শেয়ারবাজারে সাধ্য মতো বিনিয়োগের আশ্বাস এবিবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাধ্যের মধ্যে থেকে শেয়ারবাজারে বিনিয়োগ চালিয়ে যাওয়ার ব্যাপারে আশ্বস্ত করেছে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি)। তবে তাদের বেশ তারল্য সংকট রয়েছে, তা কাটিয়ে উঠতে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) কাছে বেশ কিছু প্রস্তাবনা দিয়েছে তারা। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এসইসির সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি কে মাহমুদ সাত্তার এসব কথা বলেন। এর আগে এসইসির সঙ্গে বৈঠক করেন এবিবির নেতারা।কে মাহমুদ সাত্তার বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে প্রত্যেক ব্যাংকের প্রধান নির্বাহীরা বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন। ব্যাংকগুলো ক্রেতার ভূমিকায় রয়েছে এবং বিক্রয় একেবারেই বন্ধ রেখেছে। ব্যাংকগুলোর বিনিয়োগ কীভাবে বাড়ানো যায় সে ব্যাপারে বৈঠকে আলোচনা হয়েছে।’ তিনি বলেন, ‘আমরা লিমিটেশনের মধ্যে বিনিয়োগ চালিয়ে যাব।’কে মাহমুদ সাত্তার আরও বলেন, ‘ব্যাংকগুলো বেশ তারল্য সংকটের মধ্যে রয়েছে। বর্তমানে কলমানি মার্কেটে সুদের হারও অনেক বেশি। তাই এ অবস্থায় তারল্য-সংকট কাটিয়ে উঠতে সিআরআর ও এসএলআরের হার কমানোসহ বেশ কিছু প্রস্তাবনা এসইসির কাছে দেওয়া হয়েছে।’ তবে এ ব্যাপারে তিনি বিস্তারিত জানাননি ।এ ছাড়া বিদেশি বিনিয়োগকারীদের শেয়ারবাজারে আগ্রহী করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ব্যাপারেও বৈঠকে আলোচনা হয়েছে। এ ক্ষেত্রে আইনি জটিলতা থাকলে তা দূর করার পরামর্শ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। ব্যাংকগুলো কর-সংক্রান্ত সুবিধার ব্যাপারেও বৈঠকে আলোচনা হয়েছে বলে এবিবির সভাপতি জানান।