শেয়ারবাজারে সূচক ও দরপতন স্বাভাবিক প্রক্রিয়া, এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই: আবু আহমেদ
অর্থনীতিবিদ আবু আহমেদ শেয়ারবাজারে অব্যাহত দরপতন ও শেয়ারের দাম কমে যাওয়াকে স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, শেয়ারবাজারে মূল্য সংশোধন চলছিল, সেই কারণেই মূলত দাম কমে যাচ্ছিল। আর দাম কমার ফলেই সূচকের পতন ঘটছিল। এটা হতেই পারে। আবু আহমেদ আরও এসব ছোটখাটো ব্যাপার নিয়ে বিক্ষোভ বা অতি উত্তেজনা প্রদর্শন করলেই বরং বাজার বেশি অস্থিতিশীলতার দিকে ধাবিত হবে। সূচক ও দরপতন নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তিনি এ মুহূর্তে বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির চেয়ে কেনার দিকে বেশি মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, এতে দীর্ঘমেয়াদি লাভের সম্ভাবনা রয়েছে। এদিকে গত কয়েক দিনের অব্যাহত দরপতনের পর আজ বুধবার আবার ঘুরে দাঁড়িয়েছে ঢাকা শেয়ারবাজারের লেনদেন। আজ বেলা একটা পর্যন্ত শেয়ারবাজারের সাধারণ মূল্য সূচক প্রায় ৮৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫,৪৯৮ পয়েন্টে। বেশির ভাগ প্রতিষ্ঠানের দাম বাড়লেও লেনদেনে বেশ ধীরগতি পরিলক্ষিত হচ্ছে। এ পর্যন্ত মোট লেনদেন ৪০০ কোটি টাকা ছোঁয়নি। আলোচ্য সময়ে মোট ১৭৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। কমেছে ৪১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। লেনদেনের শীর্ষে থাকা প্রথম পাঁচটি প্রতিষ্ঠান হলো—বেক্সিমকো টেক্সটাইল লিমিটেড, গ্রামীণফোন লিমিটেড, বেক্সিমকো লিমিটেড, ওশেন কনটেইনার লিমিটেড এবং লঙ্কা-বাংলা ফিন্যান্স লিমিটেড।