খোন্দকার ইব্রাহিম খালেদ কমিটির প্রধান, সময় তিন মাস। এই কমিটি ১১ ধরনের বিষয় খতিয়ে দেখবে
শেয়ারবাজারের অনিয়ম তদন্তে তিন সদস্যের কমিটি
সাম্প্রতিক সময়ে সংঘটিত শেয়ারবাজারের অনিয়ম খতিয়ে দেখতে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে সরকার। এই কমিটি ১১ ধরনের বিষয় খতিয়ে দেখবে। নিয়ন্ত্রক সংস্থার দুর্বলতা ছাড়াও বাজার-কারসাজির ধরন এবং দায়ীদের চিহ্নিত করবে কমিটি।এই কমিটির প্রধান থাকবেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ও কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদ। কমিটির অন্য দুই সদস্য এখনো চূড়ান্ত করা হয়নি।গতকাল মঙ্গলবার পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের কাছে কমিটি গঠনের তথ্য দেন। কমিটিকে তদন্তের জন্য তিন মাস সময় দেওয়া হয়েছে বলে তিনি জানান।অর্থমন্ত্রী ঘোষণা দিলেও আনুষ্ঠানিকভাবে কমিটি গঠনের কোনো আদেশ গতকাল জারি করা হয়নি। কমিটির অন্য দুই সদস্যের নাম চূড়ান্ত না হওয়ায় আদেশ জারি হয়নি বলে জানা গেছে।অর্থমন্ত্রী জানান, তদন্ত কমিটির কার্যাবলি কী হবে তা আজ বুধবার জানানো হবে। এ ছাড়া তদন্ত কমিটির অন্য দুই সদস্যের নামও ঘোষণা করা হবে। অর্থমন্ত্রী আরও বলেন, ‘তদন্ত কমিটিতে সদস্য হিসেবে আরও দুজন ঠিক করেছিলাম। কিন্তু তাঁরা শেয়ারবাজারের সঙ্গে সম্পৃক্ত, এ জন্য শেষ পর্যন্ত তাঁদের রাখা হয়নি।’অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তদন্ত কমিটির সদস্য হিসেবে রাষ্ট্রীয় মালিকানাধীন একটি ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যের নাম প্রাথমিক তালিকায় ছিল। কিন্তু নামে-বেনামে শেয়ার ব্যবসার সঙ্গে জড়িত থাকার কারণে তাঁকে আর বিবেচনায় আনা হয়নি।অর্থমন্ত্রী বলেন, ‘শেয়ারবাজারে যেসব সমস্যা হয়েছে, যেসব অনিয়ম হয়েছে, ইত্যাদি, ইত্যাদি, ইত্যাদির জন্য তদন্ত কমিটি ঠিক হয়ে গেছে। এই কমিটি চাইলে বৃহস্পতিবার থেকেই কাজ শুরু করতে পারে। আমি বলেছিলাম, সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে কমিটি গঠন করা হবে। প্রধানমন্ত্রী দেশের বাইরে যাওয়ার আগেই এই কমিটি হয়েছে।’ তিনি আরও জানান, তদন্ত কমিটি চাইলে আরও সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে।শেয়ারবাজার থেকে অর্থ সরানোসংক্রান্ত এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘কে কত নিয়েছেন, কত শেয়ার বিক্রি করেছেন—সব দেখা হবে। আমি জানি, কে কত নিয়েছেন।’ তিনি আরও জানান, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডে (সিডিবিএল) সব তথ্য রয়েছে। শেয়ারবাজারের অর্থ বিদেশে পাচার হয়েছে—এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, এটি একটি উদ্ভট কথা। শেয়ারবাজার থেকে কোনো টাকা বিদেশে পাচার হয়নি। এই টাকা বাজারেই আছে, দেশেই আছে।কার্যপরিধিতে যা থাকছে: কমিটির কার্যপরিধি অর্থ মন্ত্রণালয় চূড়ান্ত করেছে বলে জানা গেছে। কার্যপরিধিতে ১১ ধরনের কাজের কথা বলা হয়েছে। যেমন: ১. পুঁজিবাজারসংশ্লিষ্ট ব্যক্তি, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, মার্চেন্ট ব্যাংক, ব্রোকারেজ হাউস এবং তালিকাভুক্ত কোম্পানি পুঁজিবাজারের স্বাভাবিক কর্মকাণ্ডের ব্যাঘাত ঘটিয়ে বাজারকে অস্থিতিশীল করার কাজে লিপ্ত ছিল কি না। ২. ২০১০ সালের শুরুতে ব্যাংক ও সঞ্চয়ের বিভিন্ন উপকরণে বিনিয়োগ থেকে লব্ধ আয়ের তুলনায় পুঁজিবাজারে দীর্ঘমেয়াদি আয়ের তুলনা। ৩. পুঁজিবাজারের অব্যাহত উর্বর গতির প্রকৃতি পর্যালোচনা, পুঁজিবাজারের টেকসই অবস্থার ধারণা এবং অতিমূল্যায়নের প্রকৃতি নির্ণয়। ৪. পুঁজিবাজারের দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীর পরিবর্তে স্বল্পমেয়াদি ক্রেতা-বিক্রেতার অনুপ্রবেশ এবং তাঁদের লেনদেনের ধরন। এ ধরনের ব্যক্তি, গোষ্ঠী বা প্রতিষ্ঠানের লেনদেনকৃত অর্থের পরিমাণ এবং বাজারকে প্রভাবিত করার প্রক্রিয়া সম্পর্কে ধারণা ও এদের চিহ্নিত করা। ৫. পুঁজিবাজার নিয়ন্ত্রণের প্রচলিত আইন, বিধিবিধান যথাযথ ছিল কি না এবং এসইসির গৃহীত পদক্ষেপগুলো যথাযথ ছিল কি না, তা নিরূপণ করা। ৬. অতিমূল্যায়িত বাজারের সুযোগ নিয়ে সরাসরি তালিকাভুক্তি, বুক বিল্ডিং এবং ফিক্সড প্রাইসের মাধ্যমে অতিমূল্যায়িত শেয়ার প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) এনে অস্বাভাবিক পরিমাণে অর্থ উত্তোলনকারী প্রতিষ্ঠান ও ব্যক্তি নিরূপণ। এ প্রক্রিয়ায় ইস্যু ম্যানেজার, নিয়ন্ত্রণকারী সংস্থা, অডিট ফার্ম ও অ্যাসেট ভ্যালুয়ার কোম্পানির ভূমিকা। ৭. গণপ্রস্তাবে ইস্যুয়ার কোম্পানির শেয়ার ক্রয় করে ক্ষুদ্র বিনিয়োগকারীরা কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তা পর্যালোচনা। ৮. দ্রুত দরপতনের প্রাক্কালে সামগ্রিকভাবে বাজারের তারল্য পর্যালোচনা। ৯. পুঁজিবাজার নিয়ন্ত্রণকারী সংস্থার দক্ষতা, অভিজ্ঞতা ইত্যাদি পর্যাপ্ত ছিল কি না, তা পর্যালোচনা। ১০. ডিএসই ও সিএসইর অবকাঠামো ও সুশাসন যথাযথ ছিল কি না। ১১. অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে কমিটি যথাযথ মনে করলে তা বিবেচনা করবে।