শেয়ারবাজারের অমনিবাস হিসাব বাতিল হচ্ছে
অবশেষে বাতিল হতে যাচ্ছে শেয়ারবাজারের বহুল আলোচিত অমনিবাস হিসাব। আগামী ডিসেম্বরের মধ্যে প্রচলিত সব অমনিবাস হিসাব বন্ধের সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। গতকাল রোববার কমিশনের নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে এসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এসইসি জানিয়েছে, আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে সব মার্চেন্ট ব্যাংককে তাদের অমনিবাস গ্রাহকের হিসাব আলাদা বিও হিসাবে স্থানান্তর করতে হবে। প্রতিটি মার্চেন্ট ব্যাংককে তাদের নিজস্ব কাস্টডি বা হেফাজতকারী ডিপির (ডিপজিটরি পার্টিসিপেন্ট) মাধ্যমে এই বিও হিসাব খুলতে হবে। আর বিনা ফিতে সংশ্লিষ্ট গ্রাহকের শেয়ার ওই আলাদা বিওতে স্থানান্তর করতে হবে। অমনিবাস হিসাব হলো একটি বিও হিসাবের আড়ালে পরিচালিত অসংখ্য বিনিয়োগকারীর শেয়ার রক্ষণাবেক্ষণের হিসাব। মার্চেন্ট ব্যাংকগুলো প্রত্যেক গ্রাহকের বিপরীতে আলাদা বিও হিসাবের পরিবর্তে অমনিবাস হিসাবের মাধ্যমে তাদের গ্রাহকের শেয়ার রক্ষণাবেক্ষণ করে থাকে। এসইসি জানিয়েছে, ৩০ ডিসেম্বরই হবে অমনিবাস বাতিলের সর্বশেষ তারিখ। তবে কোনো বিনিয়োগকারীর কেনা শেয়ার, বোনাস ও রাইট শেয়ার সর্বশেষ তারিখের পর বিক্রয়যোগ্য বা বণ্টন করা হয়, তা হলে নির্ধারিত তারিখের পর ওই সব শেয়ার আলাদা বিও হিসাবে স্থানান্তর করা যাবে। প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মার্চেন্ট ব্যাংকগুলো তাদের বিনিয়োগকারীদের বিপরীতে স্বতন্ত্র বিও হিসাব খুলতে পারবে। যেসব তথ্য অসম্পূর্ণ অবস্থায় থাকবে, সেগুলো বিও হিসাব খোলার পরবর্তী এক মাসের মধ্যে সংযুক্ত করতে হবে। এ ছাড়া গ্রাহকের কেনা শেয়ার বা মিউচুয়াল ফান্ডের বিপরীতে যে লভ্যাংশ পাওয়া যাবে, তাও নিজ নিজ ডিপির মাধ্যমে গ্রাহকের স্বতন্ত্র বিও হিসাবে বণ্টন করতে হবে। শেয়ারবাজারের সাম্প্রতিক ধসের ঘটনা তদন্তে কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদের নেতৃত্বে গঠিত কমিটিও তাদের প্রতিবেদনে অমনিবাস হিসাব বন্ধের সুপারিশ করেছিল। কমিটির প্রতিবেদনে বলা হয়, প্রতিটি অমনিবাস হিসাবের বিপরীতে তিন থেকে ১০ হাজার পর্যন্ত গোপন হিসাব থাকে প্রতিটি মার্চেন্ট ব্যাংকের খাতায়। এ ধরনের হিসাবে অনৈতিক লেনদেন বেশি হয়েছে। এ কারণে কমিটি অমনিবাস হিসাবের আড়ালে থাকা সব ব্যক্তি হিসাবের জন্য আলাদা বিও হিসাব খোলার সুপারিশ করে। ওই প্রতিবেদনে আরও বলা হয়, বাজার পর্যবেক্ষণের যেসব প্রক্রিয়া এসইসি, ডিএসই ও সিএসইর রয়েছে, তার কোনোটাই অমনিবাস হিসাবের মাধ্যমে লেনদেন হওয়া শেয়ারের ক্ষেত্রে ব্যবহার উপযোগী নয়। এর ফলে এই ধরনের হিসাবের মাধ্যমে শেয়ারবাজার কারসাজি ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। তাই অমনিবাসের আড়ালে বিনিয়োগকারীর নির্দেশে পরিচালিত লেনদেনকে দৃষ্টিবহির্ভূত রাখার এই প্রবণতাকে আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে নিবৃত্ত করা একান্ত প্রয়োজন। কমিটির সুপারিশের ভিত্তিতে অমনিবাস হিসাব বন্ধের উদ্যোগ নেয় বর্তমান এসইসি। এরই ধারাবাহিকতায় অমনিবাস বন্ধের বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় সুপারিশের জন্য রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফায়েকুজ্জামানকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়। এই কমিটি গত মাসে এ-সংক্রান্ত প্রতিবেদন এসইসিতে জমা দেয়। তার ওপর আলোচনার পর গতকাল অমনিবাস হিসাব বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত নেয় এসইসি।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বর্তমানে বিভিন্ন মার্চেন্ট ব্যাংকের অমনিবাস হিসাবের মাধ্যমে দুই লাখের বেশি বিনিয়োগকারী শেয়ার ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন। এর মধ্যে আইসিবির রয়েছে লক্ষাধিক বিনিয়োগকারী। এসইসির বিদ্যমান আইনেও রয়েছে, প্রত্যেক মক্কেলের জন্য পৃথকভাবে বিও হিসাব সংরক্ষণ করতে হবে। কিন্তু আইনে থাকলেও এত দিন তা মানা হয়নি। এমনকি আইনের পরিপালনে নিয়ন্ত্রক সংস্থারও কোনো কঠোরতা ছিল না। জানতে চাইলে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মোহাম্মদ এ হাফিজ বলেন, ‘এর ফলে দীর্ঘদিন ধরে চলমান ভুল-বোঝাবুঝির অবসান হবে। এসইসির নির্দেশনা মেনে অমনিবাস হিসাবের পরিবর্তে আলাদা বিও হিসাব খোলার ব্যাপারে আমরা প্রস্তুত রয়েছি।’