড়া অর্থবছরের শেষ দুই মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের কাজ জোরেশোরে শুরু হয়। তাই এ সময় ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণ নেওয়ার প্রবণতা বাড়লে তারল্য সংকট প্রকট হতে পারে। এ অবস্থায় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীসহ বড় বিনিয়োগকারীরা সক্রিয়তা প্রয়োজন। প্রয়োজন বাজারে তারল্য সরবরাহ বাড়ানো। পাশাপাশি সরকারের উচিত তদন্ত প্রতিবেদন দ্রুততার সঙ্গে প্রকাশ করে প্রকৃত দোষী ব্যক্তিদের শাস্তির ব্যবস্থা করা। একই সঙ্গে প্রয়োজন কারসাজি প্রতিরোধে বাজারে কী ধরনের সংস্কার আনা হবে, সে ব্যাপারে পরিষ্কার ধারণা দেওয়া। আরিফ খান বলেন, হয়তো অনেক বলবেন, এসব সংস্কার করতে গেলে বাজারে নেতিবাচক প্রভাব পড়বে। কিন্তু বাজারে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার স্বার্থেই এগুলো করা দরকার।