শেয়ারবাজারে লেনদেন বন্ধ রয়েছে আজ, কালও বন্ধ থাকার সম্ভাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ রোববার লেনদেন বন্ধ রয়েছে। গত বৃহস্পতিবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) এ সিদ্ধান্ত নেয়।এদিকে কাল সোমবারও দুই স্টক এক্সচেঞ্জের লেনদেন বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত শেয়াবাজারের বর্তমান পরিস্থিতিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আজ রোববার শেয়ারবাজার সংশ্লিষ্ট বিভিন্ন মহলের সঙ্গে বৈঠক করেন। সকাল সাড়ে আটটা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলো আজ বিকেল পাঁচটায় সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাবেন অর্থমন্ত্রী। তবে আগামীকাল লেনদেন বন্ধ থাকতে পারে বলে বৈঠক সূত্রে জানা যায়।এসইসি সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুর একটায় লেনদেন শুরু হওয়ার পাঁচ মিনিটের মাথায় ডিএসইর সাধারণ মূল্যসূচক ৬০০ পয়েন্ট নেমে যায়। এতে সূচক বৃদ্ধির সর্বোচ্চ সীমা অতিক্রম করায় দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন বন্ধ হয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে মতিঝিলে বিনিয়োগকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। পরে নিয়ন্ত্রক সংস্থা যেকোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে রোববার দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।