মানি লন্ডারিং প্রতিরোধ আইন সংশোধন হচ্ছে
শেয়ারবাজারে সন্দেহজনক লেনদেনের তথ্য দিতে হবে
অবৈধভাবে অর্জিত টাকার শেয়ারবাজারে প্রবেশ ঠেকানো এবং আরও কিছু ক্ষেত্র মানি লন্ডারিংয়ের আওতাভুক্ত করা হচ্ছে। ভবিষ্যতে শেয়ারবাজার-সংশ্লিষ্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও পেশাদারদের মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় সন্দেহজনক লেনদেনের তথ্য কেন্দ্রীয় ব্যাংককে জানাতে হবে।অর্থাৎ নতুনভাবে মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় শেয়ারবাজারের স্টক ব্রোকার ও ডিলার, পোর্টফোলিও ম্যানেজার ও মার্চেন্ট ব্যাংকার, সিকিউরিটিজ কাস্টডিয়ান, সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি, অলাভজনক সংস্থা এবং বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকেও প্রতিবেদন প্রদানকারী সংস্থা হিসেবে বিবেচনা করা হবে।বাংলাদেশের মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধে আন্তর্জাতিক মানদণ্ড-ফাইন্যান্সিয়াল অ্যাকশনস টাস্কফোর্সের (এফএটিএফ) সুপারিশ বাস্তবায়নে এসব ব্যবস্থা নেওয়া হচ্ছে।আজ বুধবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে মানি লন্ডারিং প্রতিরোধ-সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। মানি লন্ডারিং-সংক্রান্ত ইন্টারন্যাশনাল কো-অপারেশন রিভিউ গ্রুপের (আইসিআরজি) কাছে বাংলাদেশের পরিস্থিতির ওপর প্রতিবেদন পাঠাতে এসব সিদ্ধান্ত দ্রুত নেওয়া হচ্ছে বলে জানা গেছে।উল্লেখ্য, এখন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, মানি চেঞ্জার, অর্থ প্রেরণ ও স্থানান্তরকারী প্রতিষ্ঠান এবং বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে যেসব প্রতিষ্ঠান ব্যবসা করে, তাদের সন্দেহজনক লেনদেনের তথ্য কেন্দ্রীয় ব্যাংকের মানি লন্ডারিং প্রতিরোধ বিভাগে পাঠাতে হয়।সূত্র জানায়, জাতীয় সমন্বয় কমিটির সভায় মানি লন্ডারিং সম্পৃক্ত অপরাধের বর্তমান তালিকাও বাড়ানো হবে। নতুনভাবে এই অপরাধের মধ্যে যুক্ত হচ্ছে পুঁজিবাজার সম্পর্কিত মূল্য সংবেদনশীল তথ্য জনসমক্ষে প্রকাশিত হওয়ার আগে তা কাজে লাগিয়ে শেয়ার লেনদেন করে সুবিধা নেওয়া ও ব্যক্তিগত সুবিধার লক্ষ্যে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা, সন্ত্রাস ও সন্ত্রাসী কাজে অর্থ জোগান, ভেজাল বা স্বত্ব লঙ্ঘন করে পণ্য উৎপাদন, যৌন নিপীড়ন, পরিবেশগত অপরাধ এবং সংঘবদ্ধ অপরাধ।পুঁজিবাজার সম্পর্কিত মূল্য সংবেদনশীল তথ্য জনসমক্ষে প্রকাশিত হওয়ার আগে তা কাজে লাগিয়ে শেয়ার লেনদেন করে সুবিধা নেওয়া ও ব্যক্তিগত সুবিধার লক্ষ্যে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা অন্য আইনে এখনই অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। একটি সূত্র বিষয়টি ব্যাখ্যা করে বলেছে, ভবিষ্যতে এই অপরাধকে মানি লন্ডারিং আইন অনুসারেও অপরাধ বিবেচনা করা হবে। এ ধরনের অপরাধ হলে প্রতিবেদন প্রদানকারী সংস্থাগুলোকে তা বাংলাদেশ ব্যাংকের মানি লন্ডারিং প্রতিরোধ বিভাগে জানাতে হবে।সূত্র বলছে, অন্যদিকে প্রতিবেদন প্রদানকারী সংস্থাগুলোকে সন্দেহজনক লেনদেন অর্থাৎ এমন যদি হয় হঠাৎ কোনো ব্রোকারেজ হাউসে শেয়ার কিনতে বড় অঙ্কের টাকা কোনো গ্রাহক নিয়ে আসেন, যে টাকার উৎস পরিষ্কার নয়, তাহলে তার তথ্য বাংলাদেশ ব্যাংকে পাঠাতে হবে। অর্থাৎ যেকোনো ধরনের অবৈধভাবে অর্জিত টাকা শেয়ারবাজারে ঢোকার পথ বন্ধ করতেই এই উদ্যোগ।